অলি আমার বন্ধু। ‘পরের মাসেই পাবি’ বলে হাজার ছয়েক টাকা ধার করেছিল মাস ছয়েক আগে। টাকা ফেরত পাওয়া তো দূরে থাক, তার টিকিটার দর্শনও পাচ্ছি না।
ও বাসায় আছে এমন খবর পেয়ে একদিন ওর বাসায় হানা দিলাম; ক্যাঁক করে ঘাড়টা ধরার আশায়। দোরঘণ্টি বাজাতেই আন্টি দরজা খুলে আমাকে দেখে একগাল হেসে জানালেন যে তাঁর সুপুত্র রুমেই ছিল এতক্ষণ, এইমাত্র ছাদে গেছে কাপড় মেলতে, এক্ষুনি চলে আসবে। সেই সঙ্গে আমাকে অনুরোধ করে বললেন, ‘বাবা সৌরভ, আমি একটু পাশের বিল্ডিংয়ে যাচ্ছি, তোমার বন্ধু এক্ষুনি চলে আসবে ছাদ থেকে, ততক্ষণ তুমি একটু বসো।’
আন্টির কথায় ডিমে তা দেওয়ার মতো সোফায় বসে পড়লাম। বেশ কিছুক্ষণ কেটে গেল, অলির দেখা নেই। ও যে ছাদে ভেজা কাপড় মেলতে গেছে, সেটা বিশ্বাস হয় না। অনেক বছর ধরেই ওর বাসায় আমার যাতায়াত, তাই জানি যে বাসার কাজ করার মতো অতটা লক্ষ্মী ছেলে সে কোনো কালেই ছিল না। সন্দেহ উঁকি দিল মনে, আমাকে আসতে দেখে ও আবার কাপড় মেলার নাম করে পালিয়ে গেল না তো? হতেও পারে, ওর ওপর সেই বিশ্বাস আছে আমার।
১৫-২০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও যখন ওর রুমে আসার কোনো লক্ষণই পেলাম না, তখন বিশ্বাসটা গাঢ় হলো। সে ঠিকই ফাঁকতালে সটকে পড়েছে! আমিই বা কী করি, এভাবে বাসা ফাঁকা রেখে তো চলে যাওয়া যায় না। আন্টি না আসা পর্যন্ত অন্তত থাকতেই হবে।
কিছুক্ষণ পর হঠাৎ দোরঘণ্টি বাজল। দরজা খুলে দেখি, এক ভদ্রমহিলা। জিজ্ঞেস করলাম, ‘কাকে চাইছেন?’ উত্তরে বললেন, ‘টু-লেট দেখলাম, আপনি কি বাড়িওয়ালা?’
আমি ভালো করেই জানি, বাড়িওয়ালা থাকেন তিনতলায়। টু-লেট বোর্ডে পরিষ্কার করে লেখা আছে, ‘যোগাযোগ করুন তিনতলায়’৷ কিন্তু ভদ্রমহিলা ভুলে এসে পড়েছেন দোতলায়, অলিদের ফ্ল্যাটে। বিরক্ত লাগল একটু, তাঁকে তিনতলার ঠিকানা ধরিয়ে দিতে গিয়ে হঠাৎ একটা বদ বুদ্ধি খেলে গেল মাথায়। মনে মনে শয়তানি একটা হাসি দিয়ে ভদ্রমহিলাকে উত্তর দিলাম, ‘জি, তারপর বলুন।’
: কোন ফ্ল্যাট ভাড়া হবে?
: এটাই।
: মানে?
: মানে আবার কী? এই ফ্লাটই ভাড়া হবে।
: তাহলে আপনারা থাকবেন কোথায়?
: আমরা তিনতলায় উঠে যাচ্ছি, তাই এটা ভাড়া দিয়ে দেওয়া হবে। ভেতরে এসে ফ্ল্যাট দেখেন, পছন্দ হলে কালকেই উঠে যাবেন।
ভদ্রমহিলা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, ‘ভাড়া কত?’
: ছয় হাজার!
: মাত্র ছয় হাজার টাকা?
: জি, মাত্র ছয় হাজার।
ভদ্রমহিলা যেন আনন্দে কেঁদে ফেলবেন। ঢাকা শহরে এ রকম ফ্ল্যাট ১০ হাজারের নিচে ভাবাও অসম্ভব, সেখানে মাত্র ছয় হাজার টাকা! সুযোগ হাতছাড়া করা যাবে না ভেবেই হয়তো ভদ্রমহিলা বললেন, ‘তাহলে ফ্ল্যাট খালি হচ্ছে কবে?’
: আপনি বললে আজই।
: না না, আজ নয়। আমরা পরশু উঠব।
: আপনার যেমন ইচ্ছা।
: তাহলে কি অ্যাডভান্স দিতে হবে? দিতে হলে কত?
: এস মাসের অ্যাডভান্স দিলেই হবে৷
ভদ্রমহিলা ব্যাগ থেকে টাকা বের করে দিয়ে বললেন, ‘তাহলে আপনার নাম আর মোবাইল নম্বরটা লিখে দেন, পরশু আপনাকে ফোন করে মালপত্র নিয়ে এসে উঠে পড়ব। ঠিক আছে?’
আমি হাসিমুখে বললাম, ‘আমার নাম অলি, আর আমার নম্বর হলো...’ বলে আমি অলির নম্বর দিয়ে দিলাম।
ভদ্রমহিলা বিদায় নিলেন। অলির কোনো পাত্তা নেই। বুঝলাম, সে আসলেই ভেগেছে। আপাতত অলির পাত্তা পাওয়ার আর কোনো দরকার আছে বলে মনে করছি না। যে কাজে এসেছিলাম, সেটা তো হয়ে গেছে। অলি আপাতত আর বাসায় ফিরছে না, এটা পরিষ্কার। আন্টি আসুক, আমি তাঁকে বাসা বুঝিয়ে দিয়ে বিদায় নিতে পারলেই বাঁচি। একেই বোধহয় বলে, উমমম... কী যেন বলে!