এখন চূড়ান্ত পর্বের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে সম্মানজনক প্রোগ্রামিং প্রতিযোগিতা হিসেবে গণ্য হয় এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা।এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য যাঁরা নির্বাচিত হন, তাঁদের জন্য খুলে যায় গুগল, ইয়াহু, আইবিএম, মাইক্রোসফট, ফেসবুকের মতো সেরা সব প্রতিষ্ঠানের দুয়ার। এমন উদাহরণ বাংলাদেশি কয়েকজন প্রোগ্রামারের ক্ষেত্রেও আছে। তাই এ প্রতিযোগিতার যেকোনো পর্বে সেরা হওয়াটা অনেক বড় প্রাপ্তি।টানা পাঁচ ঘণ্টার স্নায়ুক্ষয়ী এক পরীক্ষা শেষে যখন প্রতিযোগীদের অপেক্ষার পালা শেষে বিচারকেরা একে একে নাম ঘোষণা শুরু করলেন সেরাদের, তখন অন্য প্রতিযোগীদের করতালিতে কান পাতা দায়।১৯ নভেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) অনুষ্ঠিত আইসিপিসি-২০১২-এর ঢাকা পর্বে এবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বুদবুদ দল। রাতে যখন ফলাফল ঘোষণা হলো তখন এই দলের এফ এ রেজাউর রহমান, মো. এনজাম হোসাইন ও মির ওয়াসি আহমেদ তখন আনন্দে ভাসছেন। কারণ, আগামী বছরের মে মাসে পোল্যান্ডের রাজধানী ওয়ার’সতে চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তাঁরা। তবে মঞ্চ থেকে নেমে কিছুক্ষণ পরই বেশ গম্ভীর হয়ে গেলেন এই তিন তরুণ। জানতে চাইলেই উত্তর, ‘এখন ঢাকা অঞ্চলের চ্যাম্পিয়ন হয়েছি, তাই দায়িত্ব বাড়ল আমাদের। এখন বাংলাদেশের পতাকা নিয়ে পোল্যান্ডে যেতে হবে। ওখানে ভালো করার জন্য এখন থেকেই আরও কঠিন অনুশীলন শুরু করতে হবে।’রানারআপ দল পেলিনড্রোম দলের মাকসুদ হোসেন, ফরহাদ আহমেদ ও বাকের আনাস এসেছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তাঁদের মুখেও হাসি লেগে ছিল। তবে তাতে কিছুটা হতাশার ছাপও দেখা গেল। ‘ইশ্, মাত্র ১৮ মিনিটের জন্য হেরে গেলাম!’ হতাশা মাকসুদের কণ্ঠে। পাশ থেকে বুয়েটের ইটারনিটাস দলের হাফিজ, নাজমুল আর প্রসেনজিৎ বলে ওঠেন, ‘আমরা হেরেছি ২৯ মিনিটের জন্য! ইশ্, আরেকটু আগে যদি শেষ করতে পারতাম।’ ‘মিনিটের’ এই ব্যাপারটা খোলসা করলেন এসিএম আইসিপিসি ঢাকা পর্বের আবুল এল হক। জানালেন, এবার প্রতিযোগীদের জন্য ১০টি প্রোগ্রামিং সমস্যা ছিল। এর মধ্যে মাত্র ছয়টি দল পাঁচটি করে সমস্যার সমাধান করেছে। আর সেই ছয়টি দলের মধ্যে যারা সবচেয়ে কম সময় নিয়েছে, তারাই হয়েছে চ্যাম্পিয়ন। এভাবেই যে যত কম সময় নিয়েছে, তার স্থান এগিয়ে গেছে তত।আবুল এল হক আরও জানালেন, পুরো এশিয়া মহাদেশে ১৫টি সাইট (বা পর্ব) রয়েছে, এই ১৫টি সাইটের ১৫টি চ্যাম্পিয়ন দল পোল্যান্ডে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। এ ছাড়া ‘ওয়াইল্ড কার্ড’ নিয়মে আরও ২০টি দল চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। তাই ঢাকা সাইটের রানারআপ দলের এখনো সম্ভাবনা আছে চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার।এবার বাংলাদেশের ৪৭টি বিশ্ববিদ্যালয়ের রেকর্ডসংখ্যক ১১৫টি দল অংশ নিয়েছিল এ প্রতিযোগিতায়। ১৮ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের পর ছিল মহড়া। ১৯ নভেম্বর সকাল আটটা ৩০ মিনিট থেকে শুরু হয় পাঁচ ঘণ্টার চূড়ান্ত প্রতিযোগিতা। এরপর ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। এ সময় এসিএম আইসিপিসির এশিয়া অঞ্চলের পরিচালক সি জি হুয়াং বলেন, ‘আমি আশা রাখছি, সামনের দিনগুলোয় এই ঢাকা সাইটের প্রতিযোগীর সংখ্যা আরও বাড়বে। বিজয়ীদের এখন থেকেই চূড়ান্ত পর্বে অংশগ্রহণের প্রস্তুতি নিতে হবে।’ সি জি হুয়াং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির প্রধান হাফিজ জি এ সিদ্দিকীকে অভিনন্দন জানান সুষ্ঠুভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য। প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল মুহম্মদ জাফর ইকবালের। কিন্তু তিনি অসুস্থ থাকায় এ দায়িত্ব পালন করেন এসিএম আইসিপিসির কানপুর পরিচালক ড. ফাল্গুনী গুপ্তা। তাঁর মতে, ‘১১৫টি দলের মধ্যে ১১৩টি দলই কমপক্ষে একটি সমস্যার সমাধান করেছে, তাই সামগ্রিক ফলাফল বেশ ভালো বলতে হবে।’ঢাকা সাইট নিয়ে১৯৯৬ সাল পর্যন্ত এশিয়া মহাদেশে এ প্রতিযোগিতার মাত্র দুটি সাইট ছিল সাংহাই ও তাইপে। এরপর ১৯৯৭ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আঞ্চলিক আয়োজক হওয়ার সুযোগ পেলে এ তালিকা বেড়ে তিনে দাঁড়ায়। তাইপে, সাংহাইয়ের পর ঢাকা হয় এসিএম আইসিপিসির এশিয়া মহাদেশের তৃতীয় ভেনু। এরপর ২০০০ সাল ছাড়া প্রতিবছর ঢাকা সাইট ছিল। এর মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়বার, বুয়েট তিনবার এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় একবার করে ঢাকা সাইটের আয়োজক ছিল। আগামী বছর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ঢাকা সাইটের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকা সাইটের মান উন্নয়নের লক্ষ্যে ড. আবুল এল হককে প্রধান করে ‘এসিএম আইসিপিসি কনটেস্ট কাউন্সিল ফর বাংলাদেশ’-এর কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়ে গিয়েছেন সি জি হুয়াং। এ কাউন্সিলের কাজ হবে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে আইসিপিসির আদলে প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা এবং এর বিস্তার ঘটানো।এসিএম আইসিপিসি ঢাকা পর্বের সেরা ১০ দল চ্যাম্পিয়ন : বুয়েট বুদবুদ (৫ সমাধান ৫০৫ মিনিট)। রানারআপ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলিনড্রোম (৫ সমাধান ৫২৩ মিনিট)। তৃতীয় : ঢাকা বিশ্ববিদ্যালয় যা ইচ্ছে তাই (৫ সমাধান ৫৩৬ মিনিট)। চতুর্থ : বুয়েট ইটারনিটাস (৫ সমাধান ৫৪১ মিনিট)। পঞ্চম : ঢাকা বিশ্ববিদ্যালয় রেজোনেন্স (৫ সমাধান ৫৬৮ মিনিট)। ষষ্ঠ : ঢাকা বিশ্ববিদ্যালয় হাউ মাউ খাউ (৫ সমাধান ৫৯০ মিনিট)। সপ্তম : বুয়েট এসিমটোটাস (৪ সমাধান ৩০৮ মিনিট)। অষ্টম : ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্সিকা সেঞ্চুরিয়া (৪ সমাধান ৩৫৮ মিনিট)। নবম : বুয়েট ইলুমিনেটি (৪ সমাধান ৩৬৫ মিনিট)। দশম : বুয়েট ডাইনামাইট (৪ সমাধান ৪৬৬ মিনিট)।