
হেমন্তের হাওয়ায় শীতের আগমনী বার্তা। সকালে হালকা ঠান্ডা আর দুপুরে কড়া-মিঠে রোদ। দুইয়ের মধ্যে পড়ে ঠোঁট ও ত্বকের অবস্থা যাচ্ছেতাই! রোদ বাড়ার সময় বাইরে বেরোলে মুখে খসখসে ভাব দেখা দেয়। ঠোঁট শুকিয়ে সাদা দেখায়। ছেলেদের এই সমস্য আরও বেশি। হেয়ারোবিক্সের রূপ পরামর্শদাতা মাহবুব শাদীন বলেন, শীতের আগের এই সময়টা অল্প করে হলেও ত্বক ও ঠোঁটের যত্ন নেওয়া উচিত। কম সময়ে অল্প একটু যত্নেই ভালো রাখা যায় ত্বক ও ঠোঁট। বাজারের নানা ধরনের প্রসাধনী ব্যবহার ছাড়াও হাতের কাছের জিনিস দিয়েই নিজেকে ভালো রাখা সম্ভব।
দেখে নিতে পারেন শাদীন মাহবুবের দেওয়া পরামর্শগুলো।
ত্বকের যত্নে
এক চা-চামচ জলপাই তেলের সঙ্গে একটা দেশি মুরগির ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। এটা প্রাকৃতিকভাবে ত্বকের বাইরের আবরণকে সতেজ রাখবে। এটি ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিনগুলোর জোগান দেবে। মিশ্রণটি ব্যবহারে আরও ভালো ফল পেতে চাইলে কয়েক ফোঁটা লেবুর রস ও গোলাপজল মিশিয়ে নিতে পারেন।
শুষ্ক ত্বকের জন্য এই প্যাক বেশি উপযুক্ত। একটি পাকা কলা আর এক কাপ দই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার প্যাকটি মুখে লাগিয়ে আধা ঘণ্টা রেখে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
একটি লেবুর অর্ধেক অংশের রসের সঙ্গে এক চা-চামচ চিনি দিয়ে স্ক্রাব তৈরি করে নিন। নিয়মিত এটি মুখে মাখিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে দূর হবে মুখের খসখসে ভাব। ত্বকের কোষগুলোর বৃদ্ধিও স্বাভাবিক থাকবে এর ফলে।
ঠোঁটের যত্নে
শীতে আপনার ঠোঁট ভালো রাখতে পেট্রোলিয়াম জেলি ও গ্লিসারিনের ব্যবহার শুরু করতে পারেন এখনই। এই সময়ের বাতাসে ঠোঁট শুকিয়ে আসে। অনেকে থুথু দিয়ে ঠোঁট ভেজান। এতে ঠোঁট আরও বেশি শুকিয়ে চামড়া উঠতে থাকে। এসব থেকে বাঁচতে চাইলে পেট্রোলিয়াম জেলির সঙ্গে সমপরিমাণ গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। রাতে ঘুমানোর আগে মিশ্রণ ব্যবহার করতে পারেন।
শেভ করার পর
নিয়মিত শেভ করার কারণে ছেলেদের ত্বকের আর্দ্রতা কমে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। শীতের সময়ে সেটা আরও বেশি প্রকট হয়। তাই যাঁরা নিয়মিত শেভ করেন, তাঁদের শেভের সময়ে জেল ব্যবহার করা ভালো।