একে একে বন্ধ হচ্ছে চালকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ লোডশেডিংয়ে সীতাকুণ্ডের চালের ব্যবসায় মন্দা নেমে এসেছে। উপজেলার ৬০টি চালকলের মধ্যে সাতটি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পথে আরও ২৫টি। ফলে এসব চালকলে কর্মরত প্রায় ৩০০ শ্রমিক বেকার হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, উপজেলায় বিদ্যুতের মোট চাহিদা ১২১ মেগাওয়াট। মিলছে মাত্র ৩৯ মেগাওয়াট। ফলে চাহিদা থাকলেও তা মেটানো সম্ভব হচ্ছে না বলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।বারৈয়াঢালা ইউনিয়নের চালকলমালিক নান্টু দত্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আমরা অতিষ্ঠ। কলে পর্যাপ্ত ধান মজুদ থাকলেও লোডশেডিংয়ের কারণে ধান ভাঙানো যাচ্ছে না। ফলে চাল কিনতে এসে ফিরে যাচ্ছেন পাইকারেরা। এতে ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে।’নান্টু দত্তের মতো বিদ্যুতের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন সীতাকুণ্ডের ৬০টি চালকলের মালিক। ইতিমধ্যে সাতটি চালকল বন্ধ করে দিয়েছেন মালিকেরা। আরও ২৫টি বন্ধ হওয়ার পথে। উপজেলা চালকল মালিক সমিতি সূত্রে জানা গেছে, বাঁশবাড়িয়া, শীতলপুর, সৈয়দপুর, বাড়বকুণ্ড ও বারৈয়াঢালা ইউনিয়নে ছোট-বড় প্রায় ৬০টি চালকল রয়েছে। এসব কল থেকে প্রতিদিন গড়ে চার হাজার মণ চাল উৎপাদিত হয়। কিন্তু দুমাস ধরে এসব কলে রাত-দিন মিলিয়ে বিদ্যুৎ মিলছে গড়ে দু-তিন ঘণ্টা। উৎপাদন না হলেও শ্রমিকদের মজুরি ঠিকই পরিশোধ করতে হচ্ছে। ক্ষেত্রবিশেষে অনেক শ্রমিকের মজুরি বকেয়া থেকে যাচ্ছে। অবস্থার উন্নতির লক্ষণ না দেখে অনেকে শ্রমিকদের অপেক্ষায় না রেখে বিদায় করে দিয়েছেন। এতে বিশেষ করে আর্থিক অনটনে পড়ছেন নারীশ্রমিকেরা। বিভিন্ন চালকলে দেখা যায়, নারীশ্রমিকেরা অলস দিন পার করছেন। বারৈয়াঢালা রাইস মিলের কাজ হারানো শ্রমিক খাদিজা বেগম বলেন, ‘কাজ না থাকায় খুবই কষ্টে দিনযাপন করতে হচ্ছে। অনেক দেনা হয়েছে। এখন ধার চাওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না।’ বাঁশবাড়িয়া শাহীন চালকলের মালিক শাহীনুর রহমান অভিযোগ করেন, সীতাকুণ্ড-মিরসরাই পল্লিবিদ্যুৎ সমিতি-৩-এর আওতাধীন সীতাকুণ্ড উপকেন্দ্রের চারটি ফিডার থেকে বারৈয়াঢালা ইউনিয়নের ছোটদারোগার হাট, বড়দারোগারহাট, ফরহাদপুর ও বাড়বকুণ্ড ইউনিয়নের ২৭টি চালকলে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব এলাকায় রাত-দিন মিলিয়ে দুই-এক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। এ সামান্য বিদ্যুৎ দিয়ে চালকলগুলো চালু রাখা সম্ভব নয়। বাধ্য হয়ে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। তবে শিগগির বিদ্যুৎ আসবে—এমন আশায় অনেক কলমালিক প্রতিদিন কয়েক শ শ্রমিককে বসিয়ে রেখে বেতন দিচ্ছেন। চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর আলম প্রথম আলোকে বলেন, ‘নিয়মিত বিদ্যুৎ সরবরাহের জন্য বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বর্তমানে ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদের টাকা নিয়ে দুশ্চিন্তায় আছেন চালকল মালিকেরা।’ মিরসরাই-সীতাকুণ্ড পল্লিবিদ্যুৎ সমিতি-৩-এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সামিউল হক জানান, সীতাকুণ্ডে পল্লিবিদ্যুতের গ্রাহকদের জন্য ৫৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলছে মাত্র ১৭ মেগাওয়াট। অপরদিকে ফৌজদারহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) নির্বাহী প্রকৌশলী শেখ মো. আলাউদ্দিন জানান, বিউবোর আওতাধীন গ্রাহকদের বিদ্যুৎ প্রয়োজন ৬৫ মেগাওয়াট। পাওয়া যায় মাত্র ২২ মেগাওয়াট। এ কারণে ঘন ঘন লোডশেডিং হচ্ছে।