একেই বলে বন্ধুত্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুত্বের ৫০ বছর: একই রকম পোশাকে দুই পরিবারের সদস্যরা। ছবি: জামিল আক্তার
বন্ধুত্বের ৫০ বছর: একই রকম পোশাকে দুই পরিবারের সদস্যরা। ছবি: জামিল আক্তার

বয়স্ক দুই ভদ্রলোক ‘ম্যাচ’ করে পাঞ্জাবি পরেছেন, তাতে কি আপনার হাসি পাচ্ছে? অপেক্ষা করুন একটু। তাঁদের পারিবারিক ছবিটিও দেখে নিন। বুঝতেই তো পারছেন, ২ পরিবারের ছেলেমেয়েরাও পোশাক পরেছে মিলিয়ে। মায়েরাও তাই। তার মানে এমন কিছু একটা ঘটছে এই দুই পরিবারের মধ্যে, যা খুব সাধারণ কিছু নয়।
এ বছরের ২৭ মার্চ যদি আপনি থাকতেন খুলনায় এবং ফুলতলা বাজার থেকে তিন-চার কিলোমিটার দূরের গণসাহায্য সংস্থার দপ্তরে যেতেন, তাহলে আপনাকে এত কথা বুঝিয়ে বলতে হতো না। সকাল থেকেই এখানে লেগেছিল উত্সব। চলছিল রান্নাবান্না আর দুপুরের ভোজের প্রস্তুতি। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরাই পেয়েছেন আমন্ত্রণ। একে একে আসতে শুরু করেছেন তাঁরা। এই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য যে শ দেড়েক মানুষ উপস্থিত হবেন, চলে আসবে ক্যামেরা, সেটা বুঝি আয়োজকদের কেউ ভাবেননি।

বন্ধুত্বের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক
বন্ধুত্বের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

আয়োজনটা অভিনবই বটে। বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উত্সব হলো সেদিন। ১৯৬৫ সালে ব্রজলাল কলেজে উচ্চমাধ্যমিক পড়ার সময় বন্ধুত্ব হয় মো. আবদুল্লাহ হোসেন আর ফজলে খোদার। দুজনের ডাকনামই বাচ্চু। তাঁদের বন্ধুত্বে এতটুকু চিড় ধরেনি এত দিন। বরং দুটি পরিবারকে মনে হয় যেন একটি একান্নবর্তী পরিবার। বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে তাই বিচিত্র এ আয়োজন।
দুই বাচ্চুকে আরেকটু চিনে নেওয়া যাক। ১৯৭২ সালে রূপালী ব্যাংকে চাকরি শুরু করেন ফজলে খোদা। আর ১৯৭৩ সালে আইন পেশায় যুক্ত হন আবদুল্লাহ হোসেন। তখন থেকেই বন্ধুত্বের ৫০ বছর উদ্যাপনের পরিকল্পনা এবং টাকা জমানো শুরু। ফজলে খোদার বেতন তখন ৭৬০ টাকা। সেখান থেকে ২০ টাকা করে আলাদা করে রাখতেন তিনি। আবদুল্লাহ হোসেনও তা-ই। সেই জমানো টাকা দিয়েই হলো উত্সব। ফজলে খোদা বললেন, আজকের এই আয়োজনের খরচ দিতে চেয়েছিলেন অনেকেই। কিন্তু আমাদের জমানো টাকা থেকেই খরচ করেছি। যদি কোনো তরুণ এই আয়োজন থেকে অনুপ্রাণিত হন, তবেই আমাদের আজকের আয়োজন সার্থক হবে।
‘নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ গানটি যখন পরিবারের সবাই মিলে গাইলেন, চোখ ছলছল করে উঠেছিল আবদুল্লাহ হোসেনের। দুই বন্ধুরই প্রিয় গান যে এটি।
দুপুরের খাবার আগেই প্রত্যেকের হাতে পৌঁছে যায় চমত্কার একটি প্রকাশনা। পরিবারের বন্ধু ও ছেলেমেয়েরা দুই বাচ্চুকে নিয়ে লিখেছে তাতে। দুপুরে খাওয়ার পর একে অন্যের লেখা নিয়ে দুকথা বলতে শুরু করলেন তাঁরা।
ফজলে খোদাকে পিতৃস্নেহে লালন-পালন করেছেন চাচাতো ভাই কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। দুই বন্ধুর কাঁধে দুটো হাত রেখে তিনি বললেন, ‘বিদ্বেষ, পরশ্রীকাতরতা, অন্ধ প্রতিদ্বন্দ্বিতা আর উত্কট আত্মপরায়ণতা আমাদের গ্রাস করেছে। রুচিহীন প্রতিযোগিতা আমাদের এই সমাজকে দিন দিন অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছে। এগুলোর মধ্যে এই অভিনব, সুরুচিপূর্ণ বন্ধনের প্রশংসা করার ভাষা খুঁজে পাই না।’
বিকেল যখন আসন্ন, হাতে কালি মাখা অবস্থায় দৌড়ে এল ফজলে খোদার ছোট ছেলে সায়ন। সবার সঙ্গে গাইতে শুরু করল, ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানটি। আনুষ্ঠানিকতা শেষ করার গান এটি। এরপর ছিল উন্মুক্ত আড্ডা আর চিত্কার করে গান করার প্রতিযোগিতা।
বিদ্বেষপূর্ণ সময়ে এই আয়োজন সবাইকে নাড়িয়ে দিয়েছিল এই একটা দিন। বিদায়ের সময় দুই বন্ধু অতিথিদের রসিকতা করে বললেন, খাইয়ে দিলাম কিন্তু। ছেলেদের বিয়ের সময় আর খাওয়াতে পারব না!