একেক রকম তাহসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিক, আধা আনুষ্ঠানিক (স্মার্ট ক্যাজুয়াল) ও ঘরোয়া। তাঁর স্টাইলগুলোকে এই তিনটি শব্দের মধ্য দিয়েই প্রকাশ করা যায়। সারা দিন বিভিন্ন ভূমিকা পালন করতে হয়। কখনো শিক্ষক, কখনো অভিনয়শিল্পী, কখনো ব্যান্ডের সদস্য, কখনো পরিবারের প্রিয় মানুষ। স্থান ও ভূমিকা অনুযায়ী বেছে নেন মানানসই পোশাক। তিনি তাহসান অ্যান্ড দ্য সুফিস ব্যান্ডের কণ্ঠশিল্পী তাহসান রহমান খান।তাহসান সাধারণ পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ব্র্যান্ডের প্রতি বিশেষ কোনো ঝোঁক নেই। কোন ধরনের স্টাইল করতে পছন্দ করেন? এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘ভেতরের আমিকে বাইরে উপস্থাপনটাই হচ্ছে আমার স্টাইল। চলতি ফ্যাশন সম্পর্কে জানার চেষ্টা করি। যা চলছে সেটাই তুলে নিই না। বরং আমাকে মানাবে এমন পোশাক ও ফ্যাশন আনুষঙ্গিক বেছে নিই নিজের জন্য।’ বন্ধু বা পরিবারের সঙ্গে ভালো কোনো রেস্টুরেন্টে যাওয়ার সময় ফরমালের মধ্যেই ক্যাজুয়াল লুকটিকে বেছে নেন। এর বাইরে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনো কোনো জায়গার জন্যও এ স্টাইলটি বেছে নেন। শার্টের মধ্যে আইএনসি, কেলভিন ক্লেইন, কেনেথ কোলসহ বিভিন্ন ব্র্যান্ড পছন্দ করেন। শার্টের ক্ষেত্রে চেক ও এক রং সব সময় ভালো লাগে তাঁর। জিনসের প্যান্টে কালো ও নীল রংটিকেই তাহসান প্রাধান্য দিয়ে থাকেন।কথা বলার ফাঁকেই জানা গেল বিভিন্ন ধরনের গ্যাজেট ব্যবহার করেন তাহসান। ইন্টারনেট ব্যবহারের জন্য আইপ্যাড, অফিসে কাজের জন্য ম্যাকবুক, বই পড়ার জন্য কিনডেল ও মুঠোফোন হিসেবে এইচটিসি অ্যানড্রয়েড বেছে নিয়েছেন তিনি। অবসর সময়ে বই পড়াটা তাঁর শখ। ঘড়ি পরেন না। সময় জেনে নেন মুঠোফোনেই। কনসার্টে তাহসান বেছে নেন ক্যাজুয়াল পোশাক। কেনাকাটা করেন অনেক জায়গা থেকেই। তবে যুক্তরাষ্ট্রে কেনাকাটা করতেই বেশি ভালো লেগেছে তাঁর। কারণ হিসেবে বলেন, ‘ওখানে সবচেয়ে দামি ব্র্যান্ডগুলোও যেমন কিনতে পাওয়া যায়, তেমনি অনেক কম দামেও অনেক ভালো জিনিস পাওয়া যায়।’ কেনাকাটা করার সময় শার্ট ও জুতাটাই বেশি কেনা হয়। সাজপোশাকে এ দুটো বিষয়ের প্রতি মনোযোগ দেন তাহসান। কেনাকাটায় সাহায্য করেন স্ত্রী রাফিয়াত রশীদ মিথিলা। জুতার ব্যাপারে বেশ খুঁতখুঁতে তিনি। জুতাজোড়া সঠিক না হলে পুরো সাজটাই বেঠিক হয়ে যায় বলে মনে করেন। বিকেলে নিয়মিত এক ঘণ্টা জিম করার সময় বেছে নেন নাইকি ও অ্যাসিকস। এ সময় নাইকির শর্টস এবং টি-শার্ট পরেন। অন্য সময় অ্যালডো ও গেসের জুতা পরতে পছন্দ করেন তাহসান। জুতাজোড়া কেনার সময় একটু ভালো মান ও ব্র্যান্ডের কেনার চেষ্টা করেন। রোদচশমার নকশার জন্য অ্যাভিয়েটর স্টাইল পছন্দ করেন। এখানে ব্র্যান্ড হিসেবে পছন্দ রে ব্যান ও পারসোল।যখন তিনি শিক্ষক তখন পুরো আনুষ্ঠানিক পোশাকেই থাকেন। প্রায় প্রতিদিন এ ধরনের পোশাক পরতে হয় বলে এটার একটা বড় সংগ্রহ আছে। সাধারণত বাংলাদেশ থেকেই ভালো মানের স্যুটের কাপড় কিনে বানিয়ে ফেলেন। কালো, বাদামি, ধূসর রংগুলোই পরা হয় বারবার। সুগন্ধি হিসেবে ফারেনহাইট, কেনেথ কোল ব্ল্যাক, বারবেরি স্পোর্ট, সিকে ওয়ান, ডানহিল ডিসায়ার তিনি ব্যবহার করেন। বিভিন্ন দেশের মুদ্রা ও ডাকটিকিট সংগ্রহ করেন। প্রায় সব দেশের মুদ্রাই আছে তাহসানের সংগ্রহে।