এখন আরাম শার্টে
শার্ট তো অফিসে পরার বা কোনো অনুষ্ঠানের জন্য। তবে শার্টের নকশায়ও এখন এসেছে বেশ পরিবর্তন। ফলে অফিস বা অনুষ্ঠান ছাড়াও শার্ট পরা যেতে পারে।এ মৌসুমে পরার উপযোগী নানা স্টাইলের শার্ট এখন বাজারে পাওয়া যাচ্ছে।
কাটছাঁটে সম্পূর্ণ ভিন্ন এসব শার্ট স্টাইলিশ তো বটেই, আরামদায়কও। আছে রং আর কাপড়ের বৈচিত্র্য। ফ্যাশন হাউস ব্যাং-এর ডিজাইনার সায়েম হাসান বলেন, এই সময়ের শার্টে বেশ মোলায়েম কাপড় ব্যবহার হচ্ছে। ফলে গরম অনুভব হয় না। মাঝে খাটো শার্টের বেশ চল গেলেও এখন একটু লম্বা শার্ট চলছে। নতুন আনা হয়েছে থ্রি-কোয়ার্টার হাতার শার্ট।
কলার থেকে শুরু করে শার্টের হাতা সবখানেই থাকছে ভিন্নতা। বোতামের প্রতিও নজর দিচ্ছেন শার্টের ডিজাইনাররা। ফুলহাতার পাশাপাশি খাটো হাতার চাহিদাও কম নয়। ফ্যাশন হাউস ওটুর প্রধান পরিচালন কর্মকর্তা আসিফ ইবনে মান্নান জানান, শার্টের কলার এবং হাতার নিচের দিকটায় আনা হচ্ছে ভিন্নতা। শার্টের মূল রঙের বাইরে আলাদা কাপড় কলারের ভেতর ও হাতার নিচের দিকটায় ব্যবহার করা হচ্ছে। ওয়েস্টার্ন ধাঁচের শার্ট অনেকে পছন্দ করছেন।
যেমনটা চলছে
নরম সুতি কাপড়ের শার্ট চলছে এখন। খাটো ও ফুলহাতার পাশাপাশি চলছে থ্রি-কোয়ার্টার হাতার শার্ট। হাতার নিচের অংশ গুটিয়ে এনে আটকে রাখা হচ্ছে কনুইয়ের ওপর বোতামে। দেশি সুতি শার্টও আছে বাজারে। ন্যারো, ব্যান্ড এবং টিউনিক ব্যান্ডের কলার বেশি চলছে। একরঙা ছাড়াও স্ক্রিনপ্রিন্ট, চেক, এমব্রয়ডারির নকশা করা হচ্ছে শার্টের ওপরে। পকেটে থাকছে নানা ঢং। কোনোটায় এক বা একাধিক পকেট। কোনোটা আবার পকেট ছাড়া। অনেক শার্টের নিচের দিকটায় বাঁকা করে জুড়ে দেওয়া হচ্ছে বাড়তি পকেট।
সামনের দিকে ওপর-নিচ করে ভিন্ন সুতার লম্বা সেলাই বা বাড়তি ভাঁজ আছে কোনো শার্টে।
শার্টের পেছনের কাটেও এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন। বোতামেও থাকছে নানা ধরন।

দরদাম
খাটো হাতার শার্ট কিনতে পারবেন ৫০০ থেকে এক হাজার ৪০০ টাকায়। ফুলহাতা শার্টের দাম পড়বে ৮০০ থেকে তিন হাজার টাকায়। এ ছাড়া থ্রি-কোয়ার্টার হাতার শার্টের দাম পড়বে দুই হাজার টাকার মধ্যে। কোনো কোনো দোকানে দরদাম করে কিছুটা কমিয়ে নিতে পারেন।
যেখানে পাবেন
রাজধানীর প্রায় সব শপিং মলেই পাবেন শার্ট। এ ছাড়া নিজের পছন্দমতো কিনতে পারেন ফ্যাশন হাউস ব্যাং, ওটু, ফ্রিল্যান্ড, একস্ট্যাসি, ক্যাটস আই, ইয়েলো, ওয়েস্টেকস, স্মার্টেক্স, প্লাস পয়েন্ট, সিলভার রেইন, আর্টিস্টি, তানজিম স্ট্রিটস, দর্জি বাড়িসহ বিভিন্ন দোকানে।
