এখন আর জমে না রাইখালী বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় মগবাজার নামে পরিচিত কাপ্তাই উপজেলার রাইখালী বাজার দিন দিন জৌলুগ হারাচ্ছে। শত বছরের পুরোনো এই বাজারে আগের মতো ক্রেতা-বিক্রেতার সমাগম হয় না। বহু বছর বাজারের অবকাঠামোগত উন্নয়ন হয়নি। এ ছাড়া বাজারের দোকান বরাদ্দ নিয়ে অনেক ব্যবসায়ী পাকা ঘর তুলে বসবাস করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংশি মারমা (৫৫) জানান, দুই দশক আগেও সপ্তাহের প্রতি বৃহস্পতিবার জমজমাট হাট বসত এই বাজারে। দূর-দূরান্ত থেকে শাকসবজি, কলা, পেঁপে, শুঁটকি, মোরগ, নাপ্পি (সিদল), মাছ, মাংস, কাঁকড়া, পান, সুপারি, চাটাই ইত্যাদি পণ্য নিয়ে আসতেন বিক্রেতারা। ক্রেতারাও অপেক্ষা করে থাকতেন দিনটির জন্য। কিন্তু এখন বাজারের সেই জৌলুশ আর নেই।গত বুধবার সকাল ১০টায় সরেজমিনে রাইখালী বাজারে গিয়ে দেখা যায়, বাজারের রাস্তার ওপর কিছু আদিবাসী নারী-পুরুষ পেঁপে, কলা, কুমড়াসহ নানা পসরা নিয়ে বসেছেন। বিক্রেতা সাথোয়াই প্রু মারমা ও লাব্রেচাই মারমা বলেন, ৩০ বছর আগের বাজারের সঙ্গে এখনকার বাজারের মিল নেই। বাজারে বসার জায়গা নেই। দোকান করার জন্য বাজার ফান্ড থেকে প্লট বরাদ্দ নিয়ে এখন অনেকেই ব্যবসা না করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। অনেকে বাসা ভাড়াও দিয়েছেন।স্থানীয় একাধিক বাসিন্দা জানান, রাইখালী বাজারে কয়েকটি ব্যক্তিগত পাকা ভবন গড়ে উঠেছে। এ ছাড়া বাজারের আর কোনো উন্নতি নেই। বাজারে পানির ব্যবস্থা ও শৌচাগার নেই। রাইখালী বাজার চৌধুরী ও নারানগিরি মৌজার হেডম্যান উচিংথোয়াই চৌধুরী এসব সমস্যার কথা স্বীকার করেন। তিনি বলেন, রাঙামাটি বাজার ফান্ড এই বাজার নিয়ন্ত্রণ করে। বাজারের উন্নয়নের দায়িত্ব রাঙামাটি জেলা পরিষদের। রাঙামাটি বাজার ফান্ড থেকে দুই শতাধিক ব্যক্তি দোকান করার জন্য বিভিন্ন সময় বাজারে প্লট বরাদ্দ নেন। তবে তাঁদের অর্ধেকই ব্যবসার পরিবর্তে বাজারে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছেন। এসব কারণে ঐতিহ্যবাহী এই বাজার জৌলুশ হারাচ্ছে।আরও একটি কারণে বাজারের গুরুত্ব কমছে বলে উচিংথোয়াই চৌধুরী জানান। তিনি বলেন, আগে রাইখালী বাজারের ৩০ কিলোমিটারের মধ্যে আর কোনো বাজার ছিল না। যে কারণে আশপাশের সব এলাকার ক্রেতা এখানে আসতেন। কিন্তু এখন বাঙ্গালহালিয়া ও কারিগরপাড়ায় বাজার বসছে। যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় ওইসব এলাকার লোকজন এখন রাইখালী বাজারে আসেন না।এ ব্যাপারে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বাজার ফান্ড শুধু ব্যবসা করার জন্য প্লট বরাদ্দ দিয়েছে। ব্যবসা না করে কেউ সেখানে বসতঘর তুললে তা হবে বিধিবহির্ভূত। বিষয়টি তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর বাজারে পানির ব্যবস্থা, শৌচাগারসহ অন্যান্য সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হবে।