একেই বলে ড্রাইভার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>খবর: গত বৃহস্পতিবার বাসা থেকে শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান মাশরাফি বিন মুর্তজা। দুই হাতে আঘাত পেলেও বড় ধরনের বিপদের হাত থেকে বেঁচে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। (সূত্র: প্রথম আলো, ৪ জুন ২০১৫)
.
.

‘দেখি, আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখি।’ ড্রাইভারকে নির্দেশ দিলেন ট্রাফিক পুলিশ।
ড্রাইভার কালাম ভয়ে ভয়ে বলল, ‘কিন্তু স্যার, আমি তো খুব সাবধানে চালাইতেছি। বেআইনি কোনো কিছু তো করি নাই।’
ট্রাফিক পুলিশ রহস্যের ভঙ্গিতে বললেন, ‘সে জন্যই তো সন্দেহ হচ্ছে!’
সেই কালাম ড্রাইভার আরেক দিন এক ট্রাফিক পুলিশের হাতে আটক হলো। গলা উঁচু করে পুলিশ বলল, ‘খুব এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিলে, দেখলাম। লাইসেন্স আছে?’
ড্রাইভার কালাম বলল, ‘জি, আছে স্যার।’ হেলপার তো অবাক, ‘কন কী ওস্তাদ? আপনে লাইসেন্স করাইলেন কোন দিন?’
হেলপারকে চোখ রাঙানি দিল কালাম। ট্রাফিক পুলিশ জিজ্ঞেস করলেন, ‘গাড়ির হেডলাইটও দেখি ভাঙা। ঘটনা কী?’ কালাম অবাক হওয়ার ভান করে বলল, ‘কই, দেখি নাই তো! আসার পথে হইল নাকি!’ এবারও হেলপার বাগড়া দিল, ‘কন কী, ওস্তাদ? হেডলাইট তো কবে থেইকা ভাঙা!’ সহ্যের সীমা অতিক্রম করেছে, তাই হেলপারের গালে মৃদু একটা চড় কষাল ড্রাইভার কালাম। ট্রাফিক পুলিশ ‘চড়াহত’ হেলপারের প্রতি সমব্যথী হয়ে গর্জে উঠলেন, ‘ড্রাইভার কি সব সময় তোমার সঙ্গে এমন বাজে ব্যবহার করে?’ হেলপার গালে হাত বোলাতে বোলাতে বলল, ‘না, বস, শুধু কাঁচা ঘুম ভাঙলে এমন করে!’
সেদিনের মতো জরিমানা দিয়ে টিয়ে স্ট্যান্ডে এসে বাস রাখল ড্রাইভার কালাম। হেলপারও বাস থেকে নেমে এল। হঠাৎ বাসের চাকার দিকে চোখ পড়তেই বলল, ‘ওস্তাদ, চাকাটা পাংচার হইল ক্যামনে!’ কালাম ড্রাইভার নির্লিপ্ত গলায় জবাব দিল, ‘একটা কাচের বোতল চাকার নিচে পইড়া ভাইঙা গেছিল, হের লাইগাই মনে হয়।’

ততক্ষণে বাসস্ট্যান্ডের ম্যানেজার সেখানে হাজির। বাসের চাকার দিকে তাকিয়ে কালামকে জিজ্ঞেস করলেন, ‘গাড়ি চালানোর সময় তর চোখ কই থাকে? একটা আস্ত বোতল চাকার নিচে পড়ল, আর তুই কিছুই টের পাইলি না!’ কালাম পিচিক করে থুতু ফেলে বলল, ‘বোতল দেখুম ক্যামনে! চাকার নিচে এক ব্যাটা আইসা পড়ছিল! বোতলটা ছিল ওই ব্যাক্কল ব্যাটার পকেটের ভিত্রে। আমার কী দোষ!’