এখন শিশুর যত্ন
শীতের এই সময়ে ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়ছে ছোট-বড় অনেকেই। তাই এ সময় বড়দের সঙ্গে সঙ্গে ছোটদের জন্য নিতে হবে একটু বিশেষ যত্ন। ‘শিশুদের এই সময়ে শরীর সুস্থ রাখা ও যেকোনো ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষার জন্য তাদের দিকে একটু সচেতন থাকতে হবে।’ বলছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিশুবর্ধন ও সামাজিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক মোরশেদা বেগম।জেনে নিন সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করা, মুখ ধোয়ার জন্য হালকা গরম পানি ব্যবহার করতে হবে। সকালের দিকে স্কুলে যাওয়ার পথে মাথায় কানটুপি, ফুলপ্যান্ট, জুতা, পাজামা, শীত পোশাক—এগুলো পরিয়ে নিতে হবে যেন ঠান্ডা না লাগে। যেসব বাচ্চা স্কুলে যায়, তাদের স্কুলের পোশাকের ওপর গরম কাপড় পরিয়ে দিতে হবে। প্রয়োজনে নিচে হালকা গরম কাপড় পরিয়ে তারপর স্কুল ড্রেস পরাতে হবে। মাথা, কান, হাত, পা সব সময় ঢেকে রাখতে হবে। এ সময় বড় হাতার জামা, গলাবন্ধ গেঞ্জি ব্যবহার করা ভালো। বাচ্চাদের জন্য সব সময় হালকা গরম পানি পান করানো ও ব্যবহার করা ভালো। গোসলের আগে অলিভ অয়েল ব্যবহারের পর হালকা গরম পানি ব্যবহার করে গোসল করাতে হবে। ডিম, দুধের পাশাপাশি প্রতিদিনের খাবারের তালিকায় বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। শরীরে পুষ্টি পেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শিশু এ সময়ে যেন ঠান্ডা কোনো খাবার না খেয়ে ফেলে, সেদিকে খেয়াল রাখতে হবে। রাতে ঘুমানোর সময় অবশ্যই লেপ, কাঁথা, কম্বল দিয়ে পুরো শরীর ঢেকে দিতে হবে। রাতে মাঝেমধ্যে বাচ্চারা এসব শীতসামগ্রী ফেলে দিলে আবার তাদের গায়ে তুলে দিতে হবে যেন ঠান্ডা না লাগে। লেপ, কম্বলের কভার সুতির কাপড়ের হওয়া ভালো। বিছানার চাদরও সুতির হতে হবে।সতর্কতা শীতের সময় সাধারণত বাচ্চাদের শ্বাসকষ্ট, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, চর্মরোগের সমস্যা দেখা দিতে পারে। তাই বাচ্চাদের যেন শীতে এসব সমস্যা না দেখা দেয় কিংবা দেখা দিলে করণীয় কী, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) মাহবুব মোতানাব্বি। এক বছরের কম বয়সী বাচ্চারা দেখা যায় রাতে বিছানায় প্রস্রাব করে। সারা রাত এভাবে ভেজা অবস্থায় রাখলে ঠান্ডা লেগে যাবে। বাচ্চাদের মাথার কাছে সব সময় আলাদা পোশাক রাখতে হবে যেন একটি নষ্ট করে ফেললে দ্রুত আরেকটি পরিবর্তন করা যায়। ঠান্ডা মেঝেতে হামাগুড়ি দেওয়ার জন্য শিশুর ঠান্ডা লাগে। এ জন্য মেঝেতে কার্পেট ব্যবহার করতে পারেন। যেসব বাচ্চা হাঁটে, তাদের সব সময় মোজাসহ জুতা পরিয়ে রাখতে হবে যেন মেঝের ঠান্ডার কারণে বাচ্চার ঠান্ডা না লাগে। গোসলের সময় শরীরের কাছাকাছি তাপমাত্রার হালকা গরম পানি ব্যবহার করা ভালো। গোসলের সঙ্গে সঙ্গে বাচ্চার শরীর ভালোভাবে মুছে দিতে হবে। প্রচণ্ড কুয়াশার সময় বা সন্ধ্যার পর বাচ্চাদের নিয়ে বের না হওয়া ভালো। এ সময় সর্দি, কাশি দেখা দিলে অ্যান্টি-হিস্টামিনজাতীয় ওষুধ খাওয়ানো যেতে পারে। তবে অবশ্যই তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। যেসব বাচ্চার শ্বাসকষ্টের প্রবণতা থাকে, তাদের যেন ঠান্ডা না লাগে, ধুলোবালু যেন বেশি না লাগে, সেদিকে লক্ষ রাখতে হবে। মাস্ক পরাটা এ সময়ে ভালো। যেসব খাবার খেলে শ্বাসকষ্ট বাড়ে, সেসব খাবার বাদ দিতে হবে।চর্মরোগের কারণে অনেকের চামড়া শুকিয়ে যায়, এ সময় তাই অলিভ অয়েল বা লোশন ব্যবহার করলে চামড়ার আর্দ্রতা বাড়ে।