একেই বলে সাহস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ্টেম্বর মাস শেষ হতে দেরি নেই আর। ঝাঁ চকচকে রোদে ভরা একটা দিন। ওয়ালমার্টে নতুন চাকরি নিয়েছেন ক্যামেরন অলনার। চৌপর দিন তাঁকে ব্যস্ত থাকতে হয় কাজ নিয়ে। পা দুটো অচল হওয়ার কারণে হুইলচেয়ারে বসেই করা হয় সব। ফাঁকি দেওয়ার জো নেই। শুরুতেই কারও চক্ষুশূল হওয়ার ইচ্ছা নেই তাঁর। চলাফেরায় সমস্যা বলে নিজেকে একটু গুটিয়ে রাখতেই পছন্দ করেন তিনি। আশপাশের সবাই তাঁকে নীরস, ঝঞ্ঝাটহীন বলে জানে। এই সহজ-সরল অলনারই জীবনের ঝুঁকি নিয়ে ১০ বছর বয়সী এক বালিকাকে সাহায্য করেন। তাঁর জীবনে ঘটে যাওয়া এ বিপজ্জনক গল্পটার কথাই শুনব আমরা আজ।১.অলনারের বয়স তখন ১৪। ছাদ থেকে পড়ে গিয়ে একদিন পায়ে আঘাত পান তিনি। সেই থেকে পা দুটো অচল। হুইলচেয়ারে ভর করেই চলে চলাফেরা। সহজ-সরল এই তরুণ সব সময়ই ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করেন। তবে আর দশজন সুস্থ মানুষ থেকে নিজেকে কখনোই আলাদা ভাবতে রাজি নন অলনার। ২২ বছর বয়স থেকেই তাই ওয়ালমার্টে কাজ করা শুরু। কাজকর্মেও দারুণ পটু তিনি। ক্রেতাদের সঙ্গে তাঁর জমে যায় অল্প সময়েই। মজার সব কথা বলে পণ্যের প্রতি সবাইকে আগ্রহী করে তোলা নিঃসন্দেহে একটি কঠিন কাজ। নিজের এই কঠিন কাজটিকে দারুণ উপভোগ করেন অলনার। কাজের চাপ একটু বেশি হলেও টানা কাজের পর পাওয়া যায় সামান্য সময়ের বিরতি। এ সময়টা খুব প্রিয় তাঁর। কফি খেতে খেতে পার করে দেওয়া যায় সময়। এমনই একদিন ওয়ালমার্টে কাজের ফাঁকে শুনতে পান ছোট্ট একটি মেয়ের আর্ত চিৎকার। অলনার ব্যাপারটা আমলে নেন না। হয়তো মা কিংবা কাছে বাবার কাছে কিছু কেনার জন্য গোঁ ধরেছে কোনো দুষ্টু মেয়ে। পরে বোঝা যায়, কেঁদে কেঁদে সাহায্য চাচ্ছে মেয়েটি। প্রথমদিকে ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু বাড়তেই থাকে চিৎকার। এরপর আর অগ্রাহ্য করা সম্ভব হয় না। অলনার তখন হুইলচেয়ার নিয়ে চিৎকারের উৎসের দিকে এগোতে থাকেন ধীরে ধীরে।২.ক্রিস বেলভিন তাঁর দুই সন্তানকে নিয়ে এসেছিলেন কেনাকাটা করতে। শরীরটা ভালো নয় তাঁর। ঠান্ডার ধাত আছে। ছেলে কিগানের জন্মদিন আজ। দুই ছেলে কিগান ও এডামকে নিয়ে ঘুরে ঘুরে দেখা হচ্ছিল চারপাশ। কেক কিনতে হবে। কিনতে হবে কিছু খেলনা। এসব কেনাকাটার ব্যাপারে তাঁর বাচ্চাদের দারুণ আগ্রহ। কেনাকাটার ফাঁকে আচমকা বেলভিন শুনতে পেলেন চিৎকার। প্রথমে ব্যাপারটা ঠাওর করতে পারলেন না তিনি। কিছুক্ষণ পর বুঝলেন, ছোট্ট একটা মেয়ে কাঁদছে আর চিৎকার করে বলছে, ‘আমাকে সাহায্য করো। সাহায্য করো।’ বেলভিন ছুটে গেলেন মেয়েটির কাছে। ১০ বছর বয়সী মেয়েটি তার দুই বছর বয়সী ছোট ভাইকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপছিল। জানা গেল, কিছুক্ষণ আগে কালো জামা আর টুপি পরা একটা লোক তাকে জোর করে ধরে নিয়ে যেতে চেয়েছিল। বেলভিনের বয়স ৪২ ছুঁই ছুঁই। নিরাপত্তাপ্রহরী হিসেবে কাজ করেছেন একসময়। তাই শক্তি ও সাহস কোনোটারই কমতি নেই তাঁর। প্রায় ৩০ মিটার দূরত্বে দেখতে পেলেন তিনি লোকটাকে। পালানোর চেষ্টা করছিল অপরাধীটা। তাকে ধরার জন্য ছুট লাগালেন বেলভিন। চিৎকার দিয়ে বলতে লাগলেন, ‘কালো কোর্তা পরা লোকটাকে থামাও। সে একটা ছোট্ট মেয়েকে ধরে নিয়ে যেতে চেয়েছিল। থামাও।’ ঠিক তখনই সবাই দেখতে পেল, হুইলচেয়ারে ভর করে অলনার ছুটে যাচ্ছেন অপরাধীটার দিকে। একদম সামনে গিয়ে পথরোধ করার চেষ্টা করলেন তিনি। লোকটা তাঁকে অতিক্রম করার চেষ্টা করতেই তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন অলনার। পালাতে যেন না পারে। পড়ে গিয়ে দুজনেই মেঝেতে গড়াগড়ি খাচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই বেলভিন ও চারপাশের লোকজন এসে ঘিরে ধরল লোকটিকে। অলনারকে সাহায্য করা হলো মেঝে থেকে উঠতে। ‘আমি কখনোই কল্পনা করিনি অলনার এমন সাহস দেখাবে। লোকটির কাছে হয়তো কোনো হাতিয়ার থাকতে পারত। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দুটো অচল পা নিয়ে তিনি থামিয়ে দিয়েছেন এক অপরাধীকে। সত্যিই অবাক করা কাণ্ড।’ ঘটনার পর বলছিলেন বেলভিন। কিছুক্ষণের মধ্যেই চলে এল পুলিশ। গ্রেপ্তার করল লোকটিকে। ১০ বছর বয়সী মেয়েটির মা-বাবা কেনাকাটা করতে করতে ভিড়ের মধ্যে হারিয়ে ফেলেছিলেন মেয়েটিকে। পুলিশের কাছে মেয়ের খবর পেয়ে দ্রুত চলে এলেন তাঁরা। মেয়েকে ফিরে পেয়ে আনন্দে কাঁদতে লাগলেন তার মা। অলনার ও বেলভিনকে ধন্যবাদ জানালেন তাঁরা দুজনেই। দ্বিধাহীনভাবে মানুষের উপকারে এগিয়ে আসা এ দুজনকে বাহবা দিতে লাগল আশপাশের সবাই। সাহসী অলনারের দারুণ ভক্ত এখন বেলভিন। প্রায়ই কথা হয় দুজনের। ভালো ভালো কাজ করার চেষ্টা করেন তাঁরা। সময়টা মন্দ কাটে না। এত কিছুর পরও অবশ্য নিজেকে হিরো ভাবতে নারাজ অলনার। বিদ্যালয়ে পড়ার সময় রাগবি খেলতেন তিনি। তাই লোকটিকে ধরতে নাকি একটুও কষ্ট হয়নি তাঁর। মানুষ জিজ্ঞেস করলে লাজুক হেসে জবাবে এ কথাটিই বলেন সব সময়। মানুষের সাহায্যে মানুষেরই এগিয়ে আসা উচিত। এ শিক্ষা থেকেই অপরাধীকে ধরেছিলেন অলনার। আর কে না জানে, ভালো কাজেই আনন্দ।রিডার্স ডাইজেস্ট অবলম্বনেকিঙ্কর আহসান