একুশের প্রথম প্রহরে হট্টগোল বোমাবাজি
ফেনীর সোনাগাজী উপজেলা সদরের অমর একুশের শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় ব্যাপক হট্টগোল ও বোমাবাজির ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, অমর একুশের শহীদদের স্মরণে সোনাগাজী উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক দেওয়ার জন্য আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা প্রথম প্রহরে সমবেত হন। একপর্যায়ে কে কার আগে পুষ্পস্তবক অর্পণ করবেন এ নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। এ সময় কয়েকজন যুবক ফেনী-৩ আসনের সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেনকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করেন। এর মধ্যে তিনিসহ বিএনপির নেতা-কর্মীরা কোনো রকমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে সেখান থেকে সরে যায়। এ সময় শহীদ মিনারের অদূরে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ হয়। এতে অনেকেই ভীতসন্ত্রস্ত হয়ে পুষ্পস্তবক না দিয়ে ফিরে যান। রাতে কিছু অজ্ঞাত যুবক শহীদ বেদির সব ফুল ছিঁড়ে ফেলে দেয়। এ প্রসঙ্গে স্থানীয় বিএনপির একাধিক নেতা-কর্মী স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের একাংশকে দায়ী করেন।সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আরেফিন হট্টগোল ও বোমাবাজির ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ঘটনা ঘটিয়েছে বহিরাগত কিছু যুবক। স্থানীয় ছাত্রলীগ যুবলীগ এ ঘটনায় জড়িত নয়।’ সোনাগাজী থানার উপপরিদর্শক জুলুস খান পাঠান বলেন, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে হট্টগোল ও বোমাবাজির কথা শুনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।