
সবে শীতের শুরু। এই সময়টায় ঝলসানো খাবারের আয়োজন করলে মন্দ হয় না। পরিবার, আত্মীয়স্বজন আর বন্ধুদের নিয়ে করা যায় বার-বি-কিউ আয়োজন। কথা হলো ঢাকার তেজগাঁওয়ের বাসিন্দা হারুন-অর-রশিদ ও তাঁর স্ত্রী স্মৃতি রশিদের সঙ্গে। স্মৃতি রশিদ বললেন, ‘ঢাকায় আমাদের আত্মীয়দের কেউ থাকেন লালমাটিয়ায়, কেউ উত্তরায়, কেউবা তেজগাঁওয়ে। সময় পেলেই পরিবারের সবাই মিলে আমরা এখানে-ওখানে বেড়াতে যাই। কিছুদিন আগে সিদ্ধান্ত নিলাম বাসার ছাদে বার-বি-কিউ পার্টি করার—শুনেই সবাই রাজি। কারওয়ান বাজার থেকে আনা হলো বার-বি-কিউ চুলা। রাতভর চলল বার-বি-কিউ উৎসব।’
যাঁরা এবারই প্রথম যোগ দিচ্ছেন বার-বি-কিউ আয়োজনে, তাঁরা মাংস ঝলসানোর কাজটিকে জটিল ভেবে বসবেন না যেন। এ নিয়ে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের কাবাব তৈরির কারিগর (শেফ) আবুল কালাম বললেন, যেহেতু আয়োজনটা এক দিনের, তাই বাড়তি চুলা কেনারও প্রয়োজন নাই। ছাদের দুই পাশে উঁচু করে ইট বসিয়ে নিলেই হলো। কয়লায় পোড়া দাগ এড়াতে দুই পাশের ইটের মাঝখানে ইট দিয়ে তার ওপর কয়লা রাখুন। এবার বার-বি-কিউয়ের মাংসে পরিমাণমতো মসলা মিশিয়ে প্রায় এক ঘণ্টা রেখে দিতে হবে। বাজারে কাবাব গাঁথার শিক কিনতে পাওয়া যায়। মসলা মাখানো মাংস শিকে গেঁথে চুলার ওপর রেখে দিন। কয়লায় সামান্য কেরোসিন ঢেলে আগুনের ব্যবস্থা করুন। ৫-১০ মিনিট পরপর ব্রাশের সাহায্যে মাংসের ওপর সয়াবিন তেল মেখে উল্টে দিন। আগুন যাতে নিভে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ জন্য হাতপাখার বাতাসই যথেষ্ট। মাংসের রং খয়েরি হয়ে এলে নামিয়ে নিতে পারেন।
বার-বি-কিউ পার্টি করতে গিয়ে কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে, সে সম্পর্কে পরামর্শ দিলেন রান্নাবিদ কল্পনা রহমান।
* বার-বি-কিউ পার্টির জন্য অনেকেই বাড়ির ছাদ বেছে নেন। তবে যেহেতু শীতের দিনে বাতাস বেশি থাকে, তাই সব সময় আগুনের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
* ছাদে পানির ট্যাঙ্ক, পানির পাইপ কিংবা গ্যাসের লাইন থেকে চুলা যাতে যথেষ্ট দূরে থাকে, সেদিকটাও খেয়াল রাখতে হবে।
* চুলার পাশে অবশ্যই পানির ড্রাম বা বালতি ভর্তি পানি রাখা চাই।
* ফ্যান ব্যবহার না করে হাতপাখা ব্যবহার করা ভালো। ফ্যানের বাতাসে জ্বলন্ত কয়লা ছিটকে আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটতে পারে। ফ্যানের পরিবর্তে হাতপাখা হলে তা নিয়ন্ত্রণে থাকবে।
* কী কী লাগবে, তা আগে থেকেই একটি তালিকা করে এনে রাখতে হবে। যেমন চুলা, কয়লা, মাংস, মসলাপাতি, বালতি ভর্তি পানি ইত্যাদি। ছাদে উঠে এটা-ওটা আনতে গিয়ে দৌড়াদৌড়ি করলে তো মজাই নষ্ট হয়ে যাবে। কয়জন খাবে সে অনুপাতে বসার জায়গাও আগে থেকে ঠিক করে রাখা ভালো।
* শিশুরা চারদিকে ছোটাছুটি করবে, এমনকি ছাদ থেকেও নিচে পড়ে যেতে পারে। তাই সম্ভব হলে চারদিকে শামিয়ানা টানিয়ে নিন।
* যেহেতু শীতের রাত, তাই রাতে শিশির পড়া থেকে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। এ জন্য বেশিক্ষণ খোলা আকাশের নিচে না থাকাই ভালো।
আয়োজনের জন্য
কাবাব শিকের সংখ্যার ওপর ভিত্তি করে ছোট-বড় বার-বি-কিউ চুলা পাবেন বাজারে। ৫ শিকের ছোট চুলার দাম ৫০০ টাকা। ২০ শিকের বড় চুলার দাম পড়বে ২০০০ টাকা (চিকন শিক) থেকে ৫০০০ টাকা (মোটা শিক) পর্যন্ত। চাইলে আলাদাভাবে শিকও কিনতে পারবেন, দাম পড়বে প্রতিটি ২০ থেকে ৫০ টাকা। মাংসে তেল মাখানোর ব্রাশ প্রতিটি ৩৫ থেকে ৮০ টাকা। কয়লা কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা।
এসব পাবেন রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেট (দোতলা), কারওয়ান বাজার রেলগেট মার্কেট, নিউমার্কেট ও গুলশান ১ নম্বর ডিসিসি মার্কেটে। এ ছাড়া কয়লা ও ধোঁয়ার ঝামেলা এড়াতে নিতে পারেন বৈদ্যুতিক বার-বি-কিউ চুলা, পাবেন ৩৫০০ থেকে ৭৯০০ টাকার মধ্যে। বসুন্ধরা শপিং মলসহ পাবেন শহরের বড় বড় শপিং মলের ক্রোকারিজের দোকানে।