
একই সঙ্গে বেশ কিছু লিটল ম্যাগ বের হচ্ছে। একুশে সংকলন। বের হচ্ছে ১ ফেব্রুয়ারি। ওই দিনই একই সঙ্গে সব কটি সংকলনের মোড়ক উন্মোচন করা হবে। চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরগুনা, পটুয়াখালী, ড্যাফোডিল ইউনিভার্সিটিসহ আরও বেশ কয়েকটি বন্ধুসভা এই সংকলন বের করছে। অন্যান্য বন্ধুসভাও এই কর্মসূচিতে যোগ দিতে পারে। আমরা চাই এবার সর্বোচ্চসংখ্যক একুশে সংকলন বের হোক। ইতিমধ্যে বন্ধুরা এ ব্যাপারে তৎপর হয়ে পড়েছেন।
একুশে সংকলন যেসব বন্ধুসভা বের করতে পারবে না, তাদের প্রতি অনুরোধ, তারা যেন ভাঁজপত্র অথবা দেয়ালিকা প্রকাশ করে। ওই দিনেই এটা যেন তারা প্রকাশ করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এটা আমাদের ২০১৫ সালের সাধারণ কর্মসূচি।
এর পাশাপাশি থাকবে ২১ ফেব্রুয়ারি সারা দেশে সব কটি বন্ধুসভার কার্যক্রম। ছোট আকারে হোক, বড় আকড়ে হোক দিবসটি পালন করতে হবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে হবে। দিবসটি ঘিরে অনেক বন্ধুসভা ফেব্রুয়ারি মাসে একাধিক আয়োজন করে থাকে। লেখা পাঠের আসর, পাঠচক্র, কবিতা পাঠের আসর ইত্যাদি। এবারও এ রকম আয়োজন থাকছে।
বরাবরের মতো এবারও প্রত্যেক বন্ধু ফেব্রুয়ারি মাসে অন্তত একটি করে বই কিনবেন। বইটি উপহার দেবেন আরেক বন্ধুকে। পরস্পরের মধ্যে বই উপহার দেওয়ার বিষয়টি অবশ্যই থাকবে। এর বাইরেও কত কিছুই থাকতে পারে। বন্ধুরা, অনেক আগেই কর্মসূচি ঘোষণা করা হলো। সব বন্ধুসভার আয়োজন সফল হোক।
নির্বাহী সভাপতি
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