একটি খণ্ডনাটকের দৃশ্য এটি: ‘একজন কালোবাজারি তাঁর ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে নিতে ঢাল হিসেবে চালু করেন একটি টিভি চ্যানেল। কিন্তু তাঁর এ উদ্দেশ্য সফল হতে দেননি তাঁরই চ্যানেলে কর্মরত সাহসী দুই সাংবাদিক। সেই কালোবাজারির মুখোশ উন্মোচন করে গণমাধ্যমকে গণমানুষের জন্য পরিচালিত করার অঙ্গীকার ব্যক্ত করেন সাংবাদিকদ্বয়।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থী বিভাগের ‘বরণ, অগ্রায়ণ ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠানে মঞ্চায়ন করেন প্রতীকী এই নাট্যাংশ।১০ অক্টোবর ২০১০। বিভাগের বরণ, অগ্রায়ণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই নবীন, বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে টিএসসির প্রাঙ্গণ। টানা কয়েক দিন বৃষ্টির পর সকাল থেকেই সূর্য তার উপস্থিতি জানান দিচ্ছিল। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় উৎসবের আমেজ। কেউ দলবেঁধে আড্ডায় মত্ত, কেউ বা বন্ধুদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত।‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিই হয়েছি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ার লক্ষ্য নিয়ে। ভবিষ্যতে একজন ভালো সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখি।’ বলছিলেন, বিভাগের নবীন সদস্য প্রথম বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান।বিদায়ী শিক্ষার্থী তপন মাহমুদ বলেন, ‘আজ আমাদের ব্যাচের শিক্ষার্থীদের অগ্রায়ণ করা হচ্ছে। আমরা এখন কর্মজীবনে প্রবেশ করব। এ বিভাগের শিক্ষার্থী হওয়ার সুুবাদে গণমানুষের প্রতি দায় আমাদের বেশি। তা কাজের মধ্য দিয়ে আমাদের প্রমাণ করতে হবে।’আরেকজন বিদায়ী শিক্ষার্থী সাবেকুন নাহার জানান, ‘এ বিভাগে যখন ভর্তি হই, তখন অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলাম। বিভাগের প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার পেশাগত জীবনে সফলতা আনবে বলে মনে করি।’শরতের নীল আকাশ আর সাদা কাশবনের আবহ ছিল পুরো মঞ্চে, যা বারবার মনে করিয়ে দিচ্ছিল, শরৎকালের উপস্থিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বিভাগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন ‘গণতন্ত্র ও গণমানুষের সঙ্গে এ বিভাগের সম্পর্ক সরাসরি। সাম্প্রতিক গণমাধ্যম যে সুষ্ঠু ভূমিকা পালনে সচেষ্ট, তাতে এ বিভাগের স্নাতকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকের মূল কাজ সত্যের অন্বেষণ করা, সম্প্রীতি সৃষ্টি করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা—যা এ বিভাগের শিক্ষার্থীরা করে যাচ্ছেন।’অন্যান্যের মধ্যে প্র-উপাচার্য হারুন-অর-রশীদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ এবং বিভাগীয় চেয়ারপারসন গীতি আরা নাসরীন বক্তৃতা করেন।অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। মোট ১২টি বিভাগে কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয়। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গান, পল্লিগীতি, নির্ধারিত বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, উপস্থিত অভিনয়, ক্যারম (একক ও দ্বৈত) ও দাবায় প্রথম স্থান অধিকার করেন যথাক্রমে মনিরুল ইসলাম, নূর ই মকবুল, মনিরুল ইসলাম, মনিরুজ্জামান, মেহনাজ হক, শিল্পী বেগম, নূর ই মকবুল, মাসুম খান, মাহবুবুল হক ওসমানী, কাজী এমদাদুল হক, আবু সালেহ ও কাজী এমদাদুল হক। প্রথম পর্ব উপস্থাপনা করেন মিনহাজ ও দিনা।অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হওয়ার পর চমৎকার একটি পর্ব অপেক্ষা করছিল। মধ্যাহ্নভোজের পর বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় জমকালো এক সাংস্কৃতিক অনুষ্ঠান। লোপা ও ওসমানীর উপস্থাপনায় সংগীত পরিবেশন করেন ইমু, ফরচুন, শাখী ও মনির। নৃত্য পরিবেশন করেন নন্দিনী, নন্দিতা, জিতু ও পদ্মা। শিক্ষার্থীরা দুটি নাট্যাংশ মঞ্চস্থ করেন। সিনেমা-নাট্যে অংশ নেন পুন্নী, আতিক, মিনহাজ, ন্যান্সি, শাওন, শাম্মী, নন্দিনী এবং যাত্রাপালায় অংশ নেন নিশি, মৌ, ফাল্গুনী ও সাব্বির। না এখানেই শেষ নয় বরণ, অগ্রায়ণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। সন্ধ্যায় আয়োজন করা হয় বাংলা ব্যান্ডের সংগীত পরিবেশনা, যা উপস্থিত শিক্ষার্থীদের আনন্দকে যেন ষোলোকলায় পূর্ণ করল।