একুশে লড়াইয়ের শপথ
বাঙালির সংগ্রামের অনুপ্রেরণা বায়ান্নর একুশে ফেব্রুয়ারি। এবারের একুশ এল আরেক চেতনার প্রদীপ হাতে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিলেন তরুণেরা।একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। হাজার হাজার নারী, পুরুষ ও শিশু-কিশোর সমবেত হয় ভাষাশহীদদের স্মরণে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী...’ গানে শ্রদ্ধা জানানো হয়। তারপর তারুণ্যের কণ্ঠে লড়াইয়ের ঘোষণা। স্লোগান ওঠে: ‘স্বাধীনতার বাংলায় যুদ্ধাপরাধীদের ঠাঁই নাই’, ‘রফিক-জব্বার শিখিয়ে গেছে, কেমন করে লড়তে হবে’, ‘আমাদের ধমনিতে শহীদের রক্ত, এ রক্ত কোনো দিনও পরাজয় মানে না’—এসব স্লোগানের পাশাপাশি ওঠে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান। একুশের প্রথম প্রহরেই শহীদ মিনারে আসেন বিভিন্ন রাজনীতিবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বুদ্ধিজীবী, শিক্ষক, শিল্পী, সংগঠক, নারী, শিক্ষার্থী ও শ্রমজীবী। ভোর হতেই বাড়তে থাকে মানুষের ঢল। দীর্ঘ থেকে দীর্ঘ হতে থাকে মানুষের সারি। ভোর গড়িয়ে দুপুর পর্যন্ত শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন ও মানুষ। স্কুলের পোশাক পরে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসতে থাকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বাবা-মায়ের কোলে চড়ে আসতে থাকে শিশুরা। শহীদদের শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন সংগঠন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। মশাল মিছিলের আয়োজন করেন তরুণেরা। মিছিলে অংশ নেওয়া তরুণ শাহাদাত হোসেন বলেন, ‘এ মিছিল তারুণ্যের চেতনার মিছিল। নতুন প্রজন্ম আজ জেগে উঠেছে। একুশ দিয়েছে নতুন করে বেড়ে ওঠার স্বপ্ন। নতুন করে লড়াইয়ের সাহস। এ লড়াই কলঙ্কমুক্ত বাংলাদেশ গড়ার লড়াই।’ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব মিছিল সমবেত হয় চট্টগ্রাম প্রেসক্লাবের গণজাগরণ মঞ্চে। প্রতিদিনের মতো স্লোগান ওঠে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ফাঁসির দাবিতে। একুশের গানে, স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। তরুণেরা গণজাগরণ মঞ্চের আশপাশে নির্মাণ করে শহীদ মিনার। ফুলে শোভিত এসব অস্থায়ী শহীদ মিনার সামনে রেখে তাঁরা শপথ নেন নতুন লড়াইয়ের। গান ধরেন: ‘এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে’।