এক্স-রে যন্ত্র অচল, গাইনি বিভাগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি দুই বছর ধরে অচল। চিকিৎসকের অভাবে বন্ধ গাইনি বিভাগও। ফলে রোগ নিরূপণের জন্য রোগীদের ছুটতে হচ্ছে শহরের রোগ নিরূপণকেন্দ্রে। প্রসূতিদেরও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নেওয়ার জন্য যেতে হয় শহরের বেসরকারি ক্লিনিক বা চিকিৎসকদের কাছে। এতে দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন সংশ্লিষ্ট রোগীরা। অন্যদিকে অর্থের অভাবে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরতে হয় গরিব রোগীদের। হাসপাতালের চিকিৎসকেরা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এক্স-রে যন্ত্রটি দুই বছর ধরে বন্ধ রয়েছে। ফলে দুর্ঘটনাসহ বিভিন্ন জটিল বিষয়ে প্রয়োজনীয় এক্স-রের জন্য রোগীদের ৭০ কিলোমিটার দূরে চট্টগ্রাম শহরে যেতে হয়। এতে অর্থ ও সময় দুটোরই অপচয় হয়। অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন গরিব রোগীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ হাসপাতালের গাইনি বিভাগে অস্ত্রোপচার কক্ষসহ সব রকম যন্ত্রপাতি রয়েছে। ২০০২-০৩ সালে জরুরি প্রসূতি কার্যক্রমে ভালো মানের সেবা দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বিভাগ প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পায়। কিন্তু দুই বছর ধরে এখানে কোনো গাইনি চিকিৎসক নেই। ফলে বিভাগটি বন্ধ রয়েছে। এ ছাড়া চেতনানাশক চিকিৎসকের পদও শূন্য দীর্ঘদিন ধরে। এ অবস্থায় অনেক প্রসূতি চিকিৎসার জন্য এসে হতাশ হয়ে ফিরে যান। এতে বিশেষ করে অর্থের অভাবে বিপাকে পড়েন গরিব রোগীরা। কারণ, অ্যাম্বুলেন্স ভাড়া করে শহরে যাওয়ার মতো সামর্থ্য অনেকের নেই। এ ছাড়া শহরে নেওয়ার সময় পথেই অনেকের জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। কলাউজানের বাসিন্দা ও বেসরকারি সংস্থার কর্মী শুভঙ্কর দাশ জানান, গত নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি তাঁর প্রসূতি স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু চিকিৎসক না থাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে গিয়ে জানতে পারেন পথেই গাড়ির ঝাঁকুনিতে পেটের ভেতরই সন্তান মারা গেছে। স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী বলেন, ‘এলাকার অনেক গরিব মহিলা শুধু গাইনি চিকিৎসকের অভাবে প্রসবকালে মারা যায়।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাইয়ুম (ইউএইচও) জানান, এক্স-রে মেশিন সচল ও গাইনি বিভাগ চালুর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।