এখন চাই সবজির স্বাদ
শীতের সবজি উঠতে শুরু করেছে বাজারে। ঈদের পরপর মাংস খেয়ে এখন একটু স্বাদ বদলেও মন চাইছে নিশ্চয়ই। দেখুন জিনাত নাজিয়ার দেওয়া সবজির নানা রকম পদ।সবজির মুঠি কাবাবউপকরণ: ফুলকপি, বাঁধাকপি, গাজর, পেঁপে ও আলু কুচি করা ৫০০ গ্রাম। বেসন আধা কাপ, ডিমের কুসুম ১টি, দুধে ভেজানো পাউরুটি ২ টুকরা, মিহি কুচানো পেঁয়াজ ১ কাপ, ধনেপাতা, কাঁচা মরিচ ও পুদিনাপাতা পরিমাণমতো, জিরা ও গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, বিস্কুটের গুঁড়া দুই কাপ, ফেটানো ডিম ২টি, টমেটো কুচি ২টি, ভাজার জন্য তেল দুই কাপ, লবণ ও চিনি স্বাদমতো, কুচানো কিশমিশ ২ টেবিল-চামচ।প্রণালি: সবজি এক মিনিট ভাপিয়ে ঠান্ডা করে একে একে বেসন, ডিমের কুসুম, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা মরিচ, টমেটো, চিনি, লবণ ও গুঁড়া মসলা দিয়ে মেখে নিতে হবে। এবার ভেজানো রুটিসহ মেখে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে মচমচে করে ভেজে তুলতে হবে। আস্ত ফুলকপির মাখন রোস্টউপকরণ: মাঝারি সাইজের আস্ত ফুলকপি ১টি। আদা, রসুন ও পেঁয়াজবাটা ১ চা-চামচ করে। কাজু বাদামবাটা ২ টেবিল-চামচ, জায়ফল ও জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ, ধনেপাতা ও পুদিনাপাতা একসঙ্গে বাটা ১ টেবিল-চামচ। টমেটো সস ১ টেবিল-চামচ, মাখন ১০০ গ্রাম, পানি ২ কাপ, ঘি ২ টেবিল-চামচ, ঘন দুধ ২ টেবিল-চামচ, কাজু বাদাম ও কিশমিশ সাজানোর জন্য, লবণ স্বাদমতো। প্রণালি: ফুলকপি বেছে ২ কাপ পানিতে লবণ, সব মসলা এবং একটু সস দিয়ে সেদ্ধ দিতে হবে। এমনভাবে নামাতে হবে যেন ভেঙে না যায়। এবার অর্ধেক মাখন ও ঘি গরম করে সব মসলা, সস ও দুধ দিয়ে রান্না করে একটা বেকিং ট্রেতে ফুলকপি বসিয়ে ১০০ ডিগ্রি তাপমাত্রায় ৫-৭ মিনিট বেক করতে হবে। নামিয়ে ওপরে বাকি ঘি ও মাখন দিয়ে আরও ১ মিনিট রাখতে হবে। এবার ওপরে বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করতে হবে।পাঁচফোড়নে সবজি ভুনাউপকরণ: শীতের সব ধরনের সবজি ১ কেজি। পাঁচফোড়ন ১ চা-চামচ। টমেটো ৩টি, আদাবাটা আধা চা-চামচ। হলুদের গুঁড়া সামান্য। কাঁচা মরিচ, লবণ ও চিনি স্বাদমতো। পেঁয়াজের কুচি ১ কাপ। রসুন ও আদার কুচি ১ চা-চামচ করে। তেল ১ কাপ। ধনেপাতা ও পানি প্রয়োজনমতো। শুকনা মরিচ ৩টি।