এখন ব্যস্ততা...
দুটি মিক্সড অ্যালবামের কাজ করছি। একটি ইবরার টিপু ও অপরটি আশরাফ বাবুর সুরে। এর মধ্যে নিজের একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে, ‘প্রথম ভালোবাসা’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও করারও প্রস্তুতি নিচ্ছি। আশা রাখছি ঈদেই শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারব এটি। এ ছাড়া বিজ্ঞাপনেও জিঙ্গেল দেওয়া হচ্ছে। আর বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও মঞ্চের অনুষ্ঠান তো আছেই। তবে পেশাগত ব্যস্ততাও কম নয়। বেসরকারি প্রতিষ্ঠানে বিপণন বিভাগে চাকরি করছি। সব দিকে সামাল দিতে হচ্ছে।
একক অ্যালবাম...
নিজের অ্যালবাম করার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। এর প্রথম ধাপ মিউজিক ভিডিও। তবে আমার ইচ্ছা অ্যালবাম সময় নিয়ে হলেও ভালোভাবে করব, যা শ্রোতারা অনেক দিন মনে রাখবেন।
শুরুর গল্প...
মুখে বোল ফোটার বয়স থেকেই গানের সঙ্গে আমার সখ্য। টেলিভিশনে গানের অনুষ্ঠান চললে মন্ত্রমুগ্ধের মতো দেখতাম। আমার আগ্রহ দেখে মা এগিয়ে এলেন। একদিন মা নিয়ে গেলেন সুরকার বাণী কুমার চৌধুরীর কাছে। তাঁর কাছে হাতেখড়ি। আমার বয়স তখন চার। স্কুলে আসা-যাওয়াই শুরু হয়নি। এরপর বিভিন্ন সময় শিখেছি ওস্তাদ মিহির নন্দী ও বাসু ঘোষের কাছে। শাস্ত্রীয় সংগীতের তালিম দিয়েছেন শিল্পী সুজিত মুস্তাফা। এখন শিখছি রণজিৎ দে ও বাণী কুমার চৌধুরীর কাছে। বর্তমানে বাংলাদেশ বেতারে রবীন্দ্র ও বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গানের তালিকাভুক্ত শিল্পী।
অর্জনের ঝুলি...
২০০৫ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত স্বর্ণপদক প্রতিযোগিতায় সেরা। রবীন্দ্র এবং দেশের ও ছড়া গানে প্রথম হয়ে এই পদক অর্জন। ২০০৪ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ছড়া গানে প্রথম ও ২০০৬ সালে বঙ্গবন্ধু শিশু-কিশোর প্রতিযোগিতায় দেশের গানে দ্বিতীয়। এ ছাড়া স্থানীয়ভাবে জিতেছি অর্ধশতাধিক পুরস্কার। সর্বশেষ চ্যানেল আই সেরাকণ্ঠে এবারের প্রতিযোগিতায় সেরা ১৫–তে ছিলাম। তবে বড় অর্জন মনে করি শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকা, এটা পেলেই অর্জনের পূর্ণতা পাব।
আমার প্রেরণা...
রেজওয়ানা চৌধুরী বন্যার গান আমার নিত্যসময়ের সঙ্গী। কাজের ফাঁকে সুযোগ পেলেই মুঠোফোনে হেডফোন লাগিয়ে ডুবে যাই তাঁর গানের মধ্যে। এ ছাড়া সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা, সামিনা চৌধুরী ও ইবরার টিপুর গান ভালো লাগে বেশি। তবে ঘরেও আছে প্রেরণার মানুষ—আমার স্বামী, শ্বশুর ও শাশুড়ি। তাঁরা উৎসাহ দেন, আমার পাশে থাকেন।
স্বপ্ন আমার...
সংগীত আমার সাধনা। গানে থাকব সব সময়। এ জন্য নিজেকে আরও পোক্ত করতে কাজ করছি।
সাক্ষাৎকার: আশরাফ উল্লাহ