খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ থেকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে যন্ত্র দেওয়া হয় ২০০৪ সালে। আট বছর পর সেটি বাক্সমুক্ত করা হলেও একটি দিনের জন্যও ব্যবহার করা হয়নি। এখন এক্স-রে যন্ত্রটি কক্ষবন্দী হয়ে পড়ে আছে।হাসপাতাল সূত্র জানায়, গত বছরের ১৮ জুন যন্ত্রটি হাসপাতালের একটি কক্ষে স্থাপন করা হয়। ট্রান্সমেড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এটি স্থাপন করে। কিন্তু দীর্ঘদিন বাক্সবন্দী থাকায় এটির ডিজিটাল মনিটরিং বোর্ডটি নষ্ট হয়ে গেছে। নতুন ডিজিটাল মনিটরিং বোর্ড লাগালে যন্ত্রটি আবার সচল হবে বলে জানান ওই প্রতিষ্ঠানের প্রকৌশলীরা। এদিকে এক্স-রে যন্ত্র চালু না হওয়ায় গত বছরের মার্চ মাসে রেডিওগ্রাফার টেকনেশিয়ানও অন্যত্র বদলি হয়ে গেছেন।সরেজমিনে দেখা গেছে, অ্যাম্বুলেন্স রাখার গ্যারেজের পাশে এক্স-রে কক্ষের অবস্থান। কক্ষটি তালাবদ্ধ। হাসপাতালে আসা উপজেলার কবাখালী ইউনিয়নের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ‘সেই ২০০৪ সাল থেকে শুনছি এক্স-রে মেশিনের কথা। কিন্তু এখনো সেবা পাইনি আমারা। এখানে এক্স-রে সুবিধা থাকলে পাশের বাঘাইছড়ি ও লংগদু উপজেলাবাসীও সুবিধা পেত।’ মেরুং এলাকার শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, ‘এখন কাউকে এক্স-রে করাতে হলে খাগড়াছড়ি জেলা শহরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। একবার এক্স-রে করার জন্য জেলা সদরে গেলে সারা দিন চলে যায়। আমি নিজেও দুইবার এই ভোগান্তিতে পড়েছি।’ এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পলাশ নাগ বলেন, গত বছরের ১৮ জুন এক্স-রে যন্ত্রটি স্থাপন করে প্রকৌশলী মেশিনটির কারিগরি ত্রুটি চিহ্নিত করে একটি প্রতিবেদন দিয়েছেন। প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া এখানে লো-ভোল্টেজের সমস্যাও রয়েছে। এসব সমস্যা সমাধান ও টেকনেশিয়ান পদায়ন ছাড়া এক্স-রে যন্ত্রটি চালু করা সম্ভব নয়।