এখন কোটা শাড়ি
গরমে শাড়ি পরা অনেকে বাদই দিয়েছেন। তবে হালকা বুননের কোটা শাড়ি পরতে পারেন এ মৌসুমেও। আরাম তো পাবেনই, নকশায়ও দারুণ ফ্যাশনেবল।‘শাড়ির ফ্যাশনে প্রতিবছরই পরিবর্তন আসে। তবে কোটা শাড়ির ফ্যাশনটা যেন পুরোনো হয় না কোনো বছরই। ওজনে হালকা হওয়ার কারণে কোটা শাড়ি আমাদের দেশের আবহাওয়ায় ব্যবহার করে আরাম পাওয়া যায়।’ বলেন ড্রেসিডেলের পরিচালক ও ফ্যাশন ডিজাইনার মায়া রহমান। বুননের বৈচিত্র্যের কারণে কোটা শাড়ি সব সময়েই বাঙালি নারীর মন কেড়েছে। বর্তমানে বৈচিত্র্যময় এ বুননের সঙ্গে যোগ হয়েছে নানা কারুকাজ ও নকশা। অন্দর থেকে বাহির আর উৎসব-আয়োজন কোটা শাড়ি এখন সমাদরে গৃহীত হচ্ছে সবখানে। মায়া রহমান বলেন, ‘ঘরে পরার জন্য আপনি চিকন সোনালি পাড়ের একরঙা সুতি কোটা শাড়ি বেছে নিতে পারেন। হালকা কাজের সুতি কোটা শাড়ি পরে কর্মক্ষেত্রেও যেতে পারেন অনায়াসেই। বিকেলে বেড়াতে যেতে পরতে পারেন হাফ সিল্কের হালকা নকশাদার কোটা শাড়ি। এখন হাফ সিল্কের ওপর কারচুপি, চুমকি, এমব্রয়ডারি, অ্যাপ্লিকের ব্যবহার করে করে কোটা শাড়িতে জমকালো রূপ দেওয়া হচ্ছে। যেকোনো বড় উৎসব ও আয়োজনের জন্য একেবারে চোখ বুজেই বেছে নিতে পারেন জমকালো এ শাড়িগুলো।’ কোটা শাড়ির সঙ্গে সব সময়েই ব্যবহার করতে সুতির কিংবা ভয়েলের তৈরি ব্লাউজ বেশি আরামদায়ক হয়। আপনি আপনার পছন্দের রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে তৈরি করে নিতে পারেন ব্লাউজ। একটু জমকালো কোটা শাড়ির ব্লাউজের কাপড় হিসেবে সিল্ক বেছে নিতে পারেন। পুরো শাড়িতে কারুকাজ থাকলে ব্লাউজটি সাদামাটা হলেই মানাবে ভালো। তবে শাড়ির কেবল আঁচল ও পাড় যদি জমকালো হয়, তাহলে ব্লাউজের কারুকাজেও জমকালো ভাব ফুটিয়ে তুলতে পারেন।কোটা শাড়ির সঙ্গে আপনার সাজগোজ কেমন হবে, তা নিয়ে পরামর্শ দিয়েছেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। সুতি কোটা শাড়ির সঙ্গে সাদামাটা সাজেই আপনাকে ভালো দেখাবে। ঘরের সাজে হালকা কমপ্যাক্ট পাউডার আর কাজলই যথেষ্ট। এর সঙ্গে কানে সোনার ছোট দুল আর হাতে চিকন দু-একটা চুড়ি পরতে পারেন। কোটা শাড়িতে অফিসের সাজে নিজেকে যতটা সতেজ রাখা যায় ততটাই ভালো। গালে হালকা ফেস পাউডারের ছোঁয়া আর চোখে থাকতে পারে রঙিন কাজল। কালো কাজলের সঙ্গে চোখে হালকা বাদামি আর সোনালির ছোঁয়াও থাকতে পারে। কর্মক্ষেত্রে শাড়িটা আঁটসাঁট করে পরার পাশাপাশি চুলটাও বেঁধে নিন সেভাবেই। এতে গরমেও আরাম পাবেন, আবার কাজেও সমস্যা হবে না। এর সঙ্গে গলায় একটা বড় মালা আর হাতে একটা বালাও থাকতে পারে। জমকালো সাজে শাড়ির রঙে মিশিয়ে গাঢ় কোনো শ্যাডো লাগিয়ে নিতে পারেন চোখে। এর সঙ্গে কালো রঙের মিশেলে চোখে স্মোকি ভাবও ফুটিয়ে তুলতে পারেন। শাড়ি ও ব্লাউজের সঙ্গে কনট্রাস্ট করে চোখে রঙিন কাজলও লাগাতে পারেন। ব্লাশঅনটা মানাবে বাদামি রঙের। এর সঙ্গে রঙিন ম্যাট লিপস্টিক বুলিয়ে নিতে পারেন। এ সাজে চুলটা বাঁধতে পারেন মজা করে। চুল এক পাশে বেণি করে ছেড়ে দিতে পারেন আবার কোঁকড়া ভাব এনে বাতাসে খেলতে দিতে পারেন এলো চুল।কোটা শাড়ির দরদামফ্যাশন হাউস ড্রেসিডেলে সুতি কোটা শাড়ি পাবেন ২২০০-৩০০০ টাকার মধ্যে। রঙ-এ সিল্ক কাপড়ে ব্লক প্রিন্ট, বাটিক, স্ক্রিন প্রিন্টের কোটা শাড়ি পাবেন ১৫৫০-২১৭০ টাকায়।বিবিআনায় কোটা শাড়ি পাবেন ১০০০-১২১০ টাকায়। সাদাকালোয় হাফ সিল্কের কোটা শাড়ি পাবেন ১৫২০-৩০০০ টাকায়। এ ছাড়া ঢাকার ধানমন্ডি হকার্স মার্কেটে একরঙা ও ব্লক প্রিন্টের কোটা শাড়ি মিলবে সুতি ২৫০-৪০০ টাকায়, হাফ সিল্ক ৫০০-১২০০ টাকায়। একরঙা কোটা শাড়ি কিনে আপনি চাইলে পছন্দমতো পাড়ও লাগিয়ে নিতে পারেন। তবে সুতি হাফ সিল্ক যেকোনো ধরনের কোটা শাড়ির ক্ষেত্রেই এর নিচের দিকে চওড়া করে ফল ও পাড় লাগাতে ভুল করবেন না। এতে পরার ক্ষেত্রে সুবিধা ও আরাম দুটোই হবে। কোটা শাড়ি পরার আগে হালকা মাড় বা অ্যারারুটে ডুবিয়ে নিয়ে ইস্ত্রি করে নিলে আপনাকে ঝরঝরে দেখাবে। তবে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে মাড় ও অ্যারারুট দেওয়া পরিহার করবেন। শাড়ি পরে খুলে ফেলার পর তা বাতাসে কিছুক্ষণ মেলে রাখবেন, তারপর আলমারিতে তুলে রাখবেন।