এখন পড়ছি সুনীলের সেই সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ করিম
মোশাররফ করিম

বইয়ের সঙ্গে প্রথম পরিচয়—আদর্শলিপির মাধ্যমে। সেই যে পড়েছিলাম, আজও পুরোটা মুখস্থ। আর সে বিদ্যা কাজেও লেগেছে একটা নাটকে অভিনয় করতে গিয়ে। এরপর পড়েছি ঠাকুরমার ঝুলি।

শৈশবে যে বইটা আমাকে মন্ত্রমুগ্ধ করে রাখত, সেটির নাম সম্ভবত নেলি খালার চিঠি বা এ রকম কিছু। লেখকের নামও মনে নেই। তবে এটা মনে আছে, এটা পড়তে পড়তে কেমন স্বপ্ন স্বপ্ন মনে হতো! আমি স্কুলে ভর্তি হয়েছি তৃতীয় শ্রেণীতে। আর এই বইগুলো সবই স্কুলে ভর্তি হওয়ার আগেই পড়ে শেষ করেছি।

এরপর যেন বই ভালোবাসতে শুরু করলাম। কেবলই একের পর এক নতুন নতুন বই পড়ছি। সপ্তম বা অষ্টম শ্রেণীতে পড়ি। পড়লাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। প্রথমবারেই দারুণ লেগেছিল। তারপর নিমাই ভট্টাচার্য, আশুতোষ মুখোপাধ্যায়ের বই পড়তে শুরু করলাম। কিন্তু তখন রবীন্দ্রনাথ পড়তে খুব দুর্বোধ্য লাগত।

‘ভালো লাগে নির্মলেন্দু গুণের কবিতা’—মোশাররফ করিম
‘ভালো লাগে নির্মলেন্দু গুণের কবিতা’—মোশাররফ করিম

একাদশ শ্রেণীতে পড়ার সময় বিচিত্র এক অভ্যাস তৈরি হলো। ভাঙারির দোকান থেকে পাঁচ টাকায় কিনে আনতাম বিচিত্রার পুরোনো ঈদসংখ্যা। সেগুলোর প্রত্যেকটিতে সংখ্যায় কম করেও পাঁচ-ছয়টা উপন্যাস থাকত। মজা লাগত, পাঁচ টাকায় এতগুলো উপন্যাস পাচ্ছি। উপন্যাসগুলো কেটে কেটে আলাদা করতাম। একই পাতায় দুটো লেখা শেষ হলে, সেই পাতাটা ফটোকপি করতাম। পুরোনো ক্যালেন্ডারের পৃষ্ঠা দিয়ে উপন্যাসগুলো আলাদা আলাদা করে মলাট বাঁধতাম ।

হুমায়ূন আহমেদের বই প্রথম পড়ি ৮৬ সালে। আগুনের পরশমণি। বেশ টানল আমাকে উপন্যাসটা। মনে হলো, অন্য রকম লেখা। এরপর হুমায়ূন আহমেদের লেখা নিয়মিত পড়তে লাগলাম।

গুলিস্তানে ওসমানী উদ্যানের ভেতর ছিল মহানগর পাঠাগার। বাসে করে চলে যেতাম। সারা দুপুর সেখানে বই পড়তাম। সময়টা বেশ ভালো কাটত তখন।

একদিন হঠাৎ পরিচয় হলো আলফ্রেড জোসেফ মান্নার সঙ্গে। তিনি পত্রিকায় নিয়মিত লিখতেন। বেশ শখ্য হলো। তিনি আমায় বই পড়তে উৎসাহিত করতেন। নানা ধরনের বইয়ের সঙ্গে পরিচয় করালেন। মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পড়লাম তখনই। সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পের বুনন অসাধারণ লাগে এখনো।

কবিদের মধ্যে জীবনানন্দ দাশ, আবুল হাসান ও নির্মলেন্দু গুণের কবিতা ভালো লাগে। জীবনানন্দ দাশের কবিতা সব সময়ই অসাধারণ, অনন্য মনে হয়। পড়লেই মনটা ভালো হয়ে যায়। মনের সব ক্লেদ নিমেষেই দূর হয়ে যায়। শান্তি পাই মনে।

সৈয়দ শামসুল হকের পরাণের গহিন ভিতর-এর প্রত্যেকটা কবিতাই অসাধারণ লাগে। এখন পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস সেই সময়। একই সঙ্গে পড়ছি উৎপল দত্তের স্তানিস্লাভস্কি থেকে ব্রেখট বইটি। মঞ্চনাটকের অভিজ্ঞতার ওপর লেখা অসাধারণ একটা বই।

অনুলিখন: সুচিত্রা সরকার