একালের জমিদার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ বছর ধরে ঘোড়ায় চেপে চলাফেরা করছেন আবদুল কাদের
৩০ বছর ধরে ঘোড়ায় চেপে চলাফেরা করছেন আবদুল কাদের

পায়রা নদীর তীরে ঘন সবুজ বন। ম্লান বিকেলে, বন ঘেঁষে মেঠোপথ ধরে ধূলি উড়িয়ে ঘোড়ার পিঠে সওয়ার এক বৃদ্ধ টগবগিয়ে যাচ্ছিলেন দক্ষিণ দিকে। পাশেই খেলাধুলায় ব্যস্ত শিশুরা। খুরের শব্দ শুনে দাঁড়িয়ে বলাবলি করছিল, ‘জমিদার যাচ্ছে জমিদার...’। শিশুদের সঙ্গে কথা বলে জানা গেল, তিনি ‘জমিদার’ আবদুল কাদের। দক্ষিণ দিকে তিন কিলোমিটার পথের দূরত্বে বাসুকি গ্রাম। এই গ্রামেই থাকেন তিনি। কৌতূহলবশে জমিদারের পিছু নিই। বেশ খানিকটা দূর এগোতেই সাদা রঙের তেজস্বী ঘোড়ার লাগাম টানলেন জমিদার। বোঝা গেল, এটাই জমিদারের নিবাস। কিন্তু এই নিবাসে কোনো জৌলুশ নেই। বাড়ি বলতে ভাঙাচোরা দোচালা টিনের ঘর। চারপাশে কেবল দারিদ্র্যের মলিন চেহারা। 
চার শতক জমির ওপর বসতভিটা ছাড়া নিজের সম্পত্তি বলে কিছু নেই। তবু গ্রামের লোকজন তাঁকে জমিদার ডাকেন। কারণ, তিনি ৩০ বছর ধরে ঘোড়ার পিঠে চলেন। গ্রাম্য হাঁটে ছাতা, তালা মেরামত করে যে সামান্য আয়, তা দিয়ে স্ত্রীকে নিয়ে কোনোমতে সংসার চলে। তবু দারিদ্র্য নিয়ে মোটেই আক্ষেপ নেই তাঁর। বরং দিন-রাত হাসিখুশি এই মানুষটি খোলা মনে সবাইকে আনন্দ বিলান, যাওয়া-আসার পথে থেমে থেমে শিশুদের গল্প শোনান। বাজারে যান, মেয়ে ও অন্যান্য আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যান; এমনকি দূর-দূরান্তে ঘুরতে গেলেও যান ঘোড়ার পিঠে। দু-দুবার বিভাগীয় শহর বরিশাল ঘুরে এসেছেন। গিয়েছেন পর্যটনকেন্দ্র কুয়াকাটাসহ আরও অনেক দূরের পথ। বললেন, ‘সময় পাইলেই এখানে-ওখানে ঘুরি, ঘুরতে আমার ভালো লাগে, নতুন নতুন মানসের লগে পরিচয় অয়, কত্ত ভালো লাগে!’
বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাসুকি গ্রামের ৬৫ বছর বয়সী আবদুল কাদের চার ছেলে ও চার মেয়ের বাবা। ছেলেরা বিয়ে করে যে যাঁর মতো থাকেন। মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। স্ত্রী চান বরুকে নিয়ে তাঁর সংসার।
জমিজমা তাঁর কোনো দিনই ছিল না। এমনকি তাঁর পূর্ব পুরুষদেরও না। কেন সবাই আপনাকে জমিদার ডাকেন? এমন প্রশ্ন করলে প্রাণ খুলে হাসেন তিনি। বলেন, ‘জাগাজমি, টাকাপয়সা এইগুলারে যারা নিজের মনে করে, হ্যাগো মতন বোকা আর নাই। কারণ, মন যার জমিদার না, হে আবার কিসের মানুষ, কিসের জমিদার! মানসে আমারে যে জন্যই জমিদার ডাকুক, আমি কিন্তু আসলেই জমিদার। দ্যাহেন, আমার কোনো চিন্তা নাই, আক্ষেপ নাই; যা আয় করি, তা দিয়া বাজার-সওদা কইর্যা বাড়ি আই আর পথে পথে মানুষরে হাসাই, আনন্দ দিই।’
কীভাবে ঘোড়া তাঁর বাহন হলো, জানতে চাইলে আবদুল কাদের কিছুটা স্মৃতিকাতর হন। জানালেন, তিন ভাইয়ের মধ্যে মেজো তিনি। ১১ বছর বয়সে বাবাকে হারিয়েছেন। বাবার জমিজমা বলতে ছিল বাড়ির জমিটুকু। কামলা খেটে সামান্য আয় দিয়ে চলছিল না। এর মধ্যে বিয়েও করেছেন। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা তখন। একদিন এলাকার স্কুলশিক্ষক ফরিদ হোসেন বুদ্ধি দিলেন, তালা, টর্চলাইট, ছাতা মেরামতের কাজ শিখতে। এই কাজে যে যন্ত্রপাতি লাগে, তা কেনার জন্য কিছু টাকাও দিলেন। বরগুনায় গিয়ে এই কাজ শিখলেন কাদের। তারপর বরগুনা সদর, আমতলী, তালতলী উপজেলার বিভিন্ন বাজারে জীবিকার তাগিদে ছুটে বেড়ান। কিন্তু যে আয় হয়, এর সিংহভাগ চলে যায় যাতায়াতে।
১৯৮৪ সালের কথা। তালতলী উপজেলার প্রত্যন্ত লাউপাড়া হাটে গিয়ে দেখলেন এক ব্যক্তি ঘোড়ায় চড়ে বাজার করতে এসেছেন। তাঁর সঙ্গে কথা বলে জানলেন, ওই ব্যক্তি ঘোড়দৌড়ের জন্য বেশ কয়েকটি ঘোড়া পালন করেন। আবদুল কাদের ভাবেন, নিজের চলার জন্য একটি ঘোড়া কিনলে মন্দ হয় না। এতে অন্তত যাতায়াতের ব্যয় কমবে। হাটের সময় শেষ হলে কাদের ওই ব্যক্তির বাড়িতে যান এবং ঘোড়া কেনার আগ্রহের কথা জানান। কিন্তু কাদের তো ঘোড়ায় সওয়ার হতে পারেন না। অতঃপর তিন দিন ওই বাড়িতে থাকলেন। ঘোড়ায় চড়া শিখে, চার হাজার টাকায় একটি ঘোড়া কিনে তবেই বাড়িতে ফিরলেন। সবাই তো অবাক। এর পর থেকে ঘোড়ার পিঠে পথ চলেন আবদুল কাদের।
৩০ বছরে চারটি ঘোড়া বদল করেছেন। শুরুতে দুলি এরপর আদুরি ও রকেট আর বর্তমানে সাগর তাঁর প্রিয় বাহন হিসেবে আছে।