সাতকানিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্রটি অন্তত তিন বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এ কারণে রোগীদের বিভিন্ন বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্রে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে। এ িনয়ে বিপাকে পড়ছে গরিব রোগীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২৪ মে এক্স-রে যন্ত্রটি সরবরাহ করা হয়। ওই বছরের ১৪ জুলাই থেকে এটি চালু হয়। এরপর ২০০৯ সালের ২ আগস্ট এক্স-রে যন্ত্রটি প্রথম বিকল হয়ে যায়। ওই সময় লিখিতভাবে জানানোর পর যন্ত্রটির সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকার ট্রান্সমেট লিমিটেড তাদের লোক পাঠিয়ে মেরামত করে দেয়। কিন্তু ২০১৩ সালের জানুয়ারি মাসে এটি আবার বিকল হয়ে যায়।
স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসান মুরাদ জানান, সর্বশেষ বিকল হওয়ার আগে এক্স-রে যন্ত্রটি ঢাকা থেকে লোক এনে অন্তত তিনবার মেরামত করা হয়েছে। ২০১৩ সালের জানুয়ারির পর থেকে আর মেরামত করা সম্ভব হয়নি। যন্ত্রটি চালু না হওয়ায় পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিও প্রেষণে পাশের লোহাগাড়া স্বাস্থ্যকেন্দ্রে চলে গেছেন। সম্প্রতি সরেজমিনে হাসপাতালে গেলে দেখা যায়, এক্স-রে কক্ষটি তালাবদ্ধ। সড়ক দুর্ঘটনাসহ নানাভাবে আহত রোগীদের এক্স-রে করাতে যেতে হচ্ছে কেরানীরহাটের রোগনির্ণয় কেন্দ্রে।
পায়ে আঘাত পাওয়া আট বছরের মেয়েকে নিয়ে হাসপাতালে আসা সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারপুল এলাকার অটোরিকশাচালক আনোয়ার হোসেন বলেন, খেলতে গিয়ে মেয়েটি বাঁ পায়ে আঘাত পেয়েছে। চিকিৎসক পায়ের এক্স-রে করাতে বলেছেন। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে মেশিন নষ্ট থাকায় বাইরের ল্যাব থেকে ৪০০ টাকা দিয়ে করাতে হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী (৫৮) বলেন, এক্স-রে যন্ত্র নষ্ট থাকায় বেশি সমস্যায় পড়ছে গরিব রোগীরা। অনেককে চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাততে হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিছবাহ উদ্দীন আহমদ বলেন, এক্স-রে যন্ত্রটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বেশ কয়েকবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু মেরামতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তাই এখন নতুন একটি এক্স-রে যন্ত্র পাওয়া যায় কি না, সেই চেষ্টা চলছে।