এখন তো সময় প্রিজমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেল কটা দিনে ফেসবুকে প্রিজমার বিশেষ আবহে তৈরি নিজেদের ছবি দিয়েছেন অনেকেই
গেল কটা দিনে ফেসবুকে প্রিজমার বিশেষ আবহে তৈরি নিজেদের ছবি দিয়েছেন অনেকেই

ঈদের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ রসকষহীন জীবন কাটছিল মেঘনার। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে বিবিএপড়ুয়া এই মেয়ের দিনের অনেকটা সময়ই কাটে ফেসবুক আর ইনস্টাগ্রামে। এই পোস্ট দেওয়া, সেই ছবি শেয়ার দেওয়া, অন্যের ছবি-পোস্টে লাইক দেওয়া, চেকইন দেওয়াই ছিল নিত্যদিনের কাজ। হঠাৎ করেই এক সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে হাজারো বন্ধুর প্রোফাইল ছবি পরিবর্তনের নোটিফিকেশনে আঁতকে ওঠে মেঘনা। সবারই প্রোফাইলে হাতে আঁকা, স্কেচ ঘরানার ছবি। মেঘনা তো ছবিগুলোকে আমরা রিকশার পেছনে যে হাতে আঁকা ছবি দেখি তা-ই ভাবা শুরু করে। ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে জানল হঠাৎ করেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ‘প্রিজমা ম্যানিয়াক’ দিয়ে ভরে গেছে, প্রিজমা নামের ছবি সম্পাদনার মুঠোফোনের অ্যাপ দিয়েই তরুণেরা প্রোফাইল ছবি বদলানোর মিছিলে যোগ দিয়েছেন। মেঘনার কাছ থেকেই জানতে চাইলাম, প্রিজমার কাজটা কী? সবাই এর জন্য হঠাৎ করে পাগল হলো কেন? মেঘনার নিরস উত্তর, ‘সবাই নিজেকে অন্যদের কাছে ভালো করে প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করে। এই সেলফির যুগে হাজারো ছবি সম্পাদনার অ্যাপ দিয়ে চলে এই সৌন্দর্য প্রকাশের বিভিন্ন মাত্রা। এই মাত্রায় সুনামি তৈরি করেছে প্রিজমা। শ খানেক বছর আগে চিত্রকরেরা হাতে যেভাবে ছবি আঁকতেন প্রিজমাতেও তেমন “ইফেক্ট” দিয়ে ছবিকে সুন্দর করে তোলা যায়।’

.
.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সুরঞ্জনা অর্পণ চক্রবর্তী আর আনতারা আনজুমকেও দেখা গেল প্রিজমা-জ্বরে ভুগতে। প্রিজমার খোঁজ পেয়ে ছবি সম্পাদনা, তারপর ফেসবুক-ইনস্টাগ্রামে আপলোড দিয়ে হাজার লাইক-কমেন্টসের জোয়ারে ভেসে যাওয়াই এখন ‘ট্রেন্ডিং’। প্রিজমার গোটা ত্রিশেক ফিল্টার ব্যবহার করে ছবিকে বিভিন্ন ঢঙে প্রকাশ করা যায়। যে কেউ প্রিজমা দিয়ে সম্পাদিত ছবিকে হাতে আঁকা শিল্পীর ছবি বা কোনো শিশুর স্কুলের ড্রয়িং খাতায় আঁকা ছবির সঙ্গে তুলনায় যেতে পারে।
আপাতত আইফোন ব্যবহারকারীরা শুধু প্রিজমা দিয়ে নিজেকে সারা দুনিয়া থেকে আলাদা করতে পারছেন। আইফোন নেই বলে যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে ‘প্রিজমা-ক্রান্ত’ হতে না পারেন, আপনার জন্য সুসংবাদ দিচ্ছে প্রযুক্তির সংবাদবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট। অল্পদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড ফোনে আসবে প্রিজমা। prisma-ai.com ওয়েবসাইটে চোখ রাখতে পারেন।
বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার দুনিয়া এখন দুভাগে বিভক্ত—এক দলের প্রিজমা আছে, আরেক দলের নেই। যাদের প্রিজমা ছিল না তাদের কয়েকজন আবার এক কাঠি সরেসও বটে। আইফোন ব্যবহারকারীরা শুরুতে প্রিজমা দিয়ে শুধু ছবি সম্পাদনার সুযোগ পেয়েছেন। তাই যাঁদের আইফোন নেই তাঁরা আইফোন আছে এমন বন্ধুবান্ধবকে অনুরোধ করে প্রিজমা দিয়ে ছবি সম্পাদনা করে নিজেকে ট্রেন্ডের স্রোতে ভাসিয়েছেন। এমনটাই করেছেন বেসরকারি একটি ব্যাংকের তরুণ ব্যাংকার মঞ্জুরুর রহমান। তিনি জানান, ‘আইফোন নেই, তো কী করব? তাই আরেক বন্ধুকে ফাস্টফুড খাওয়ানোর লোভ দেখিয়েই প্রিজমা দিয়ে একটি ছবি এডিট করে নিয়েছি।’ শুধু সাধারণ মানুষই নয়, নানান দুনিয়ার হাজার তারকাও ভুগছেন এই জ্বরে। বলিউডের শাহরুখ খান, আলিয়া ভাট, শহীদ কাপুর থেকে শুরু করে ক্রিকেটার বিরাট কোহলিও ভুগছেন এই জ্বরে। ট্রেন্ডটাই তো এখন প্রিজমার ছবি, স্রোতে গা ভাসানো ছাড়া আর কীই-বা করার আছে বলুন।