ফেনীর সহদেবপুর কালীমন্দিরে সহযোগী তিন শিল্পীকে নিয়ে কাজ করছিলেন ফরিদপুরের প্রতিমাশিল্পী কানাই পাল। যেখানে তিনি কাজ করছিলেন, তার পাশেই সারি করে রাখা ছিল দুর্গাপ্রতিমা। এবার জেলার আটটি পূজামণ্ডপে যাবে তাঁর তৈরি প্রতিমা। ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন। কেবল বাকি আছে রঙের কাজ। প্রতিমার গায়ে তুলির আঁচড় পড়লেই বাজবে পূজার ঘণ্টা।
১৯ অক্টোবর মহা ষষ্ঠীর মধ্য দিয়ে ফেনীসহ সারা দেশে শুরু হবে দুর্গাপূজা। প্রতিমাশিল্পীরা তাই কাটাচ্ছেন ব্যস্ত সময়। পূজা উদ্যাপন কমিটি ব্যস্ত মণ্ডপ সাজাতে। এবার ফেনী জেলায় ১৩৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। ফেনী সদর উপজেলায় ৪৩টি, ফুলগাজীতে ৩৪টি, পরশুরামে ছয়টি, দাগনভূঞায় ১৬টি, ছাগলনাইয়ায় পাঁচটি ও সোনাগাজী উপজেলায় ২২টি মণ্ডপ বসবে। ফেনী জেলা পূজা উদ্যাপন কমিটির সদস্যরা জানান, ফেনীর বিভিন্ন মণ্ডপের প্রতিমা তৈরি করছেন জেলার বাইরে থেকে আসা প্রতিমা শিল্পীরা। অনেকে ঢাকা ও চট্টগ্রামের নামকরা প্রতিমা শিল্পীদের কাছ থেকেও প্রতিমা বানিয়ে আনছেন। এসব প্রতিমার দাম পড়েছে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা।
জেলায় গত কয়েক বছর ধরে দুর্গা প্রতিমা ও মঞ্চ সজ্জায় শ্রেষ্ঠ হওয়া তুলাবাড়িয়া বীণা পানি ক্লাব এবার ২৫ বছর পূর্তি উদ্যাপন করছে। সে কারণে এবার এই ক্লাবের উদ্যোগে এবার ঘটা করে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। ক্লাবের সাধারণ সম্পাদক বিক্রম পাল বলেন, এবার পূজায় নতুনত্ব আনার জন্য চট্টগ্রামের সদরঘাটের অমল পালকে দিয়ে প্রতিমা বানানো হয়েছে।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেন, ২৩ অক্টোবর শহরের কালিপাল এলাকায় বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এ সময় প্রতি বছরের মতো এবারও হাজার হাজার মানুষের সমাগম ঘটবে বলে তিনি আশা করেন।
এদিকে, পূজা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার বলেন, আসন্ন দুর্গা পূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে সে জন্য পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মণ্ডপগুলোতে পুলিশ ও আনসার ভিডিপি মোতায়েন থাকবে।