মন বসে না পাঠে
গত বছরের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। ফলাফল দিল মে মাসের শেষের দিকে। মোটামুটি ভালো ফল করেছিলাম। অনেক আশা ছিল কোনো একটা ভালো কলেজে পড়ব। মা–বাবার স্বপ্ন পূরণ করব। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু করোনার দাপটের কাছে সেটাও পিছিয়ে গেল। অবশেষে একটা ভালো কলেজে ভর্তি হলাম। মনে একটা দারুণ উত্তেজনা কাজ করছিল। নতুন জায়গায় যাব। কলেজের ক্যাম্পাসে সারা দিন ঘুরে বেড়াব। কলেজে বড় বড় বিল্ডিংয়ে সিঁড়ি বেয়ে উঠব। কিন্তু এগুলোর কিছুই আমার ভাগ্যে জুটল না৷ সেই কবে থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। কবে খুলবে কে জানে! তবে আমি একদিন কলেজে যাবই, ইনশা আল্লাহ। বাসায় বসে বসে পাঠে আর মন বসছে না। শুধু অপেক্ষায় আছি, কবে কলেজ খুলবে। কবে আমি কলেজে যাব। আসলে কি এ বছর কলেজে যেতে পারব?
শাকিব হুসাইন, শিক্ষার্থী, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
এটা একতরফা ভালোবাসা নয়...
জীবন চলার পথে প্রত্যেকেরই বন্ধু নামের বিশ্বস্ত ও মজবুত একটি সম্পর্কের সৃষ্টি হয়ে যায়। যেটি কখনো লাভ অথবা ক্ষতির ভাবনায় গড়ে ওঠে না। আমার জীবনেও এমন একজন বান্ধবী আসে। তখন আমরা এসএসসি পরীক্ষার্থী। আমাদের পরিচয়টা কৃষ্ণ সারের পদার্থবিজ্ঞান প্রাইভেটে। একটা গভীর বন্ধুত্ব থেকে একতরফা ভালোবাসা, ভালো লাগা। সব সময় তোর কথা মনে পড়া। প্রাইভেট শেষে ঘুরতে যাওয়া, বিদায় অনুষ্ঠানে নিজেদের ক্লোজ ছবি তোলা, অনর্গল কথা বলা। তাকে ভালোবাসলেও লোকসমাজে সেটা কোনো দিন বলতে পারি না। কারণ, আমাদের ধর্মই যে আলাদা। পরীক্ষা শেষে যখন ঢাকায় এসে কলেজে ভর্তি হই, তখন হোস্টেলে থাকায় ফোনের অনুমতি ছিল না। দূরত্বের কারণে আমাদের যোগাযোগ কমতে থাকে। একপর্যায়ে শুধু কলেজ ছুটিতে বাড়িতে গেলেই কথা হতো। তুমি অনলাইনে এলেও সেই তুমি ছিলে না। ভাগ্যের কী নির্মম পরিহাস, দীর্ঘ আড়াই বছর পর আমাদের আবার দেখা। এরপরও তোমাকে বলতে পারলাম না ভালোবাসি। আমার বিশ্বাস, তুমি আমাকে একদিন বুঝিয়ে দিবে, আমার ভালোবাসা একতরফা ছিল না।
উত্তম বারই, ঢাকা
এখন আমি শক্তপোক্ত মেয়ে
প্রিয়তমেষু শিমুল
সাত বছর আগে এক ভিতু মেয়ে তার জীবনের প্রথম পুরুষটির সঙ্গে দেখা করতে গিয়েছিল লুকিয়ে। যখন অটোরিকশায় উঠে আপনি তার দিকে তাকিয়ে ছিলেন, সে লজ্জা, ভয় আর সংকোচে গুটিসুটি হয়ে বসেছিল। আপনি তখন শক্ত করে তার হাত দুটি ধরে বলেছিলেন, ‘ভয় করছে? ভয় নেই, আমি আছি তো!’ মুহূর্তেই মেয়েটির তার সব ভয় ঝেড়ে ফেলেছিল। তার সর্বোচ্চ দিয়ে আপনাকে ভালোবেসেছিল। তার চেনা পৃথিবী ছেড়ে আপনার পৃথিবীতে কল্পনার একটা সংসার পেতেছিল। এরপর আপনি সে মেয়েটির কল্পনার সংসার থেকেই চলে গেলেন। মেয়েটি পড়ে রইল তার একলা ভাঙা সংসার নিয়ে। এখন মেয়েটি নিজেকে সামলে নিয়েছে। কোনো দিন মেয়েটির কাছে এলে দেখবেন সে বেশ আছে। পুড়ে পুড়ে অনেকখানি শক্ত হয়ে গেছে।
বনলতা সেন
স্টেশনের সন্ধ্যায় তোমায় মনে পড়ে
হঠাৎ হাঁটতে হাঁটতে উপস্থিত হলাম কৃষ্ণচূড়া চত্বরে। আর যেতেই মনে পড়ল, তোমাকে নিয়ে কোনো এক সন্ধ্যায় এই স্টেশনে হাঁটতে এসেছিলাম। স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে বসে এক কাপ চা খাওয়া, তোমাকে কৃষ্ণচূড়ার একটা ডাল ভেঙে দেওয়া, তোমার সাদা দাঁতের হাসিটা আজও আমার চোখের সামনে স্পষ্ট। আজ তুমি নেই, কৃষ্ণচূড়া চত্বরটাও পুরোপুরি ফাঁকা। তো কী হয়েছে, অদৃশ্য হাতটা ধরেই নাহয় আজও হেঁটে যাব এই সমান্তরাল রেললাইন ধরে। হ্যাঁ, আমি আজও অপেক্ষায়।
আহসান উল্লাহ, ময়মনসিংহ
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected], ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’