একুশ বছর বয়সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাড়ার ছেলেদের আবদার না রেখে পারলেন না মাহবুব হামিদ। ১০০ টাকা চাঁদা দিলেন, পরদিন শুক্রবার বগুড়া শহরের মাটিডালির বাসা থেকে রিকশা নিয়ে চলে গেলেন তিন-চার কিলোমিটার দূরের শিকারপুর গ্রামে। ছোটদের কি একটা ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলবে পাড়ার দল। ভ্যান ভাড়ার জন্য ১০০ টাকা চাঁদা নিয়ে শহরের প্লেন শিট ব্যবসায়ী মাহবুব হামিদকে সেই খেলা দেখারই দাওয়াত দিয়েছে ছেলেরা।জুমার দিন। নামাজ পড়ে পৌঁছাতে পৌঁছাতে একটু দেরিই হয়ে গেল। বিকেল তিনটার দিকে শিকারপুরের বানদিঘী স্কুলের মাঠে গিয়ে হতাশই হলেন মাহবুব হামিদ। ভাঙা হাট যেন! কিছু ছেলে জটলা করছে, খেলা-টেলা নেই। কে একজন এসে বলে গেল, ‘খেলা তো শেষ!’ এমন সময় বগুড়ার সাবেক এক ক্রিকেটার ডেকে নিয়ে গেলেন তাঁকে।—যে ছেলেটা আজ ম্যান অব দ্য ম্যাচ হলো ও কি আপনার ছেলে?মাহবুব হামিদ: কী জানি! আমি তো জানিই না আমার ছেলে এখানে খেলছে!—কী বলেন? আপনার ছেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে। দারুণ ব্যাট করে, ক্রিকেটের সব গ্রামার তার জানা! ওর কোচ কে?মাহবুব হামিদ: কোচ? ওর তো কোনো কোচ-টোচ নেই! টেলিভিশনে খেলা দেখে। বাসার সামনে টুকটাক খেলে।ছেলে পড়ে মাত্র ক্লাস ফোরে। তার জন্য আবার ক্রিকেট কোচ রাখবেন কি! আর ছেলে যে এই বয়সেই এত পাকা খেলোয়াড় হয়ে উঠেছে, সেটাই কি জানতেন বাবা? বাসার সামনের এক চিলতে জায়গায় ব্যাট-বল নিয়ে ঠুকঠাক করা তো আর খেলা না!মাহবুব হামিদ সাহেবের সেই ছেলেটাই আমাদের আজকের মুশফিকুর রহিম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার্থী।মুশফিকুরের বাবা বগুড়া জেলা দলের হয়ে ফুটবল আর ভলিবল খেলেছেন। খেলার নেশা কী, সেটা জানাই ছিল ভদ্রলোকের। আর ছেলেটাও তো অন্য ছেলেদের মতো নয়! খেলার জন্য পড়া কামাই, স্কুল ফাঁকি দেয়নি কোনো দিন। বাংলাদেশে যা হয়, খেলতে গেলেই এক শ একটা বাধা, মুশফিকুরের খেলার পথে পরিবার থেকে সে রকম বাধা কখনোই আসেনি। পরিবারের উৎসাহেই ক্লাস সেভেনে বিকেএসপিতে ভর্তি হলেন সর্বোচ্চ নম্বর পেয়ে। তারপর শুধুই সামনে তাকানোর পালা। একটা একটা করে হার্ডল পেরিয়ে যাওয়া।২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের নের্তৃত্ব দিয়েছেন। তার আগের বছর, মানে ২০০৫ সালে মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ড সফরে খেলেছেন বাংলাদেশ দলের হয়ে অভিষেক আন্তর্জাতিক ম্যাচ। এখন তো জাতীয় দলের অপরিহার্য সদস্যই! মাত্র ২১ বছর বয়সেই ব্যাটসম্যান মুশফিকুর নির্ভরতা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। একটা সেঞ্চুরিসহ ২১ টেস্টে রানের গড় ২৮.৯৪। ওয়ানডেতে সেটা ২৪.২৭, খেলেছেন ৬৯টা ম্যাচ। গ্লাভস হাতে অবশ্য উইকেটের পেছনে ছোটখাটো ভুল মাঝেমধ্যেই হচ্ছে। এ নিয়ে অতৃিপ্ত আছে মুশফিকুরেরও। ক্যাচ পড়া বা স্টাম্পিং মিস নিয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠলে মুশফিকুরের বিব্রতভাবটা স্পষ্টই চোখে পড়ে। মনে মনে হয়তো একটু ক্ষুব্ধও হন। নিজের ভুলটা তো নিজেই সবচেয়ে বেশি বঝুছেন, ভুলের জন্য অন্তর্জ্বালায় জ্বলছেন, অন্যের কাছ থেকে সেটা নিয়ে কথা শোনা তো কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো!এই জায়গাতে অনেকের তুলনায়ই ব্যতিক্রম মুশফিকুর রহিম। নিজের ভুলটা নিজেই খুব দ্রুত ধরতে পারেন বলে সেটা শোধরানোরও তাড়া থাকে তাঁর মধ্যে। বিকেএসপিতে, পরে জাতীয় দলেও মুশফিকুরের কোচ হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। মুশফিকুর কেমন ছাত্র জিজ্ঞেস করলেই তাঁর কাছ থেকে উত্তর পাবেন, ‘একজন কোচ চাইবে তাঁর প্রতিটা ছাত্রই যেন মুশফিকুর রহিমের মতো হয়।’ কথাটা খেলার প্রতি ছাত্রের একাগ্রতার কারণে।দোষই বলুন বা গুণ, মুশফিকুর রহিমের আরেকটা বৈশিষ্ট্য তিনি খুব জেদি। চার ভাই আর এক বোনের মধ্যে চার নম্বর। তবে পরিবারে তাঁর জেদের ‘শিকার’ প্রায় সবাই। একবার কোনোটাকে ‘না’ বলেছেন তো সেটাকে ‘হ্যাঁ’ করতে পারেনি কেউ। এমনও হয়েছে, ছোটবেলায় মুশফিকুরের সঙ্গে যার ঝগড়া হতো তার সঙ্গে কথা বলা ‘নিষিদ্ধ’ হয়ে যেত বাসার সবার। জেদটা এখনো আছে। তবে বয়সের সঙ্গে সঙ্গে জেদের ধরন আর ব্যবহার বদলেছে। এখন জেদটা বেশি করেন নিজের সঙ্গেই। কোচদের কেউ হয়তো একটু সমালোচনা করলেন। বললেন, ‘ওই শটটা ওভাবে মারলে কেন’ বা ‘এই ক্যাচটা তো তোমার নেওয়া উচিত ছিল...’, জেদি মুশফিকুরের কঠোরতা ফুটে ওঠে তখন। অভিমানে চোখের কোণে কখনো কখনো অশ্রু জমে। মুখে কিছু না বললেও ধরিয়ে দেওয়া ভুল শোধরানো পর্যন্ত তাঁর শান্তি নেই।বয়সের তুলনায় কি একটু বেশিই বড় মনে হচ্ছে মুশফিকুরকে? মোটও তা নয়। হোটেলে মুশফিকুরের রুমের পাশ দিয়ে হেঁটে যান, হয়তো আপনার কানেও ভেসে আসবে প্রানোচ্ছল কোনো তরুনের কণ্ঠ, ‘আমরা করব জয়...আমরা করব জয় এক দিন...।’