এখন আমি কী করব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গত ফেব্রুয়ারি মাসে একটি নাটক দেখেছি। নাটকটির নাম ছিল কথাবন্ধু মিথিলা। কেবল একবার নয়, বন্ধুরা মিলে বারবার দেখেছি নাটকটি। আমাদের মধ্যে একজন তো ৩০ বারও দেখে ফেলেছে। সব আকর্ষণ আসলে নাটকের মূল অভিনেত্রী অগ্নিলাকে ঘিরে। তাঁকে আমাদের এতই ভালো লাগে যে টিভির পর্দা থেকে চোখ সরানো মুশকিল! আমাদের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সব আবাসিক ছাত্রের একটাই কথা, ‘অগ্নিলাকে দেখলেই আমাদের মাথা ঘোরায়!’ তাই প্রিয় অগ্নিলা আপুর কাছে প্রশ্ন, এখন আমরা কী করব?
সাইফুল ইসলাম
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগ,
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

অগ্নিলার উত্তর
সাইফুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করার জন্য। আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই কথাবন্ধু মিথিলা দেখা ও উপভোগ করার জন্য। আমি আরও খুশি হব আপনি যে মনোযোগ দিয়ে নাটক দেখেন তার থেকেও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করলে। আমার অভিজ্ঞতা বলছে, মাথা ঘোরানো কমার জন্য এক গ্লাস চিরতার পানির সঙ্গে পাঁচ চামচ লাল মরিচের গুঁড়া মিশিয়ে প্রতিদিন পান করলে উপকার পাবেন।

পেটে কথা চেপে রাখা স্বাস্থে্যর জন্য ক্ষতিকর। তাই বিনোদন, ক্রীড়া, রাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল কিংবা যেকোনো দুনিয়ার প্রিয় তারকার কাছে আপনার পেটের ও মনের কথাগুলো খুলে বলুন। ছোট করে লিখুন আপনার প্রশ্ন বা সমস্যার কথা। সমাধান পেয়ে যাবেন হাতে হাতে! লিখুন এই ঠিকানায়—

এখন আমি কী করব?
রস+আলো, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।