এখন মুখর বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই কেমন আছিস? তোর মোবাইল বন্ধ ছিল কেন রে? জানিস, আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে! বর যখন দেখতে এল তখন আমার কী যে কান্না!’ কথাটা শেষ না হতেই ঝাঁকড়া চুলের একজন গান ধরলেন—‘কান্দিস নারে বিন্দিয়া...।’ গান শেষ করার আগেই গায়কের ভোঁ-দৌড়! কারণ কী? গানের মাহাত্ম্য বুঝে বিয়ের কনে যে ধেয়ে আসছিলেন তাঁর দিকে। একজন তথ্যাটা জানাতে ভুল করলেন না, ‘ও কিন্তু কংফু জানে!’সমাজবিজ্ঞান অনুষদের ঝুলন্ত সেতুতে যখন চলছিল কথার যুদ্ধ তখন জারুলতলায় বসেছে গানের মেলা। আর কাটাপাহাড়ের সুন্দর সড়কে সবুজের অভিযান থামছেই না। স্লোগান না থাকলেও রাজনীতি কিন্তু ঠিকই শুরু হয়ে গেছে। তাই তো পাহাড়ের কোলে, সড়কের ধারে কত রকম বোল! দীর্ঘ এক মাস বন্ধের পর ১৭ জুলাই খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রথম দিন কাছের বন্ধুকে কাছে পেয়ে মনের জানালা খুলে দেন শিক্ষার্থীরা। একজন আরেকজনকে জড়িয়ে ধরছেন, হাসাহাসি, খুনসুটি তো আছেই। জুটিরা খুঁজে নিচ্ছে একটু আড়াল।হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের কার্যালয় সহকারী শ্রীকৃষ্ণ দাশ বলেন, ‘ছাত্রছাত্রী ছাড়া ক্যাম্পাসটা খালি খালি লাগে। একদিন ক্যাম্পাসে না এলে পেটের ভাত হজম হয় না। এটা তো বাড়ির মতোই হয়ে গেছে।’ কেমন কাটল বন্ধের সময়টা? হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রিমন সাহার উত্তরটা অবশ্য অন্যদের সঙ্গে মেলে না—‘বন্ধের সময়টা খুবই উপভোগ করেছি। এখন আবার দুর্ভোগ শুরু হচ্ছে। আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে ট্রেন ধরার জন্য।’বিশ্ববিদ্যালয় আর বন্ধুদের মিস করেননি? ‘আবার জিগায়! অবশ্যই করেছি। তবে সবচেয়ে বেশি মিস করেছি মউর দোকানের ছোট সিঙ্গাড়া।’ হেসে উত্তর দিলেন। চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাহাবুবুল ইসলাম বললেন, ‘ভেবেছিলাম বন্ধে অনেক মজা করব, ঘুরব। কিন্তু বাড়িতে গিয়ে মনে হলো ক্যাম্পাসটা আমার অস্তিত্বের সঙ্গে মিশে গেছে। ক্যাম্পাসের প্রতিটা মুহূর্ত আমি মিস করেছি। এখন সেগুলো সুদে-আসলে উশুল করে নেব।’