প্রণালি: তেল গরম হলে শুকনা মরিচ পুড়িয়ে ফেলে দিতে হবে। এবার রসুন ও আদার কুচি পাঁচফোড়ন ভাজা হলে পেঁয়াজ দিয়ে নরম করে ভেজে সব সবজিসহ লবণ, হলুদ ও টমেটো দিয়ে অল্প আঁচে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। নামানোর আগে ধনেপাতা ও চিনি ছড়িয়ে আরও একটু দমে রেখে নামাতে হবে। আচার সবজিউপকরণ: ফুলকপি, গাজর, লাউ, পেঁপে, বেগুন, কুমড়া, শিম এবং শীতের পছন্দমতো সবজি মিলে ৫০০ গ্রাম। আদা, রসুন ও সরিষাবাটা ১ চা-চামচ করে। তেঁতুল গোলা ১ টেবিল-চামচ। চিনি ১ চা-চামচ। সরিষার তেল আধা কাপ। মরিচ ও হলুদের গুঁড়া সামান্য। মেথি ও চাটমসলার গুঁড়া ১ চা-চামচ করে। হিং ১ চা-চামচ। রসুন ও আদা কুচি ১ চা-চামচ। শুকনা মরিচ ৩টি। একটু বড় করে কাটা পেঁয়াজের কুচি ১ কাপ। যেকোনো আচার ১ টেবিল-চামচ। ধনেপাতা ও কাঁচা মরিচ স্বাদমতো। লবণ স্বাদমতো। প্রণালি: অর্ধেক তেল গরম করে পেঁয়াজ ভেজে হিং দিয়ে সব বাটা মসলা একটু পানি দিয়ে কষাতে হবে। সবজি দিয়ে হালকা আঁচে সেদ্ধ করতে হবে। তেঁতুল, চিনি, আচার, মেথি ও চাটমসলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ওপরে কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে দমে রাখতে হবে। এখন বাকি তেলে রসুন ও আদার কুচি, শুকনা মরিচের কুচি ভেজে সবজির ওপর ঢেলে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে।মাংস সবজিউপকরণ: ছোট করে কাটা গরুর মাংস ৫০০ গ্রাম। পছন্দমতো শীতের সব সবজি মিলিয়ে ৫০০ গ্রাম। আদা, রসুন ও জিরাবাটা ১ টেবিল-চামচ করে। পেঁয়াজবাটা ৩ টেবিল-চামচ। হলুদ, ধনিয়া ও মরিচের গুঁড়া ১ চা-চামচ করে। এলাচ, দারচিনি ও লবঙ্গ ২-৩টি করে। তেজপাতা ৩টি। লবণ ও কাঁচা মরিচ স্বাদমতো। সিরকা ও চিনি ১ চা-চামচ করে। তেল আধা কাপ, কুচানো রসুন ১ চা-চামচ, কুচানো পেঁয়াজ ১ কাপ, শুকনা মরিচ ১টি। ধনেপাতা কুচি স্বাদমতো। টমেটো ২টি।প্রণালি: মাংস সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। সিরকা, চিনি, এলাচ, লবঙ্গ, দারচিনি ও ১টি টমেটো দিয়ে আরও একটু রান্না করে সব সবজি দিয়ে ভালোভাবে নেড়ে আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে। ১০ মিনিট পর অন্য হাঁড়িতে তেল গরম করে রসুন লাল করে ভাজতে হবে। এতে পেঁয়াজ দিয়ে ভাজা হলে শুকনা মরিচ তেরছাভাবে কেটে ভেজে সবজি ঢেলে দিতে হবে। এর ওপরে বাকি টমেটো, কাঁচা মরিচ ও ধনেপাতা ছড়িয়ে পাঁচ-ছয় মিনিট দমে রাখতে হবে। নিরামিষ ডালউপকরণ: ডুমো-ডুমো করে কাটা কুমড়া, ফুলকপি, পেঁপে, বেগুন, লাউ, শিম, আলু—সব মিলিয়ে ৫০০ গ্রাম। মসুর ডাল ১ কাপ। ঘি ৪ টেবিল-চামচ, তেল ২ টেবিল-চামচ। হলুদ এক চিমটি। আদা ও রসুনবাটা ১ চা-চামচ করে। টমেটো, পিউরি আধা কাপ। কাঁচা মরিচ, ধনেপাতা ও চিনি পরিমাণমতো। লবণ স্বাদমতো। কিশমিশ ১ মুঠ। পেঁয়াজের কুচি ১ কাপ। শুকনা মরিচ তিন-চারটি। লেবুর রস ১ চা-চামচ। প্রণালি: এক চিমটি হলুদ ও আদাবাটা দিয়ে ডাল অল্প সেদ্ধ করে রাখতে হবে। অর্ধেক তেল ও ঘি দিয়ে সবজি সেদ্ধ দিতে হবে। এবার টমেটোর সঙ্গে আদা, রসুন, কাঁচা মরিচের কুচি, লবণ, লেবুর রস ও চিনি গুলে সবজিতে দিতে হবে। হালকা আঁচে ১৫ মিনিট রান্না করে ডাল দিয়ে আরও দুই-তিন মিনিট রাখতে হবে। এখন বাকি তেলে কিশমিশ ভেজে তাতে পেঁয়াজ ও শুকনো মরিচ ভাজা দিয়ে নামিয়ে ওপরে ভাজা কিশমিশ ও ঘি দিয়ে দমে কিছুক্ষণ রেখে নামাতে হবে। গরুর মাংসে বাঁধাকপির ঝালউপকরণ: ছোট করে কাটা গরুর মাংস দুই কাপ। একটু বড় করে কাটা বাঁধাকপি ৫ কাপ। আদা, জিরা ও রসুনবাটা ১ চা-চামচ করে। কিউব করে কাটা পেঁয়াজ ২টি, কুচানো পেঁয়াজ আধা কাপ। আদা ও রসুনের কুচি ১ চা-চামচ। কাঁচা মরিচ ফালি ১০-১২টি, এলাচ, দারচিনি ২টি করে। তেজপাতা ২টি। টমেটো ১টি। লবণ ও পানি পরিমাণমতো। ধনেপাতা অল্প। তেল ৩ টেবিল-চামচ। হলুদ, মরিচ ও ধনেগুঁড়া আধা চা-চামচ করে।প্রণালি: বাঁধাকপি ছাড়া বাকি সব মসলা দিয়ে মাংস ভুনা করতে হবে। এবার কিউব করে কাটা পেঁয়াজ, টমেটো দিয়ে ১৫ মিনিট রান্না করে বাঁধাকপিগুলো ছড়িয়ে দিতে হবে। যখন হয়ে যাবে, তখন তেল গরম করে আদা, রসুন ও পেঁয়াজের কুচি ভেজে মিশ্রণটি ঢেলে নেড়ে ওপরে ধনেপাতা ও কাঁচা মরিচ দিয়ে পাঁচ মিনিট দমে রাখতে হবে। এই রান্নাটি একটু ঝাল হবে। ফুলকপির পাতুড়িউপকরণ: ফুলকপি ১টি। সরিষাবাটা ২ চা-চামচ। হলুদ ও মরিচের গুঁড়া সামান্য। টক দই আধা কাপ। চিনি, লবণ ও কাঁচা মরিচের কুচি স্বাদমতো। সরিষার তেল আধা কাপ। কালোজিরা ১ চা-চামচ। ক্যাপসিকাম (সবুজ) ১টি। কুচি করা টমেটো আধা কাপ। কলাপাতা ১টি। ঘি ১ টেবিল-চামচ। ধনেপাতা ও পানি সামান্য। প্রণালি: ফুলকপির ফুলগুলো পরিষ্কার করে সামান্য লবণ দিয়ে আধা সেদ্ধ করে পানি ঝরাতে হবে। তেল গরম হলে কালোজিরা ফোড়ন দিয়ে ফুলগুলো নাড়াচাড়া করে একে একে হলুদ, মরিচ, দই, চিনি, লবণ, সরিষাবাটা ও টমেটো দিয়ে ১০-১৫ মিনিট রান্না করতে হবে। এবার কুচি করা ক্যাপসিকাম দিয়ে আরও একটু রান্না করতে হবে। প্রয়োজনে পানি দেওয়া যাবে। মাখা মাখা হলে নামিয়ে একটা ওভেনপ্রুফ বাটিতে কলাপাতা বিছিয়ে পাতুড়ি ঢেলে দিন। আরও একটু পাতা দিয়ে ঢেকে তিন-চার মিনিট বেক করে নামিয়ে নিন। ওপরে ঘি, ধনেপাতা ও বাদাম দিয়ে ১ মিনিট রেখে পরিবেশন করতে হবে।