
বিশ্বাস
প্রেমের আদিম ও মূল ভিত্তি বললে বলতে হবে বিশ্বাসের কথা। বিশ্বাস ছাড়া প্রেম হয় নাকি? বিশ্বাসে মিলায় বস্তু (পড়ুন প্রেম), তর্কে বহুদূর। আপনি যদি আপনার সঙ্গীকে বিশ্বাসই করতে না পারেন তাহলে আর প্রেম করবেন কীভাবে? আর বিশ্বাসের অপর নাম হলো ফেসবুক পাসওয়ার্ড। আপনার একটি সফল প্রেম করতে হলে, বিশ্বাস করতে হবে আপনার প্রিয়জনকে। মানে ফেসবুকের পাসওয়ার্ড আপনার প্রেমিক-প্রেমিকাকে দিয়ে রাখতে হবে।
খাওয়া দাওয়া
প্রেমে খাওয়াদাওয়ার ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ। না, বাইরে গিয়ে খাওয়াদাওয়া নয়; বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘ভাত খাওয়া’। ফোনে হোক কিংবা মেসেজে, আপনার প্রেমিক-প্রেমিকাকে সে ভাত খেয়েছে কি না, এটা জিজ্ঞেস করতেই হবে। সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করুন, ভাত খেেলা কি না। দুপুরে জিজ্ঞাসা করুন, ‘বাবু, ভাত খাইছো?’ এমনকি রাতেও ঠিক একই প্রশ্ন করুন। দরকার হলে দিনে এর চেয়ে বেশিবার জিজ্ঞেস করুন (যতক্ষণ না সে বিরক্ত হয়)। এখানে ভাত আসলে মুখ্য নয়; বরং আপনি যে তার ‘কেয়ার’ করেন, এটাতে সেটাই প্রমাণ হবে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এক প্রেমিক-প্রেমিকা জুটির ব্রেকআপ হয়েছিল এই ‘ভাত খাওয়া’ ইস্যুতে! প্রেমিকার মন খারাপ থাকার কারণে সে ভাত না খেয়েও প্রেমিককে বলেছিল ভাত খেয়েছে; কিন্তু প্রেমিক সেটা ধরতে পারেনি। আর তাতেই ব্রেকআপ! অতএব সাবধান!
ভালোবাসার প্রকাশ
ভালোবাসবেন কিন্তু প্রকাশ করবেন না, তাহলে সেই ভালোবাসার দাম কী? চিন্তা করুন, এবার যে বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন, তিনি তাঁর সূত্র প্রকাশ না করলে কী নোবেল পেতেন? পেতেন না। আর আপনার ভালোবাসা নোবেলজয়ী সূত্রের চেয়ে কম কিছু নাকি? তাই আপনাকে ভালোবাসা প্রকাশ করতেই হবে। ফেসবুকে দৈনিক একটা করে অন্তত ‘তাকে’ ট্যাগ করে স্ট্যাটাস দিন (‘আমার জানুটা কত্ত ভালো!’—এই টাইপ)। আর বিশেষ বিশেষ দিনগুলোতে ‘তার’ সঙ্গে তোলা প্রোফাইল পিকচার আর কভার ফটো তো মাস্ট!