একে অপরকে দুষছে দুই পক্ষ
পার্বত্য চুক্তির ১৪তম বর্ষপূর্তি আগামী ২ ডিসেম্বর। ১৪ বছর পরও এই চুক্তি বাস্তবায়িত না হওয়ায় চুক্তিতে স্বাক্ষরকারী দুই পক্ষ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে মতপার্থক্য বাড়ছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের দাবি—সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে আন্তরিক। অপরদিকে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার অভিযোগ, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চুক্তির একটি ধারাও বাস্তবায়ন করেনি।গত শুক্রবার রাঙামাটিতে এক সংবাদ সম্মেলনে দীপংকর তালুকদার বলেন, ভূমি সমস্যা পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা। চুক্তির আওতায় কেবল ভূমি সমস্যার সমাধান হয়নি। এটি ছাড়া চুক্তির বেশির ভাগ ধারাই বাস্তবায়িত হয়েছে। বিগত বিএনপি সরকারের তিন বছর আর তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর—এ পাঁচ বছর চুক্তি বাস্তবায়নের কাজ এগোয়নি। বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসে চুক্তি বাস্তবায়নের কাজ আবার শুরু করেছে। অপরদিকে, গত শনিবার রাঙামাটিতে জ্যোতিরিন্দ্র বোধি-প্রিয় (সন্তু) লারমা সাংবাদিকদের বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রায় তিন বছর সময়ে পার্বত্য চুক্তির একটি ধারাও বাস্তবায়ন করেনি। কেবল পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান ও কমিটির পুনর্গঠন করা হয়েছে। কিন্তু চুক্তি বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি।চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত-হানাহানি বাড়ছে বলে মনে করেন সুশীল সমাজের নেতারা। চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ানসহ সুশীল সমাজের নেতারা আঞ্চলিক দলগুলোর ভ্রাতৃঘাতী সংঘাত যেকোনোভাবে বন্ধ করার কথা বলছেন।এই দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন, মিছিল-সমাবেশ, ধর্মীয় প্রার্থনা হচ্ছে। কিন্তু কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।সংশ্লিষ্ট দলগুলোর তথ্য অনুযায়ী, ভ্রাতৃঘাতী সংঘাতে এ বছর ৩১ জন রাজনৈতিক কর্মী প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন জনসংহতি সমিতির ১১ জন, ইউপিডিএফের ১৬ জন এবং জনসংহতি সমিতির (এম এন লারমা) চারজন। রাজনৈতিক দলের সক্রিয় কর্মী ছাড়াও নিহত ব্যক্তিদের তালিকায় সাধারণ লোকজনও আছে।তবে সংঘাত বেড়ে যাওয়ার ঘটনার জন্য আধিপত্য বিস্তারের রাজনীতি দায়ী বলে মনে করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। পার্বত্য চুক্তির বাস্তবায়নের সঙ্গে এসবের সম্পর্ক নেই বলে তিনি মনে করেন।কিন্তু জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা মনে করেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় এ ধরনের সংঘাতে হানাহানি বাড়ছে। পার্বত্য সমস্যা সমাধানের জন্য পার্বত্য চুক্তি হয়েছে। চুক্তি বাস্তবায়ন হলে এসব বন্ধ হবে বলে তিনি মনে করেন।জনসংহতি সমিতির অনমনীয় মনোভাবের জন্য চুক্তি বাস্তবায়ন ধীরগতিতে হচ্ছে বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। দীপংকর তালুকদার বলেন, চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তির পক্ষের দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজন। কিন্তু একটি পক্ষের অনমনীয় মনোভাবের কারণে চুক্তি বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।এ প্রসঙ্গে সন্তু লারমা বলেন, আওয়ামী লীগের সঙ্গে জনসংহতি সমিতির দূরত্ব বাড়া বা কমার কোনো কারণ নেই। কারণ, এ দুটি দলের নীতি, আদর্শ ভিন্ন। তবে চুক্তিকে নিয়ে কিছুটা ঘনিষ্ঠতা হয়েছিল। তবে বর্তমানে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও চুক্তিবিরোধী। চুক্তির পক্ষের বলে দাবি করলেও আওয়ামী লীগের কর্মকাণ্ডে তার প্রমাণ নেই।