এখন আতঙ্ক এমএলএম ব্যবসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামসহ দেশের শেয়ারবাজারে গত সোমবার বড় ধরনের দরপতনের পর মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসায় জড়িত গ্রাহকেরাও তাঁদের বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শেয়ারবাজারের এই দরপতনের পেছনে দায়ী অনেক কারণের মধ্যে অর্থমন্ত্রী ও পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ইউনিপে টু ইউ, স্পিক এশিয়ার মতো এমএলএম ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকেও দায়ী করেছেন। এতে এসব ব্যবসার সঙ্গে সম্পৃক্ত লোকজন শঙ্কিত হয়ে পড়েছেন।গ্রাহকদের এ উদ্বেগ ও শঙ্কা কাটানোর জন্য ইউনিপে টু ইউ বাংলাদেশ লিমিটেড নামের এমএলএম প্রতিষ্ঠানটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে। এসব বিজ্ঞাপনে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদের পাশাপাশি তাদের গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়। ৫ জানুয়ারি আরেকটি বিজ্ঞাপন দিয়ে ইউনিপে টু ইউর বিনিয়োগকারীরা এমএলএম ব্যবসার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রত্যাশা করেছেন। এমএলএম প্রতিষ্ঠানের মধ্যে ইউনিপে টু ইউ, স্পিক এশিয়া ছাড়াও রয়েছে ভিসা রেভ, টিভিআই ইত্যাদি। জানা গেছে, সারা দেশে ইউনিপে টু ইউর গ্রাহক ৫০ হাজারের বেশি। শেয়ারে মন্দাভাবের কারণে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার ছেড়ে উচ্চহারে মুনাফার আশায় ইউনিপে টু ইউর মতো ব্যবসার দিকে ঝুঁকেছেন। এ প্রসঙ্গে অভি সেন নামে সালতা ব্রোকারেজ হাউসের কর্মকর্তা অভি সেন গত সোমবার বলেন, ‘আমি নিজেও ইউনিপে টু ইউতে বিনিয়োগ করেছি। এখন শুনছি, সরকার এই ব্যবসা বন্ধ করে দেবে।’ তাঁর প্রশ্ন, ‘তাহলে আমাদের বিনিয়োগের কী হবে?’ শেয়ারবাজার থেকে টাকা নিয়ে অনেকে ওই ব্যবসায় গেছেন বলে অভি সেন জানান।সোমবার শেয়ারবাজারে দরপতনের পর বিনিয়োগকারীরা এ জন্য এমএলএম ব্যবসাকে দায়ী করেন। বিনিয়োগকারীদের মিছিল-সমাবেশ থেকেও এমএলএম ব্যবসা নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়। তাঁরা এই ব্যবসা বন্ধ করে দেওয়ার দাবি জানান। এর আগের দিন পুঁজিবাজারে দরপতনের জন্য অর্থমন্ত্রী এমএলএম ব্যবসায়কে দায়ী করেন। তিনি ইউনিপে টু ইউ ব্যবসাকে ‘হায় হায় ব্যবসা’ বলে মন্তব্য করেন। এ ছাড়া দেশের শেয়ার ব্রোকারেজ হাউসগুলো দরপতনের আগে এমএলএম ব্যবসা নিয়ে অভিযোগও দেয় বলে জানা গেছে। জানা গেছে, সোমবার থেকে ইউনিপে টু ইউর গ্রাহকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এর ভবিষ্যৎ এবং তাঁদের বিনিয়োগ সম্পর্কে নিশ্চয়তার জন্য তাঁরা বিভিন্ন এজেন্টকে ফোন করতে থাকেন। এ সময় ইউনিপে টু ইউ বন্ধ হয়ে গেছে—এমন গুজবও ছড়িয়ে পড়ে। এমনকি পত্রিকা কার্যালয়ে ফোন করেও এমএলএম ব্যবসার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চান অনেকে। নগরের বিভিন্ন স্থানে পুঁজিবাজারের পাশাপাশি আলোচনায় উঠে আসে এমএলএম প্রতিষ্ঠানও। আসকারদীঘির পাড়ের গ্রাহক অলকেশ দাশ, কাঞ্চন, মোমিন সড়কের মৃন্ময়, রাশেদ, নিখিল