একুশের তীর্থযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা সবাই এসেছিলেন। হাজারে হাজারে, লাখে লাখে শহীদ মিনারের সম্মুখে। বুকে হু হু ভালোবাসা, মুখে শোকের সংগীত। বাঙালি এসেছেন, আদিবাসী এসেছেন, এসেছেন ভারতীয় কি জার্মান। বাংলার প্রতি বাঙালির বুকভরা ভালোবাসার স্পর্শে তাঁদের হূদয়েও নতুন করে জেগেছে মাতৃভাষার প্রতি টান। তাঁরা বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশের শহীদ মিনার হয়ে উঠেছে মাতৃভাষার সর্বজাতীয় তীর্থকেন্দ্র। তাঁরা এলেন এবং যাওয়ার আগে বলে গেলেন, ‘আবার আসিব ফিরে...।’ তাই জার্মান নাগরিক ন্যান্সি উইমার যখন বলেন, ‘আমি বাকরুদ্ধ। এখানে এসে নিজের মাতৃভাষাকে আরও গভীর শ্রদ্ধার সঙ্গে উপলব্ধি করছি।’ এখন বোঝা যায়, এটাই একুশের সার্থকতা। বিশ্বে আর কোনো সেক্যুলার সাংস্কৃতিক প্রতীক এত বেশি সংখ্যায় এত বেশি মানুষের শ্রদ্ধা আর সম্মান পায় না। পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন একদল লেখক ও পেশাজীবী। গত বছরও এ রকম এসেছিলেন আরেক দল ভারতীয়। তাঁদের চোখে দেখা একুশ অন্য মাত্রা পায়, ‘তীর্থযাত্রীর যে অনুভূতি হয় আজ আমার সে রকম অনুভূতি হচ্ছে।’ তাঁরা বুঝিয়ে দিলেন, বিশ্বের বহু দেশে বাংলাভাষীরা থাকলেও ‘বাংলার শক্তি বাংলাদেশ। এ দেশই বাংলার মাতৃভূমি।’ একুশ আজ বিশ্বায়িত। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্বের অনেক দেশেই মাথা তুলেছে ও তুলছে বাংলা ভাষার শহীদদের স্মৃতির মিনার। বিশ্বে সম্ভবত আর কোনো সেক্যুলার স্থাপত্য এত বেশি সংখ্যায় প্রতিষ্ঠিত নয়। কিন্তু বাংলা ভাষার মাতৃভূমিতে আজও বাংলা সংকুচিত। সর্বস্তরে বাংলা আজও প্রচলিত নয়। বাংলাদেশের আদিবাসীদের মাতৃভাষা এখনো সাংবিধানিকভাবে স্বীকৃত নয়। এখনো উচ্চস্তরে ইংরেজির দাপটে বাংলা এক কোণে দাঁড়িয়ে। একুশের তীর্থভূমিতে কেন এ রকম, সেই প্রশ্নই কি করছে না দেশজুড়ে ছড়ানো শহীদ মিনারগুলো? ফারুক ওয়াসিফ