এখন প্রয়োজন অঞ্চল পরিকল্পনা
>চট্টগ্রাম অঞ্চলে বিনিয়োগ প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ অর্থনৈতিক করিডরটি হবে এই অঞ্চলের সবচেয়ে ব্যস্ত ও কর্মচঞ্চল অর্থনৈতিক এলাকা
উন্নয়নের মহাসড়কে উঠে পড়েছে চট্টগ্রাম। একটু খুলেই বলা যাক। দুই অর্থনৈতিক পরাশক্তিধর ভারত ও চীনের ছায়ায় অবস্থান এবং আশিয়ান দেশগুলোর নৈকট্য চট্টগ্রামকে বিনিয়োগ এবং ব্যবসা-বাণিজ্যের জন্য আকর্ষণীয় গন্তব্যস্থলে পরিণত করেছে। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার সংযোগস্থলে চট্টগ্রামের অবস্থান একদিন চট্টগ্রাম এবং চট্টগ্রাম নগরকে এই অঞ্চলের প্রধান যোগাযোগ এবং শিল্প-বাণিজ্যের কেন্দ্রে পরিণত করবে। সেই সম্ভাবনাটিই এখন দেখা দিয়েছে। আমরা যদি এই সুযোগ কাজে লাগাতে পারি, তখনই শুধু এই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারবে। অন্যথায় নয়।
স্বাধীনতা–পরবর্তী পঁয়তাল্লিশ বছরের মধ্যে এই প্রথমবারের মতো রাশিয়া, ভারত, চীন ও জাপান একসঙ্গে বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হয়েছে। নিজ নিজ দেশের জন্য স্পেশাল ইকোনমিক জোনের জন্যও আগ্রহ প্রকাশ করেছে ভারত, চীন, জাপান সিঙ্গাপুর, কোরিয়া এবং অন্যান্য দেশ। উন্নয়ন সহযোগিতার এই প্রতিযোগিতায় বাংলাদেশ দরাদরি করার মতো সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে। বাংলাদেশের প্রবৃদ্ধিকে বিস্ময়কর মনে করছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু।
অতি সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। আগামী পাঁচ বছরে বাংলাদেশের ২৮টি প্রকল্পে চীন বিনিয়োগ করবে ২৩ বিলিয়ন ডলার। প্রস্তাবিত এই প্রকল্পগুলো হলো: কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে পতেঙ্গা হতে আনোয়ারা পর্যন্ত ৩ দশমিক ৪৩ কিলেমিটার দীর্ঘ টানেল এবং ৫ দশমিক ৬৩ কিলোমিটার সংযোগ সড়ক, সীতাকুণ্ড-কক্সবাজার মেরিন ড্রাইভ রোড, আনোয়ারায় চায়নিজ এক্সক্লুসিভ ইকোনমিক জোন, আনোয়ারার গন্ডামারায় ১ হাজার ২০০ মেগাওয়াটÿ ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র।
এ ছাড়া চলমান কিংবা প্রস্তাবিত কিছু প্রকল্পও চট্টগ্রামের উন্নয়নকে প্রভাবিত করবে। এগুলো হলো: জাপানি সহায়তায় মহেশখালীর মাতারবাড়ীতে বিদ্যুৎকেন্দ্র এবং গভীর সমুদ্রবন্দর, কক্সবাজারে নির্মিতব্য এল এন জি টার্মিনাল, কক্সবাজার-চট্টগ্রাম ৯১ কিলোমিটার দীর্ঘ গ্যাস পাইপলাইন, দোহাজারী-কক্সবাজার-ঘুমঘুম রেলপথ, মিরসরাই ইকোনমিক জোন, হালিশহরের আনন্দবাজার থেকে দক্ষিণ কাট্টলীর রাশমনির ঘাট পর্যন্ত ৬ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যের জেটি নিয়ে বে টার্মিনাল, বায়েজিদ বোস্তামী হতে ঢাকা ট্রাংক রোড পর্যন্ত ছয় কিলোমিটার দৈর্ঘ্যের চার লেনের সংযোগ সড়ক, জাপানি সহযোগিতায় ফৌজদার হাট থেকে পতেঙ্গা পর্যন্ত ১৫ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্যের চট্টগ্রাম আউটার রিংরোড, জাপানি সহায়তায় চট্টগ্রাম নগরের জন্য কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প, দুই হাজার ৫০০ একর জমিতে আনোয়ারায় কোরীয় ইপিজেড, চট্টগ্রামের পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রজেক্ট, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প ও চলমান ওড়ালসড়ক প্রকল্প।
চট্টগ্রাম বন্দরকে ঘিরে বহির্বিশ্বে আগ্রহ বাড়ছে। কোরিয়া, চীন, জাপান, ভারত, সিঙ্গাপুরসহ অনেকেই এই অঞ্চলে বিনিয়োগে আগ্রহী। সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণে ভারত, চীন, আমেরিকার আগ্রহের কথাও জানা গেছে। পাশাপাশি চট্টগ্রামের দক্ষিণে মহেশখালীর মাতারবাড়ীতে নির্মিত হচ্ছে আরেকটি গভীর সমুদ্রবন্দর। জাপানের অর্থায়নে এখানে বিদ্যুৎকেন্দ্র ও বন্দর হবে। যেখানে ৬০ ফুট গভীরতার জাহাজ অনায়াসে ভিড়তে পারবে।
