এক্সকিউজ মি দাদিমা, আপনি এই গুলিবিদ্ধ হাত দিয়ে চোখ মুছবেন না...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যাটা ছিল আলস্যে ভরপুর। ঠিক কোনো কাজ পাচ্ছিলাম না। গিয়ে বসলাম ড্রয়িংরুমে।রিমোটের বাটন চাপতেই শুরু হয়ে গেল গোলাগুলি। যতটুকু বুঝলাম, নায়ক শাকিব খান আর অপু বিশ্বাসের বিয়েকে কেন্দ্র করে এই মহা গণ্ডগোল।আরও যা বুঝলাম, এটাই ছবির শেষ অংশ। কারণ, চারদিকে প্রায় অর্ধশতাধিক লোক তুমুল উচ্ছ্বাসে, তুমুল আগ্রহ নিয়ে গোলাগুলি করছে। মুহুর্মুহু গুলি। একেই বোধ হয় বলে গুলিবৃষ্টি।প্রথম অবস্থায় বিয়ের প্যান্ডেলের সামনে কোনো আমন্ত্রিত অতিথির দেখা না মিললেও গোলাগুলি শুরু হওয়ামাত্র কোথা থেকে যেন একদল অতিথি গোলাগুলিময় এই পরিস্থিতিকে ভয়ংকর প্রমাণের জন্য অযথাই ছোটাছুটি করতে লাগল।গোলাগুলি চলছে। এ কাজগুলো চ্যালাচামুণ্ডারা ভালোই করছে। কিন্তু শ্রেষ্ঠাংশে অভিনয় করা নায়ক, নায়কের ভাই ডিপজল, ভিলেন মিশা সওদাগর, ভিলেনের ভাই ডন এবং আরও নাম না-জানা পরিচিত মুখগুলো হাত দিয়েই মারামারি চালাচ্ছিল।এই গোলাগুলির মধ্যেই গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন ছবির অন্যতম চরিত্র দাদিমা আনোয়ারা। তাঁর হাতে গুলি লেগেছে। এখন যায়, তখন যায় অবস্থা। তাঁকে ঘিরে বসে ডায়ালগ ঝাড়ছেন ডিপজল, শাকিব খানসহ অন্যরা। একদিকে গোলাগুলির শব্দে প্রকম্পিত বাড়ির উঠোন। তার মধ্যে তাঁদের এই অবস্থা। গুলি তো লাগছেই না, কোনো টেনশনও নেই কারও এই গোলাগুলি নিয়ে।হঠাৎ এক ভিলেন মহিলা আবার কাকে যেন গুলি করতে উদ্যত হলে পেছন থেকে বর্ষীয়ান অভিনেতা খলিল এসে তাঁকে গুলি করে দেন। ওই ভিলেন মহিলা গুলি খেয়ে মাটিতে পড়ে আছেন এবং সমান উৎসাহে প্রশ্নও ছুড়ছেন, আমাকে তুমি গুলি করতে পারলে?হায়! বাংলা ছবি।গুলিবিদ্ধ অবস্থায়ও এই আহ্লাদিত কোশ্চেন।যা হোক, হঠাৎ আমাকে অবাক করে দিয়ে প্রায় মারা যাওয়ার রাস্তা থেকে মৃত্যুদূতকে রিটার্ন টিকিট ধরিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন দাদিমা আনোয়ারা। মোটামুটি করুণ দৃশ্যটা কমেডি দৃশ্যে বদলে গেল।পরিচালক সাহেব ভুলেই গেছেন আনোয়ারার হাত গুলিবিদ্ধ। কারণ, হঠাৎ করে দেখা গেল গুলিবিদ্ধ হাত দিয়েই দাদিমা আনোয়ারা ম্যাডাম চোখ মুছছেন বারবার।আমার ইচ্ছে করছিল বলি, এক্সকিউজ মি দাদিমা, আপনি এই হাত দিয়ে চোখ মুছবেন না। আপনি ভুলে যাবেন না আপনার এই হাত এখন গুলিবিদ্ধ।যেহেতু এসব বলা গেল না, তাই আমার চোখ আর সহ্য করতে পারল না। আমি চোখ বন্ধ করে ফেললাম। তারপর সে অবস্থাতেই ড্রয়িংরুম থেকে বেরিয়ে গেলাম।