এখন তাদের লোনা পানি পান করতে হচ্ছে না

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ওয়াসার কোনো সরবরাহ লাইন নেই। তার ওপর উপজেলার সদরের বেশির ভাগ নলকূপের পানিই লোনা। তবে গত বছর উপজেলা পরিষদে প্রাঙ্গণে লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্ট স্থাপনের পর বদলে গেছে চিত্র। সেখান থেকে ৫০ পয়সায় মিলছে এক লিটার বিশুদ্ধ পানি। সুলভে সুপেয় পানি পেয়ে খুশি এলাকার মানুষ।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ২০১৫ সালে উপজেলা পরিষদের মসজিদের পাশে লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্ট স্থাপন করা হয়। প্ল্যান্টে মাটির গভীর থেকে পানি তুলে পরিশোধন করে লবণ ও লোহা দূর করা হয়। সদর ইউনিয়নের বাসিন্দারাই মূলত এখান থেকে পানি কেনেন। প্ল্যান্টে প্রতিদিন এক হাজার লিটার পানি বিশুদ্ধ করার ক্ষমতা থাকলেও ক্রেতাদের চাহিদা অনুসারে পানি বিশুদ্ধ করা হয়। বর্তমানে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ লিটার পানি বিক্রি হয়। সাধারণ ক্রেতা থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও এখান থেকে পানি কেনেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন নৈশপ্রহরী প্ল্যান্টের পাম্প চালু ও বন্ধ করেন এবং পানি বিক্রি করেন।
সরেজমিনে দেখা যায়, ৮ ফুট বাই ১০ ফুট একটি কক্ষে পানি বিশুদ্ধকরণ যন্ত্রটি স্থাপন করা হয়েছে। একটি বড় পাম্প দিয়ে তোলা হচ্ছে পানি। মাটির নিচ থেকে তোলা পানি তিনটি পরিশোধন যন্ত্রের মাধ্যমে বিশুদ্ধ করা হয়। এগুলো হলো কার্বন ফিলটার, ওয়াটার সফটনার ও রিভার্স অসমোসিস ফিলটার। এভাবে পরিশোধন হয়ে আসা পানিতে লবণ ও লোহা থাকে না।
নৈশপ্রহরী অমর পালিত জানান, মাটির গভীর থেকে পানি তুলে তা ব্যাকওয়াশ (পরিষ্কার) শেষে ফিল্টারিং করা হয়। আর তা ক্রেতাদের চাহিদা অনুসারে বিক্রি করা হয়। তিনি আরও জানান, প্রতি মাসে বিদ্যুৎ বিল ও অন্যান্য খরচ মিটিয়ে পানি বিক্রির বাকি টাকা ব্যাংকে জমা রাখা।
উপজেলা পরিষদের সামনেই মো. জাকিরের চায়ের দোকান। জাকির বলেন, ‘আগে দোকানের জন্য মিনারেল ওয়াটার কিনতে হতো। কেনা পিন দিয়েই চা বানাতাম। ফলে খরচ বেশি পড়ত। এখন সস্তায় বিশুদ্ধ পানি পেয়ে খুশি লাগছে। কম দামে পানি কিনে গ্রাহকদেরও খাওয়াচ্ছি।’
উপজেলা পরিষদে পরিবার নিয়ে বসবাস করেন জামাল উদ্দিন (৪৫)। তিনি বলেন, আনোয়ারা সদরে খাবার পানি নিয়ে দীর্ঘদিনের সমস্যা। এখানকার পানি অনেকটাই লবণাক্ত। তাই এ প্ল্যান্ট স্থাপন করায় আমরা কম দামে সুপেয় পানি পাচ্ছি।
এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রিয়াঙ্কা চাকমা প্রথম আলোকে বলেন, লোহা ও লবণাক্ততা দূরকারী এ প্ল্যান্ট স্থাপন করায় উপজেলা সদরের বাসিন্দাদের পানির কষ্ট দূর হয়েছে। পাশাপাশি এ প্ল্যান্টের ওপর মানুষের নির্ভরশীলতাও বাড়ছে।