এখন চলছে নেইমার উলকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার ট্যাটুর জনপ্রিয়তা বাড়ছে
নেইমার ট্যাটুর জনপ্রিয়তা বাড়ছে

ফুটবল বিশ্বকাপ জমে উঠেছে। তারকা ফুটবলারদের অনুকরণে এখন ফ্যাশনও করছেন অনেকেই। ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের অনুকরণেও অনেকেই এখন চুল ছাঁটছেন, উলকিও আঁঁকছেন। ব্রাজিলে এখন নেইমার ভক্তদের মধ্যে চলছে প্রিয় তারকার মতো করে উলকি আঁঁকানোর কাজ। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ব্রাজিল বংশোদ্ভূত ইতালিয়ান তরুণ আলেসান্দ্রো কোরাডিনি এমনই একজন নেইমার ভক্ত। নেইমারের অনুকরণে পাঁচটি ট্যাটু করিয়েছেন তিনি। এই ট্যাটু তৈরি করতে তিনি খুঁজে বের করেছেন নেইমারের যিনি ট্যাটু করেছেন সেই শিল্পীকেও।

কোরাডিনি বিবিসিকে বলেছেন, ‘আমি নেইমারের স্টাইলের ভক্ত কিন্তু ট্যাটুগুলি আমার নিজস্ব। নেইমারের মতো ট্যাটু করতে আমার ভালো লেগেছে।’ কোরাডিনি আরও বলেন, ‘অনেকেই তাঁদের প্রিয় তারকার উলকি মুখে এঁকেছেন বা অন্য কোনো পাগলামো করেছেন। কিন্তু আমি তা করার পক্ষপাতী নই।’

ব্রাজিলের সাও পাওলো ভিত্তিক ট্যাটু শিল্পী আকেমি হিগাসি ফুটবলারদের ট্যাটু এঁকে খ্যাতি পেয়েছেন।  ব্রাজিলের স্ট্রাইকার আলেকজান্ডার পাতো, চিলির জর্জ ভালদিভিয়ার মতো তারকার ট্যাটু এঁকেছেন তিনি। তাঁর মতে, বডি আর্টের প্রতি আকর্ষণ থেকেই ফুটবলারদের মধ্যে ট্যাটুর জনপ্রিয়তা বাড়ছে। এই ট্রেন্ড এসেছে ফুটবলার ডেভিড বেকহামের কাছ থেকে। অনেকেই এখনও বেকহামের মতো ট্যাটু করাতে চান।’

এবার বিশ্বকাপ উপলক্ষে তারকাদের মতো করে উলকি তৈরি বিষয়টি জনপ্রিয় হচ্ছে বলেই মনে করছেন ট্যাটু বিশেষজ্ঞরা।