মেরিডিয়ান চিপস বিজয় দিবস অনূর্ধ্ব ১৫ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে একুশে ক্রিকেট একাডেমি সাত উইকেটে সাতকানিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষে জিতেছে। গত রোববার অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে সাতকানিয়া সাত উইকেটে নির্ধারিত ২০ ওভারে ১২৯ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৩৫ রান করে আসলাম। একুশে ক্রিকেট একাডেমির মুক্তাদির ৯ রান দিয়ে দুই উইকেট নেয়। জবাবে একুশে ক্রিকেট একাডেমি ১৮ দশমিক ৪ ওভারে সাত উইকেট হাতে রেখে ১৩০ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার এরশাদ সর্বোচ্চ ৪৯ রান করে। সে ম্যাচ সেরা হয়। দিনের অন্য খেলায় রিচ প্লেম্যাক্স ব্রাদার্স ছয় উইকেটে জেডিসি উদীয়মানকে হারিয়েছে। প্রথমে ব্যাট করে জেডিসি ১৭ দশমিক ৪ ওভারে ১২৭ রানে অলআউট হয়। সাইদুল সর্বোচ্চ ৩১ রান করে। জয়নাল আবেদিন ২৫ রান দিয়ে চার ও রাব্বি ১৮ রান দিয়ে তিন উইকেট নেয়। জবাবে রিচ ব্রাদার্স চার উইকেট হারিয়ে ১২৮ রান করে। ইরফান সর্বোচ্চ ২৮ রান সংগ্রহ করে। ম্যাচ সেরা হয় জয়নাল আবেদিন। পাইওনিয়ার ফুটবল: চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত ইস্পাহানি পাইওনিয়ার ফুটবল লিগের রোববারের খেলায় মির্জাপুর বৌদ্ধ সংঘ ও চট্টগ্রাম ঝর্না স্টার ক্লাব টাইব্রেকারে জিতেছে। দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় ঝর্না স্টার ৪-১ গোলে টাইব্রেকারে নবদিগন্ত ক্লাবকে হারিয়েছে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র ছিল। দিনের অপর খেলায় একতা সংঘ টাইব্রেকারে ৪-২ গোলে রামপুর উদীচী ক্লাবকে হারিয়েছে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ছিল। নব প্রজন্ম সংঘ ব্যাডমিন্টন: পাহাড়তলীর সরাইপাড়ায় নব প্রজন্ম সংঘের আয়োজনে তৃতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট শেষ হয়েছে। এতে উপহার দলের মিন্টু-রিপন জুটি চ্যাম্পিয়ন হয়েছে। এতে মহানগর ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।