প্রমুখ তাঁদের উদ্বেগের কথা জানান। তবে ইউনিপে টু ইউর এজেন্টরা বিনিয়োগকারীদের বারবার আশ্বস্ত করে বলছিলেন, ‘এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’এ প্রসঙ্গে তারেক নামে ইউনিপে টু ইউর এক এজেন্ট বলেন, ‘মাল্টিলেভেলিং ব্যবসা বন্ধ হবে না। কারণ এর সঙ্গে সরকারের অনেক বড় বড় মানুষ জড়িত। তাই গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’ পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, গত আট-নয় মাস ধরে দেশে এমএলএম ব্যবসার উত্থান হয়। এ সময় ইউনিপে টু ইউ, স্পিক এশিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগকৃত অর্থ ১০ মাসে দ্বিগুণ করার লোভ দেখিয়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করে তাদের দিকে নিয়ে যায়। জানা গেছে, গত ডিসেম্বর থেকে পুঁজিবাজারে মন্দাভাব বিরাজ করায় এখান থেকে বিনিয়োগ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিতে বিনিয়োগকারীরা উদ্বুদ্ধ হন। ইউনিপে টু ইউ সুদ দিচ্ছে ১২০ শতাংশ হারে। বেশি লাভের আশায় বিনিয়োগকারীরা এ রকম ব্যবসার দিকে ঝুঁকছেন বলে মনে করছেন ব্রোকারেজ হাউস সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ প্রসঙ্গে লঙ্কা বাংলা সিকিউরিটিজ নামে ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ‘আমাদের গ্রাহকেরা সচেতন। এরা সবাই বড় বড় বিনিয়োগকারী। তাঁরা খুব একটা এমএলএমে যাননি। তবে অন্যান্য ছোটখাটো ব্রোকারেজ হাউসের অনেক গ্রাহক ওদিকে ঝুঁকেছেন বলে জানি।’ জানা গেছে, বাংলাদেশ ব্যাংক প্রথম থেকেই গ্রাহকদের এমএলএম ব্যবসা সম্পর্কে সাবধান করে আসছে। এ নিয়ে তাঁরা সতর্কীকরণ বিজ্ঞাপনও দিয়েছে। এ প্রসঙ্গে গত অক্টোবরে বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের মহাব্যবস্থাপক ম মাহফুজুর রহমান যেকোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা ইউনিপে টু ইউতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ মনে করে তাদের ব্যাংক হিসাব জব্দ করেছিলাম। পরবর্তীকালে আদালতের নির্দেশে তারা হিসাবগুলো চালু করার অনুমতি পেয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিষয়টা এখন দুদকের তদন্তাধীন রয়েছে।’তিনি আরও বলেন, ‘ইউনিপে টু ইউ উচ্চহারে মুনাফা দিচ্ছে। আমরা বিজ্ঞাপন-নোটিশ ইত্যাদির মাধ্যমে জনগণকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সতর্ক করেছিলাম। আর যেকোনো বিনিয়োগই বিনিয়োগকারী নিজ দায়িত্বে করবেন।’তবে ৫ জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার বেলাল হোসাইন ইউনিপে টু ইউ কর্তৃপক্ষ বরাবরে একটি আইনগত বিজ্ঞপ্তি (নোটিশ) দিয়েছেন। মোহাম্মদ আইয়ুব নামে এক ব্যক্তির পক্ষে দেওয়া ওই বিজ্ঞপ্তির অনুলিপি ইউনিপে টু ইউর পাশাপাশি বাণিজ্যসচিব, অর্থসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও জয়েন্ট স্টক কোম্পানিজের রেজিস্ট্রারকেও দেওয়া হয়। এতে ইউনিপে টু ইউ উচ্চহারে সুদ দিয়ে কীভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে তা ১০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।