একের পর এক বাধা ভেঙে পড়ছে পণ্য পরিবহনব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের বৃষ্টিতে উত্তাল সাগর। বাধার মুখে পড়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম। তার সঙ্গে এখন নতুন করে যোগ হয়েছে হরতাল-সহিংসতা। ফলে একের পর এক বাধায় ভেঙে পড়ছে পণ্য পরিবহনব্যবস্থা।গতকাল বুধবার থেকে শুরু হওয়া তিন কার্যদিবসে সকাল-সন্ধ্যা হরতালের ফাঁদে পড়েছে দেশ। হরতালে বন্দর থেকে পণ্য খালাস করে আমদানিকারকের গুদাম বা কারখানায় নেওয়ার ঝুঁকি বেশি। এ কারণে পণ্য খালাসের হারও কমে যায়। আবার একই সময়ে বেড়ে যায় ঢাকা থেকে রপ্তানি পণ্য নির্ধারিত সময়ে জাহাজীকরণে শঙ্কা। এর আগের হরতালে নির্ধারিত সময়ের পরে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজীকরণ করতে হয়েছে। জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘এক বাধা কাটিয়ে না উঠতেই আরেক বাধার মুখে পড়ে পণ্য পরিবহনব্যবস্থা ভেঙে পড়ছে। এভাবে চলতে থাকলে ব্যবসা-বাণিজ্যে গভীর ক্ষত তৈরি হবে। এ পরিস্থিতি থেকে উত্তরণে আলাপ-আলোচনার বিকল্প নেই। আমরা বিবদমান পক্ষগুলোকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আহ্বান জানাই।’প্রতি বছর বর্ষা মৌসুমকে সামনে রেখে খোলা জাহাজে পণ্য আমদানিতে সতর্ক থাকেন ব্যবসায়ীরা। বর্ষার আগেই আমদানি পণ্য খালাসের তোড়জোড় থাকে। কিন্তু গত মাসে টানা ১৬ দিন নৌযান শ্রমিক ও মালিকদের কর্মসূচির কারণে বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস হয়নি। এসব কর্মসূচির কারণে আটকে থাকা পণ্য খালাসে দুই সপ্তাহ সময় পেয়েছেন আমদানিকারকেরা। এরপর গত কয়েক দিন ধরে বৃষ্টির কারণে আবারও পণ্য খালাস ব্যাহত হয়।বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বৃষ্টির সময় বাল্ক জাহাজ থেকে খাদ্যশস্য, চিনি, সিমেন্ট ক্লিংকার-এসব পণ্য খালাসের সুযোগ থাকে না। তবে কনটেইনার ওঠানো-নামানোর কাজে ব্যাঘাত হয় না। হরতালেও বন্দর চত্বর থেকে পণ্য খালাস-প্রক্রিয়ার আয়োজন থাকলেও ব্যবসায়ীরা খালাস নেন না। হরতালের আগে-পরে পণ্য খালাস করে নেন তাঁরা।বন্দরের হিসাবে দেখা গেছে, বৃষ্টির কারণে পণ্য খালাস কাজের হার অর্ধেকে নেমে এসেছে। বন্দরের প্রতিবেদনে দেখা যায়, গত রোববার বন্দরের বহির্নোঙরে অবস্থানরত ১১টি জাহাজে দুই লাখ ২৮ হাজার ৫৩২ টন পণ্য ছিল। এসব জাহাজ থেকে ওইদিন পণ্য খালাস হয় ২২ হাজার ৯২০ টন। গত সোমবার পণ্য খালাসের হার আরও কমে যায়। সোমবার পণ্য খালাস হয় ১০ হাজার ৮৭৯ টন। স্বাভাবিক সময়ে পুরোদমে খালাস কাজ অব্যাহত থাকলে এই ১১টি জাহাজ থেকে দিনে গড়ে ৪০ থেকে ৫০ হাজার টন খালাস করার সুযোগ ছিল। নতুন করে দুই-তিন দিনের মধ্যে বন্দরে ভিড়ছে গম, অপরিশোধিত চিনি এবং সিমেন্ট তৈরির কাঁচামালবাহী আরও সাতটি জাহাজ। সোয়া দুই লাখ টন পণ্যবাহী এসব জাহাজ থেকেও পণ্য খালাস কার্যক্রম বাধার মুখে পড়ার শঙ্কা রয়েছে। উল্লেখ্য, দেশের ব্যবসা-বাণিজ্যের ৯২ শতাংশ পণ্য আমদানি-রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বহির্নোঙরে পণ্য খালাসে নিয়োজিত এরিয়েন স্টিভিডোরস লিমিটেডের পরিচালক সরওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বৃষ্টির সঙ্গে সাগর উত্তাল হওয়ার কারণে বড় জাহাজের কাছে পণ্য খালাসের জন্য ভিড়তে পারছে না নৌযান। এ কারণে দিন-রাত ২৪ ঘণ্টায় চার থেকে ছয় ঘণ্টার বেশি পণ্য খালাসের সুযোগ থাকে না। বহির্নোঙরে উৎপাদনশীলতাও কমে ১০ থেকে ২৫ শতাংশে নেমে এসেছে।