এক্সট্রা ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অ্যাফ্রো–ত্রিনিদাদিয়ান সাংবাদিক, ইতিহাসবিদ সি এল আর জেমসের সেই বিখ্যাত বাণীটা জানা আছে? বাণীটা না বলেই এমন প্রশ্ন করা নিতান্ত বোকামি। জেমস বলেছিলেন, ‘যারা ক্রিকেট জানে, তারা ক্রিকেটের কী জানে?’ বেশ চিন্তার ব্যাপার! যা হোক, এই বাণী বা ক্রিকেট মাঠের লড়াইয়ের অনেক কিছু না জানা থাকলে ক্ষতি নেই! আবার জানলেও বা লোকসান কোথায়! 
চট করে ঘুম দেওয়ার বিস্ময়কর এক গুণ ছিল বাংলাদেশি ওপেনার জাভেদ ওমরের। তাঁর ঘুমের ধরন ছিল এমন—হয়তো তিন-চারজন মিলে ড্রেসিংরুমে আড্ডা দিচ্ছেন, জাভেদ তখন খুব উত্সাহ নিয়ে সেই আড্ডায় যোগ দিলেন। চোখে চশমা আর মাথায় ক্যাপ। কথা শুনতে শুনতে ক্যাপটা আস্তে করে নামিয়ে আনলেন সানগ্লাসের ওপর। এরপর দুই পা সামনের চেয়ারে আলতো করে তুলে বসে থাকলেন চুপটি মেরে। যেন গভীর মনোযোগ দিয়ে সবার কথা শুনছেন। আসলে জাভেদ তখন অতল ঘুমে!
সেবার পাকিস্তান গেল ভারত সফরে। বেঙ্গালুরু টেস্টে খুব টার্ন পাচ্ছিলেন স্পিনাররা। মিয়াঁদাদ জানতেন, ওই উইকেটে স্পিনাররা খুব ভয়ংকর হয়ে উঠবেন। সেবার ভারতের এক স্পিনার (নামটা অবশ্য জানা যায়নি) বহুদিন পর ভারত দলে ফিরেছেন। একপর্যায়ে সেই স্পিনার গেলেন জাভেদ মিয়াঁদাদকে বল করতে। বোলারকে ঘাবড়ে দিতে অভিনব এক উপায় বের করলেন ‘বড়ে মিয়া’। ব্লক করে ব্যাট দিয়ে পিচ ঠুকতে ঠুকতে বোলারের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘এ, তেরা লুম নাম্বার কিয়া হ্যায়? (তোর রুম নম্বর কত?) তেরা লুম নাম্বার...’ কথা কানে তুললেন না বোলার। কিছুক্ষণ পর পর একই কায়দায় মিয়াঁদাদের প্রশ্ন, ‘এ বোল না, তেরা লুম নাম্বার কিয়া হ্যায়?’ ভারতীয় উইকেটরক্ষক সৈয়দ কিরমানি উদ্বেগভরা কণ্ঠে স্লিপে দাঁড়ানো সুনীল গাভাস্কারকে জিজ্ঞেস করলেন, ‘হচ্ছে কী এটা?’ গাভাস্কার আশ্বস্ত করলেন, ‘জাভেদ শুরু করেছে, জাভেদই শেষ করবে।’ বারবার একই প্রশ্নে ত্যক্তবিরক্ত বোলার একপর্যায়ে রেগেমেগে মিয়াঁদাদকে পাল্টা প্রশ্ন করলেন, ‘কিউ, কিউ রুম নাম্বার কিউ চাহিয়ে? (রুম নম্বর চাইছ কেন?)’
‘তেরে লুমমে মেরেকো ছক্কা মারনেকা (ছক্কা মেরে বল তোর রুমে পাঠাব)!’ বড়ে মিয়ার জবাব।
বীরেন্দর শেবাগের আন্তর্জাতিক ক্যারিয়ার কেবল শুরু হয়েছে। ভারত গিয়েছে শ্রীলঙ্কা সফরে। ওই সফরেই প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি পেলেন শেবাগ। এমনিতে এই ভারতীয় ওপেনারের ব্যাটিং ভঙ্গিমা, হেলমেট, প্যাড পরার ধরন অনেকটা শচীন টেন্ডুলকারের মতোই। কলম্বোয় এক সাংবাদিক শেবাগকে জিজ্ঞেস করলেন, ‘টেন্ডুলকারের সঙ্গে আপনার তো অনেক মিল। কিন্তু দুজনের মূল পার্থক্য কী?’ বীরুর জবাব, ‘পার্থক্য ব্যাংক ব্যালান্সে। শচীন বহুদিন ধরে খেলছেন। আর আমি মাত্র শুরু করলাম। স্বাভাবিকভাবেই দুজনের টাকাপয়সায় পার্থক্য থাকবে!’
এই গল্পটা হাবিবুল বাশারের ‘ব্যক্তিগত’। ডাকাবুকো বোলারদের ভয় না পেলেও দাঁতের ডাক্তারে ভীষণ ভয় পেতেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সে ভয় নিয়ে একবার গেলেন দাঁতের ডাক্তারের চেম্বারে। অ্যাপয়নমেন্ট নিয়ে ওয়েটিংরুমে অপেক্ষা করছেন। চোখে–মুখে তাঁর বড় আতঙ্কের ছাপ। সেটা খেয়াল করে পাশে বসা এক ভদ্রমহিলা সাহস দিতে এগিয়ে এলেন, ‘আপনি এত ভয় পাচ্ছেন কেন? যেভাবে ব্যাট করেন, আপনার তো অনেক সাহস!’
এবার সাহসের সঙ্গে ভাষাও হারিয়ে ফেললেন হাবিবুল!
সূত্র: হাবিবুল বাশারের বিভিন্ন কলাম ও ভারতীয় টিভি শো ‘কমেডি নাইটস উইথ কপিল’