এখন ত্বকের যত্নে
বাইরে ধুলার ছড়াছড়ি। রোদও কম নয়। সঙ্গে আছে হঠাৎ দমকা বাতাস। স্বাভাবিকভাবেই ঋতুর এই পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হয়েছে নিজের ত্বক ও শরীরের। সারা দিন বাইরে ঘোরার পর ঘরে ফিরে তাই ছেলেদের ত্বকের যত্ন নেওয়া জরুরি; ব্যবহার করা উচিত ঋতু ও ত্বকের সঙ্গে মানানসই প্রসাধনী।ছেলেদের ত্বকের যত্নে কী করা উচিত, জানতে চাইলে পারসোনা অ্যাডামসের গুলশান শাখার ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, ‘ছেলেদের ত্বক সাধারণত তিন ধরনের। তৈলাক্ত, শুষ্ক ও মিশ্র ত্বক। এই ঋতুতে ত্বকে ধুলোবালি বেশি পড়ে। যাঁরা অফিসে বসে কাজ করেন, তাঁদের ব্যাপারটা আবার আলাদা। সারা দিন হয়তো শীতাতপনিয়ন্ত্রিত ঘরে থাকতে হয়। আবার বাইরে বের হলে হঠাৎই রোদে ঘাম হয়। এ ক্ষেত্রে যেকোনো ক্রিম বা সানস্ক্রিন ব্যবহারের আগে অবশ্যই সর্তক হওয়া উচিত। ত্বকের সঙ্গে মানানসই প্রসাধনী ব্যবহার করা জরুরি। এ ছাড়া ফেসিয়াল করার ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে। যেমন, তৈলাক্ত ত্বকের জন্য মানানসই অরেঞ্জ, ডিপক্লিনজিং, ব্রাইটেনিং ফেসিয়াল। শুষ্ক ত্বকের জন্য ফ্লাওয়ার ফেসিয়াল এবং মিশ্র ত্বকের জন্য জেনসেন ফেসিয়াল করা যেতে পারে। তৈলাক্ত ত্বকের জন্য বিশেষ ক্রিম ব্যবহার করা যেতে পারে, যাতে ত্বক বেশি তৈলাক্ত না দেখায়। মনে রাখতে হবে মাসে একবার হলেও ফেসিয়াল দরকার।’দেলোয়ার হোসেন বলেন, এখন বাইরে বের হওয়ার কম পক্ষে ১৫ থেকে ২০ মিনিট আগে সমপরিমান পানিসহ সান প্রটেকশন ক্রিম লাগাতে হবে। তবে অফিসে গিয়েই এটা ধুয়ে ফেলতে হবে। বেশি সময় থাকলে ত্বকে অন্য সমস্যা দেখা দিতে পারে। অফিস থেকে বাসায় গিয়েই ঠান্ডা পানি দিয়ে মুখ ও হাত ভালোমতো ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে এক বা দুবার করে শসা ও গাজরের রস দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। অনেকের চোখের নিচে কালো দাগ পড়ে। এই দাগ দূর করার জন্য রাতে ঘুমানোর আগে শসা কুচি করে ৩০ মিনিট লাগিয়ে রাখতে হবে। এ ছাড়া মুখে ঠান্ডা পানি দিতে হবে। শুধু তা-ই নয়, ত্বকের যত্নের পাশাপাশি খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। সবজি ও ফলমূলের পরিমান বেশি রাখতে হবে নিয়মিত খাদ্য তালিকায়।