
বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছ তো? বাচ্চা খাচ্ছে তো? ঠিকমতো খাওয়াতে পারছ তো? মা হওয়ার পর গত ছয় মাসে এ ধরনের অসংখ্য প্রশ্ন শুনতে হয়েছে প্রতিদিন। পরিচিত মহল থেকে এই প্রশ্ন আশা করা যায়। কিন্তু অপরিচিত ব্যক্তি যখন অনায়াসে জিজ্ঞেস করতেন, প্রথমদিকে কিছুটা বিরক্তই হতাম। ভাবতাম নিছক কৌতূহল। তবে কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম বিষয়টির গুরুত্ব। পরিচিত-অপরিচিত সবাই নিশ্চিত হতে চায় যে শিশুটি যেন শালদুধসহ মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত না হয় কোনোভাবেই।
ভয়, উৎকণ্ঠা, ভালো লাগা, বিরক্তি, আনন্দ, ক্লান্তি—একজন মাকে পার হতে হয় অনেক অনুভূতির মধ্য দিয়েই। নতুন মায়ের জন্য প্রথম তিন মাস সব থেকে কষ্টকর। কিছুটা অসুস্থ থাকায় ও ২৪ ঘণ্টায় অন্তত দুই ঘণ্টা ঘুমানোর লোভে প্রথম দেড় মাস আমার সন্তানকে দিনে একবার বাইরের দুধ খাওয়াতাম। কিছুদিনের মধ্যেই ঠান্ডা ও পেটে সমস্যা দেখা দিতে শুরু করল। চিকিৎসকের পরামর্শে শুধু বুকের দুধ দেওয়া শুরু করলাম। ফলাফল পুরোপুরি ইতিবাচক। অস্বীকার করব না, প্রথম প্রথম কষ্ট হয়েছে প্রচণ্ড। কিন্তু এখন এটি আমার অন্যতম প্রিয় মুহূর্ত।
পুরো বিশ্বেই শিশুকে প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ানোর ওপর জোর দেওয়া হয়। তবে অনেক দেশেই শিশুকে ছয় মাসের মধ্যেই বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবারও দিয়ে থাকেন মায়েরা। এর পেছনে মায়েদের স্বল্পজ্ঞান, শারীরিক সমস্যা, কর্মক্ষেত্রে দ্রুত যোগদান কিংবা অন্য কোনো সমস্যা কাজ করে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম ছয় মাস শিশুকে শুধু বুকের দুধ দেওয়ার জন্য জোর দিয়েছে। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ নিজেদের ওয়েবসাইটে উল্লেখ করেছে জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে বুকের দুধ খাওয়ালে শিশুমৃত্যুর আশঙ্কা কমে যায়। প্রথম ছয় মাস শুধু বুকের দুধ শিশুর সুস্থ মস্তিষ্ক বিকাশে সহায়তা করে। শিশু তার প্রয়োজনীয় খনিজ উপাদান, পুষ্টি ও ভিটামিন এখান থেকেই পেয়ে যায়। শিশুদের অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, হাঁপানি, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, লিউকোমিয়া, ডায়াবেটিসের মতো রোগগুলো না হতে সহায়তা করে। যেসব শিশু বুকের দুধ পান করে বড় হয়, তাদের বুদ্ধিমত্তা কৌটার দুধ পান করা বাচ্চাদের থেকেও বেশি হয়।
একটি শিশুর জীবন যথাযথভাবে শুরু করার জন্য বুকের দুধের থেকে শ্রেষ্ঠ আর কিছুই হতে পারে না। এই অনুধাবন থেকেই পাশ্চাত্যে যেসব অভিভাবক সন্তানদের বুকের দুধ দিতে পারছেন না তাঁরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অন্য মায়েদের কাছ থেকে বুকের দুধ কিনে থাকেন। প্রতি আউন্স পাওয়া যায় দুই থেকে তিন ডলার করে। যেসব মা কোনো কারণবশত বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারছেন না, তাঁরা বাজার থেকেই সহজে কিনে খাওয়াতে পারেন।
২৪ বছর বয়সী ড্যানিয়েল পিটম্যান থাকেন পেনসিলভানিয়ায়। পড়াশোনার পাশাপাশি রেস্তোরাঁয় কাজ করেন। কাজ ও পড়ার চাপে সন্তানকে সব সময় দুধ খাওয়ানোর সময় বের করতে পারেননি। অনলি দ্য ব্রেস্ট ওয়েবসাইটে একজন মাকে খুঁজে পান, যিনি তাঁর বাড়তি দুধটুকু অন্য বাচ্চার জন্য দান করতে চান। সৌভাগ্যবশত পরিবারটি খুব কাছেই থাকত। তিনি এক সাক্ষাৎকারে (দ্য ভার্জ) বলেন, ‘ওয়েবসাইটের মাধ্যমে আরেকজন মায়ের কাছ থেকে দুধ নেওয়ার মধ্যে ঝুঁকি থাকে। তবে পরিবারটির সঙ্গে দেখা করার পর নিশ্চিত হয়েছিলাম। তার পরও পুরো প্রক্রিয়াটি আমাকে বেশ উৎকণ্ঠায় ফেলে দিয়েছিল। আমি হয়তো এভাবে আর দুধ না নেওয়ার কথাই চিন্তা করব।’
মাতৃত্বকালীন ছুটির মেয়াদ একেক দেশে একেক রকম। বাংলাদেশ সরকার ছয় মাস পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছে। যদিও সব প্রতিষ্ঠানে সেটি মানা হয় না। এদিক থেকে আমি ভাগ্যবান। প্রথম আলো ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি দিয়ে থাকে। সে কারণেই আমি পেরেছি আমার সন্তানের সঙ্গে প্রিয় মুহূর্তগুলো কাটাতে। অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে অনেক সময় মা তাঁর সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারেন না। যদি সম্ভব হয় তাহলে প্রতিটি মায়েরই উচিত সন্তানকে বুকের দুধ খাইয়ে বড় করা। এর মাধ্যমে মা ও সন্তানের মধ্যেও দৃঢ় বন্ধন গড়ে ওঠে।