
বিজয় শপথের পর এবার একুশের শপথ। সারা দেশের বেশ কিছু বন্ধুসভার বন্ধুদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা রাজি হয়েছেন এ শপথ গ্রহণ করতে। বাংলা ভাষাকে শুদ্ধ করে বলতে পারা। শুদ্ধ করে লিখতে পারা। এটা হবে একুশের শপথের প্রথম অংশ। দ্বিতীয় অংশে থাকবে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিকে গুরুত্ব দেওয়া। এবং শেষ অংশে থাকবে অন্য সব ভাষার প্রতি সম্মান প্রদর্শন।
শপথটা সাজালে এমন হতে পারে, ‘আমি বাংলা ভাষাকে শুদ্ধ করে বলব। শুদ্ধ করে লিখব। এ ভাষার সম্মান রক্ষা করব। প্রয়োজনে ইংরেজি ভাষাও আমি শিখব। এবং অন্য সব ভাষাকে আমি সম্মান করব। এটাই আমার একুশের শপথ।’
এ শপথ শুরু হবে আগামী ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এ শপথের পাশাপাশি থাকবে স্বরচিত ছড়া, কবিতাপাঠ। একুশের সংকলন অথবা দেয়ালিকা প্রকাশ। আবৃত্তি, গান, নাটিকা মঞ্চস্থ করা।
এর পাশাপাশি থাকছে বন্ধুসভা বইমেলা। প্রতিটি বিভাগীয় শহরে হবে একক অথবা যৌথ বইমেলা। গত বছর রাজশাহী বন্ধুসভা প্রমাণ করেছে বইমেলা করা সম্ভব। বইমেলা হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে সব বিভাগীয় শহরের বন্ধুদের সঙ্গে কথা হয়েছে। তাদের মানসিক প্রস্তুতি রয়েছে।
আমাদের অনুরোধ থাকবে যাঁরা বন্ধুসভার সঙ্গে যুক্ত, তাঁরা ফেব্রুয়ারি মাসে অন্তত একটি করে বই কিনবেন। পরস্পরকে বই উপহার দেবেন। বিভাগীয় শহর ছাড়াও স্থানীয়ভাবে আয়োজিত বইমেলায় অংশ নেয় পাবনা, পঞ্চগড় ও রাজবাড়ী বন্ধুসভা। এ সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
আমরা ফেসবুক পেজে ঘোষণা দিয়েছি, বন্ধুসভার কবি-লেখকদের বইয়ের প্রচ্ছদ ফেসবুক পেজে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এর মধ্যেই তাঁদের বইয়ের প্রচ্ছদ পাঠাতে শুরু করেছেন। আমরা বন্ধুসভার পাতায়ও বইয়ের প্রচ্ছদ প্রকাশ করব।
সারা দেশের প্রতিটি বন্ধুসভা স্থানীয় শহীদ মিনার পরিষ্কার করবে। এই কর্মসূচি পালিত হবে ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
ঢাকা মহানগরসহ বেশ কিছু বন্ধুসভা আয়োজন করতে যাচ্ছে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার। এটা শুরু হতে যাচ্ছে ১ ফেব্রুয়ারি থেকে।
আমাদের আশা, সব বন্ধুসভা একুশের শপথের আয়োজন করবে। এবারই আমরা পরিকল্পিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে যাচ্ছি। নিশ্চয় আমাদের এ উদ্যোগ সম্পূর্ণ সফল হবে।
সভাপতি
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