ফৌজদারহাটের কাট্টলীতে বে টার্মিনাল নির্মিত হলে সেখানে ৪০ ফুট গভীরতার জাহাজ ঢুকতে পারবে। গুপ্ত খালে বড় বাঁকের কারণে চট্টগ্রাম বন্দরে বড় জাহাজ ঢুকতে পারে না। জোয়ার ভাটা নির্ভরতার কারণে বন্দরে সব সময় জাহাজ ঢুকতে কিংবা বের হতে পারে না। চট্টগ্রাম বন্দর চ্যানেলের গভীরতার সীমাবদ্ধতা তো আছেই। তবে বে টার্মিনালের চ্যানেলটিতে কোনো বাঁক নাই। এটি সরল ও সোজা। বর্তমানে চট্টগ্রাম বন্দরে ভিড়তে সক্ষম জাহাজগুলোর দ্বিগুণ আয়তনের জাহাজ এই নতুন বন্দরে ভিড়তে পারবে।
এ ছাড়া চীন সিল্ক রুট পুনর্জীবিত করার উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম এই রুটের একটি অন্যতম প্রধান যোগাযোগ কেন্দ্র। বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমারের নৌ–সীমান্ত চূড়ান্ত হয়েছে। এতে একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত পুরো অঞ্চলটাকে কর্মচঞ্চল করার সুযোগ এসেছে। এই সুযোগ আমাদের গ্রহণ করতে হবে। মিয়ানমারের সঙ্গে চট্টগ্রামের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। ভারত ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক এখন স্মরণকালের মধ্যে যেকোনো সময়ের চেয়ে ভালো। বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডর চাঙা করা গেলে সংশ্লিষ্ট সব দেশই উপকৃত হবে। চট্টগ্রামের উন্নয়নেও একটি নতুন মাত্রা যোগ হবে।
চট্টগ্রাম অঞ্চলে বিনিয়োগ প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ অর্থনৈতিক করিডরটি হবে এই অঞ্চলের সবচেয়ে ব্যস্ত এবং কর্মচঞ্চল অর্থনৈতিক এলাকা। এ কারণে এই অঞ্চলটির জন্য অবিলম্বে একটি অঞ্চল পরিকল্পনা (রিজিওনাল প্ল্যান) প্রণয়ন করা এখন সময়ের দাবি। অন্যথায় এই বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় যেখানে-সেখানে, এলোপাতাড়ি ছড়ানো ছেটানো এবং অপরিকল্পিতভাবে জনপদ, জেটি ও শিল্পকারখানা গড়ে উঠবে। অর্থনৈতিক উন্নয়নের উপসর্গ হিসেবে আসবে পরিবেশের বিপর্যয়।
এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ। এ কারণে কোথায় জেটি হবে, শিল্পকারখানা বা জনপদ গড়ে উঠবে, পর্যটন এবং বিনোদনব্যবস্থা কোথায় হবে ইত্যাদি নির্ধারণ করা উচিত। এভাবে ভূমিকম্প এবং জলোচ্ছ্বাসেরÿক্ষতি প্রতিরোধক ব্যবস্থাও নেওয়া সম্ভব হবে। এসব দিক নির্দেশনাসহ একটি আঞ্চলিক মহাপরিকল্পনা প্রণয়ন ও কার্যকর না করলে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম নগরে এখানে উন্নত মানের হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয়, আবাসিক হোটেল, বিনোদনব্যবস্থা, বিমানবন্দর ইত্যাদি থাকতে হবে। আশপাশের শিল্পনগর থেকে উচ্চতর সেবার জন্য লোকজন চট্টগ্রামে আসবে। সেভাবেই চট্টগ্রাম নগরকে গড়ে তুলতে হবে। চট্টগ্রাম নগরের অভ্যন্তরে উত্তর-দক্ষিণে, পূর্ব-পশ্চিমে আরও সড়ক প্রয়োজন। জলাবদ্ধতা নিরসনের জন্য আরও খালের প্রয়োজন। মাস্টার প্ল্যান অনুসরণ করে এই কাজগুলো অবিলম্বে করে ফেলতে হবে। চট্টগ্রাম শহরের প্রত্যন্ত সীমায় অবস্থিত হাটহাজারী, পটিয়া, বোয়ালখালী, শিকলবাহা ও রাঙাদিয়াকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে হবে। উন্নত গণপরিবহনব্যবস্থা চালু হলে পার্শ্ববর্তী ছোট শহর থেকে বিভিন্ন প্রয়োজনে লোকজন চট্টগ্রামে আসতে পারবে। চট্টগ্রামকে ঘিরে এক অপার সম্ভাবনার জগৎ উন্মুক্ত হচ্ছে। এখন প্রয়োজন অত্যন্ত সচেতনতার সঙ্গে এই সুযোগের সদ্ব্যবহার করা।
লেখক: প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