এখন এগিয়ে যাওয়ার পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ডেল। ডেল ইনেকর প্রতিষ্ঠাতা। জন্ম ১৯৬৫ সালের ২৩ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রে। ইউনিভার্সিটি অব টেক্সাসে পড়তেন জীববিজ্ঞান নিয়ে। কিন্তু কম্পিউটার নিয়েই ছিল তাঁর কৌতূহল। সেই কৌতূহল ও নিজের প্রতি অগাধ বিশ্বাসই তাঁকে ডেল ইন্ক প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করেছে। ইউনিভার্সিটি অব টেক্সাসের ২০০৩ সালের সমাবর্তনে তিনি এ বক্তব্য দেন।এখানে আসতে পারা সম্মানের বিষয়। আমি জানি, তোমরা ও অভিভাবকেরা অনেক বছর ধরে এই দিনটার প্রতীক্ষায় ছিলে।এখন রাত, কিন্তু আসলে তোমরা ভাসছো চমৎকার একটা ভ্রমণের ভেলায়। যেখানেই যেতে চাও, যাত্রা শুরু করার সিদ্ধান্তটা পাকাপোক্ত হলেই ভেলা চলতে শুরু করবে। পৃথিবীর অনেক অবদান, অগণিত অর্জন শেষাবধি সম্ভব হয়নি, শুধু শুরু না করার কারণে।তোমরা সাফল্যের সঙ্গেই মহৎ, সম্মানজনক ও তাৎপর্যময় কিছু (ডিগ্রি) অর্জন করেছ। এখন এগিয়ে যাওয়ার পালা তোমাদের। কিন্তু সেসব সিদ্ধান্ত নিতে তোমাকে নিরুৎসাহিত যেন কেউ করতে না পারে। তোমার সামনে অফুরন্ত সম্ভাবনা। তাই বলে সঠিক সুযোগটা বেছে নিতে অযথা সময় নষ্ট কোরো না, তাহলে সুযোগটাই হাতছাড়া হয়ে যেতে পারে।চলতি পথে অনেক ব্যর্থতা আসবে, সেটা স্বীকার করে নাও। মনে রেখো, অনেক বাধাবিপত্তি আসতেই পারে। তোমার ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে, অন্যদের ভুল থেকেও। সাফল্যের মধ্যে কমই শেখা যায়।তোমার সামনে কঠিন দিন আসবে, বিস্ময়কর সব অভিজ্ঞতার মুখোমুখি হবে—এসব জেনেই অভিযাত্রার অঙ্গীকার করতে হবে। নিজের যে দক্ষতা আছে আর যা শিখেছ, তার ওপর ভর করেই এগিয়ে যাও। কেননা, কোনো কিছু শুরু করতে না পারা থেকেই পরিতাপের জন্ম হয়।যাত্রা শুরুর পর, আগের গৎবাঁধা সব পথ-ম্যাপ ছুড়ে ফেলতে হবে। পথচলার পরিকল্পনা নতুন করে নিজেই বানাতে হবে।তোমার আরেকটা বাড়তি সুবিধা আছে, বাঁধাধরা চিন্তাচেতনার ভারে নিশ্চয়ই নুয়ে পড়োনি তুমি। পৃথিবীকে দেখার ভঙ্গিটা তোমার অভিনব ও চিরসতেজ। বিশ্ববিদ্যালয়ের বিগত সময়গুলো তোমার আবিষ্কারের চেতনা ও কৌতূহলকে শাণিত করতে সাহায্য করেছে। আর কৌতূহলই তোমার সাফল্যের সবচেয়ে বড় সহায়ক।অভিনব ও ভিন্ন কিছু করার সুযোগ প্রায়ই পাবে। অবাঞ্ছিত বিষয় বর্জন করতে কিংবা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে কোনো কিছুর উৎকর্ষসাধনের সুযোগও তুমি পাবে। কিন্তু এ পথে যারা আগে হেঁটেছে এবং যারা দূরদর্শী, তাদের সাহচর্যে থাকতে হবে। সম্পূর্ণ নতুন ধ্যানধারণা নিয়ে কখনো কখনো তুমি বিশাল কিছু অর্জনের সুযোগ পেতে পারো, যা আগের প্রচলিত ধারণাকেই পুরো পাল্টে দিতে পারে। তোমার চারপাশের জগৎটাকে বোঝার চেষ্টা করো। বই পড়ো। ওয়েবসাইট দেখো। চারপাশের মানুষকে জানো। সমূহ বিপদগুলোকে চিহ্নিত করো এবং সুবর্ণ সুযোগগুলোতে গুরুত্ব দাও। স্বপ্ন দেখো সর্বোচ্চ ভালো করার। আর স্বপ্নটা সত্যি করতে পরিশ্রম করো প্রাণপণে। ভ্রমণের জন্য যে পথটা তুমি বেছে নিয়েছ, মনে রেখো, সেই পথ শক্ত ও মজবুত করতে যে পাথর প্রয়োজন, তা হলো চারপাশের মানুষের সঙ্গে তোমার সম্পর্ক।