রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আট ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ। প্রচারণা শুরুর পর থেকে এ পর্যন্ত নানা ঘটনায় নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন অধিকাংশ প্রার্থী। ৭৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ১৯ জুন উপজেলার প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ‘সাজেক, বঙ্গলতলী ও রূপকারী ইউনিয়নে সহিংসতার আশঙ্কা বেশি। সহিংসতা এড়াতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতা প্রয়োজন। সম্প্রতি ওই তিন ইউনিয়নের অপহরণ, প্রার্থীর বাড়িতে হামলা, সমর্থককে মারধর ও অনেক প্রার্থীকে এলাকাছাড়া করেছে সন্ত্রাসীরা।’ সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রহমান, বিজিবির মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল মুনির হাসান, মাইনী সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ইউসুফ ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া, নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, কাচালং ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দে, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা। সূত্রে জানা গেছে, ৭ জুন রাতে সাজেক ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী কৃপা রানী চাকমার স্বামী শান্তিময় চাকমাকে অপহরণ করা হয়। পরে মনোনয়নপত্র প্রত্যাহারের অঙ্গীকারনামা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। একই রাতে চেয়ারম্যান পদপ্রার্থী নয়ন রঞ্জন চাকমা এবং ৪, ৫ ও ৬ নম্বর সংরিক্ষত ওয়ার্ডের প্রার্থী স্বপনিকা চাকমার বাড়িতে হামলা করা হয়। ৯ জুন আবার কৃপা রানী চাকমাকে ধরে নিয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়। ১০ জুন প্রত্যাহারের জন্য এলে আরেক পক্ষ তাঁকে আটক করে রাখে। ১৬ জুন বঙ্গলতলী ইউনিয়নের প্রার্থীর পোস্টার লাগানোর দায়ে নির্মমভাবে মঙ্গল কান্তি চাকমাকে পিটিয়েছে সন্ত্রাসীরা। এ ছাড়া সাজেক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নয়ন রঞ্জন চাকমা, এল থাংয়া পাংখোয়া ও গরেন্দ্র ত্রিপুরা, রূপকারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাদী চান চাকমা ও বঙ্গলতলী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উত্তরায়ণ চাকমা ভয়ে এলাকায় যেতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। বঙ্গলতলী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উত্তরায়ণ চাকমা বলেন, ‘এলাকায় যেতে পারছি না। ইউপিডিএফের সহযোগী সংগঠন যুব ফোরামের সদস্যরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। গোপনে প্রচারণা চালাতে হচ্ছে। আমার সমর্থকদেরও মারধর করা হচ্ছে।’ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সাজেক, বঙ্গলতলী ও রূপকারী ইউনিয়নে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। কোনো সন্ত্রাসী যদি ভোটকেন্দ্র দখল বা বিশৃঙ্খলার সৃষ্টি করে, তবে তাদের গুলি করার অনুমতি দেওয়া আছে। ওই এলাকায় মাত্র একটি বিজিবির টহল দল থাকার কথা। এখন নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি টহল দল বাড়ানো হয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য বাঘাইহাট সেনা জোন, বিজিবির রাজনগর জোন ও মারিশ্যা জোনের সহযোগিতা চাওয়া হয়েছে।এদিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে সাতটিতে হেলিকপ্টারযোগে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ও ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে: সাজেক ইউনিয়নের লংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়নালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘাইছড়ি ইউনিয়নের দোসর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।