এখন আমার এমন পোশাক
ছেলেশিশুরা ফ্যাশন বোঝে না—এ ধারণা ঠিক নয়। বরং এখনকার সোনামণিরা অনেক বেশি ফ্যাশন-সচেতন। কখনো বাবা, কখনো বড় ভাই আবার কখনো টেলিভিশনের পছন্দের কার্টুন চরিত্রগুলোর পোশাক হয়ে ওঠে তাদের কাছে অনুকরণীয়।নালন্দা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ধিয়ানের বয়স নয় বছর। দারুণ স্মার্ট সে। স্কুলে তো আর স্কুলের পোশাক ছাড়া অন্য কিছু পরার উপায় নেই। স্কুলের বাইরে মা-বাবা অথবা বন্ধুদের সঙ্গে বেড়াতে বা খেলতে যাওয়ার সময় পছন্দের জিনস আর টি-শার্টই পরে সে। বাইরে রোদ থাকলে তার সঙ্গে যোগ হয় স্টাইলিশ টুপি। তবে ছোট্ট ছেলেটি তো আর বোঝে না, বছরের কোন সময়ে ঠিক কোন পোশাকটি পরতে হবে। তাই তার পোশাক নির্বাচনের ভার পড়ে মায়ের ওপর। দেখা গেল, মা বলছেন গরমে জিনস পরো না। কিন্তু ছেলেটি তা-ই পরতে চাচ্ছে। এ ক্ষেত্রে তার সঙ্গে ঝামেলায় না গিয়ে আপনি তার পছন্দের এমন পোশাকটিই কিনুন একটু ঘুরেফিরে, যেটি ওর জন্য আরামদায়ক হবে। এমনটিই মনে করেন ‘দেশাল’-এর স্বত্বাধিকারী ইশরাত জাহান। ছেলে ধিয়ানের পোশাকের জন্য এ নীতিই মেনে চলেন তিনি। ‘শৈশব’-এর স্বত্বাধিকারী ফারহানা ফারুক বলেন, বছরের এ সময়টা হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি। খুব গরম যেমন, আবার দেখা যায় বৃষ্টির পর ঠান্ডা ভাবও। তাই শিশুদের এ সময়ের পোশাকের মধ্যে সুতির পোশাক নির্বাচন করাই ভালো। পাশাপাশি তাঁত, ভয়েল, লিনেনের কাপড়ের তৈরি পোশাকগুলোর দিকেও গুরুত্ব দেওয়া যায়।ইশরাত জাহান বলেন, ছেলেশিশুর ক্ষেত্রে দেখা যায়, জিনসের পোশাক তাদের খুব পছন্দের। গরমের সময় তাই একটু পাতলা জিনস বা নিট কাপড়ের তৈরি প্যান্টগুলো পরানো যায়। এ ছাড়া ফুল জিনসের প্যান্ট না পরিয়ে হাফ বা থ্রি-কোয়ার্টার জিনস পরানো যেতে পারে। এতে গরম কম লাগবে। শিশুদের সুতির পাতলা কাপড়ের হাফ হাতা ফতুয়া পরানো যায়; গরমে আরাম বোধ হবে। পাশাপাশি শিশুদের নিয়ে কোথাও যাওয়ার আগে ব্যাগে একটি বাড়তি কাপড় নিয়ে যাওয়া ভালো, এতে শিশুর পোশাক হঠাৎ নামা বৃষ্টিতে ভিজে গেলে বদলে নেওয়া যাবে।বাজারে শিশুদের আরামদায়ক নানা বর্ণ ও ঢঙের পোশাক পাওয়া যাচ্ছে। দেশালে পাবেন দুই থেকে ১২ বছর বয়সের শিশুদের সুতি ফতুয়া, পাঞ্জাবি, হাতা কাটা ও হাফ হাতা দুই রকমের পোশাক। মজার মজার ছড়া আর ছবির ফতুয়াগুলো পছন্দ করবে আপনার সোনামণি।বসুন্ধরা সিটির শৈশবেও পাবেন কমলা, সবুজ, হলুদ, কলাপাতা, সাদা, অফ হোয়াইটসহ বিভিন্ন রঙের টি-শার্ট, শার্ট ও ফতুয়া। বিভিন্ন প্রাণীর ছবি, কার্টুন চরিত্র আর প্রিন্টের এসব পোশাক কিনতে পারেন। বিশেষ করে, শিশুদের আঁকা ছবি নিয়ে শৈশবের পোশাকগুলোও পছন্দ করবে আপনার শিশুটি। নিত্য উপহারে পাবেন শিশুদের রকমারি টি-শার্ট। যাত্রাতেও শিশুদের পোশাকের সংগ্রহ বেশ বড়। হালকা ওজনের জিনসের তৈরি হাফ, থ্রি-কোয়ার্টার প্যান্টও পাবেন এখানে। শিশুদের আরামের পোশাকটি খুঁজে পাবেন টেক্সমার্ট, কে-ক্র্যাফট, রঙ, শীতলসহ নগরের বিভিন্ন বিপণিবিতানে।দুই থেকে চার বছরের শিশুদের জন্য সুতির পাঞ্জাবি ও ফতুয়া পাবেন ১৯০-২৪৩, পাঁচ-সাত বছরের শিশুদের জন্য ২০০-২৯৫, ৮-১০ বছরের শিশুদের জন্য ২৩০-৩৩০ টাকায়। শার্ট ২৯০-৫৯০, টি-শার্ট ২৯০-৩৯০ এবং প্যান্ট ৩৫০-৫৫০ টাকায়।