সবচেয়ে বড় যে ভুলটা তুমি করতে পারো, তা হলো তুমি একাই সবকিছু সুসম্পন্ন করতে পারবে—এটা ভাবা।ডেলে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে একটা শক্তিশালী দল তৈরি ও তার উত্তরোত্তর উৎকর্ষ সাধন করা। এ কাজে আমি নিজের সম্পূর্ণটা উজাড় করে দিই। যারা সেকেলে ধারণাকে বাদ দিয়ে নতুন চেতনায় উদ্দীপ্ত এবং উৎকর্ষসাধনে যারা সদাব্রত, তাদের পাশে নিয়ে এগিয়ে যাওয়ার শিক্ষাটা আমি অনেক আগেই পেয়েছি। সে সব মানুষ যেন সফল হয়, সেজন্য তাঁদের সাহায্য করতে শিখেছি। নিজেকে সর্বোত্তম দক্ষ ভেবো না। আরও বুদ্ধিমান, আরও দক্ষ যারা, তাদের পরামর্শ নাও। আমরা একে অপরের জন্য। একজন নেতা হিসেবে আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা ও অর্জনগুলোর পেছনের শক্তি হচ্ছে অন্যদের সঙ্গে আমার সম্পর্ক।পথচলার সময় অবশ্যই মনে রাখবে, তুমি কোত্থেকে এসেছ। যে জায়গায় আমাদের জন্ম, সেখানকার ধুলোবালি আর স্বপ্ন সবাই আমরা লালন করি।পুরো পথেই নিজেকে প্রশ্ন করবে তুমি, ‘আমি কেন এই পথে?’ এর একটা উত্তর আমি তোমাদের বলতে পারি। সেটা হলো, জিততে। এই জেতাটা হচ্ছে নিজের সম্ভাবনাময় শক্তির জয়। এই জেতাটা হলো শ্রেষ্ঠ হিসাবরক্ষক, প্রকৌশলী অথবা শিক্ষক হওয়ার যে সম্ভাবনা তোমার মধ্যে আছে, সেটার জন্য নিজেকে বিশ্বাস করা। অন্য কারও সাফল্য দেখে নিজের সফলতাকে বিচার কোরো না।আমি খুব সৌভাগ্যবান যে আমি আমার আকাঙ্ক্ষা, ইচ্ছে সম্পর্কে সন্দেহাতীত ছিলাম জীবনের শুরু থেকেই। আমি বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। কিন্তু কম্পিউটারের সব বইপত্র, যন্ত্রপাতি আমাকে খুব টানত। হলে আমার রুমমেটও সে রকমই বলত। ১৯ বছর আগে (১৯৮৪), আমার বয়স তখন ১৯। আমি ডেল নিয়ে কাজ শুরু করি, হলের ওই ঘরেই।কোন বিষয়ে তার আগ্রহ বেশি—এটা অনেক মানুষই অনেক পরে জানতে পারে। আবার কেউ কেউ আছে, যারা এটা কখনোই জানতে পারে না। এরই মধ্যে তুমি যদি তোমার লক্ষ্যটাকে স্থির করে থাকো অথবা খুঁজছ এমন হয়, মনে রেখো, কৌতূহলই এনে দেবে তোমার জীবনের সফলতা। স্বপ্ন সত্যি করতে তোমার ভেতরে যে ‘তুমি’ আছে, তার কথা শুনতে হবে। আকাঙ্ক্ষা যদি বড় হয়, তোমার স্বপ্ন সত্য হবেই। সততা, নৈতিকতা ও আগ্রহ নিয়ে কাজ করতে হবে। যদি তোমার স্বপ্নের সঙ্গে আপস না করো, তুমি সফল হবেই।এটা একটা ভ্রমণের কথা, যাত্রা পথের কথা, যে পথে আমরা হেঁটে এসেছি। বেশির ভাগ সময়ই আমরা একসঙ্গে হাঁটি, যেমনটি তোমরা এই বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা করলে। তবুও শেষে কিন্তু তুমি একা। এটা তোমার একারই পথচলা।পথ বেছে নিতে তুমি যেমন স্বাধীন, সফল হওয়াটাও তোমার জন্য উন্মুক্ত। দরকার শুধু কঠোর পরিশ্রম এবং একটা স্বপ্ন। আজ যারা বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করলে, তাদের অনেকেই জান না যে, তোমরা পৃথিবীটাই বদলে দিতে যাচ্ছ এবার। আমি জানি, সত্যিই তোমরা পৃথিবীটা বদলে দেবে। কীভাবে বদলাবে, সে সিদ্ধান্ত নিতে হবে তোমাদেরই। তোমাদের আগামী দিনের চলার পথ রোমাঞ্চকর হোক। অভিনন্দন তোমাদের।ইন্টারনেট থেকে পাওয়া, নির্বাচিত অংশের অনুবাদ জাহাঙ্গীর আলম