এখন শিশুর সুস্থতায়
ঋতু পরিবর্তনের এই সময়টায় শিশুর চাই বাড়তি যত্ন। কিছু মৌসুমি অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে এ সময়। তবে ঘাবড়ে না গিয়ে ঠিকমতো যত্ন নিলে সুস্থ থাকবে আপনার ছোট্ট শিশু।বারডেম-২ জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক ফাহমিদা রহমান বলেন, এখন দিনে গরম আর রাতে ঠান্ডা। এ রকম আবহাওয়ায় শিশুর অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। তাই অভিভাবকদের একটু সতর্ক থাকতে হবে। নিয়মিত শিশুর খাবার এবং ঘুমের প্রতি নজর দিতে হবে।এই সময় শিশুর সাধারণত যেসব অসুস্থতা দেখা যায় তার ভেতর আছে জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, চোখ ওঠা, চিকেন পক্স ইত্যাদি।শিশুদের এই মৌসুমে রাতে জ্বর আসতে পারে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পরিবারকে। ফাহমিদা রহমান বলেন, গরমে এখন বাচ্চার শরীরে ঘাম হতে পারে। সেই ঘাম যদি শরীরে বসে যায় তাহলে তার জ্বর আসতে পারে। তাই খেয়াল রাখতে হবে ঘেমে গেলে শিশুর গোসল দরকার। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে তাকে। অনেক ক্ষেত্রে শিশুর অস্থিরতা বা চঞ্চলতা দেখে বোঝা যায় না যে সে অসুস্থ। কিন্তু যদি নিয়মিত রাতে জ্বর আসে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ দরকার।শিশুর জ্বর এলে তাকে শুরুতেই অ্যান্টিবায়োটিক না খাওয়ানোর পরামর্শ চিকিৎসকের। তিন দিন পর্যন্ত সাধারণ চিকিৎসা দেওয়া যেতে পারে। এর পরও যদি জ্বর না কমে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘামের কারণে শিশুর শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। তাই বেশি পরিমাণে বিশুদ্ধ পানি খাওয়াতে হবে।এ ছাড়া বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। কারণ, বাইরের খাবারে মিশে থাকতে পারে নানা ধরনের জীবাণু। এ থেকে শিশুরা জন্ডিসে আক্রান্ত হতে পারে। এই সময়ে বায়ুর পরিবর্তনে শিশুর কাশি হতে পারে। কাশি হলে তাকে প্রতি রাতে তুলসীপাতার রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খাওয়ানো যেতে পারে। এতে কাশি থেকে মুক্তি মিলবে। চিকেন পক্স এই ঋতুর একটি পরিচিত রোগ। শিশুর চিকেন পক্স হলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। চিকিৎসকের পরামর্শে ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া তার শরীরের পক্সের দাগ দূর করতে ব্যবহার করা যায় বিশেষ লোশন। এই সময়ে শিশুকে বাইরে বের না করে ঘরের ভেতরে রাখার চেষ্টা করা উচিত। সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে তাকে।এসব রোগের হাত থেকে বাচ্চাকে সুস্থ রাখতে নিয়মিত গোসল ও খাবারের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ ফাহমিদা রহমানের। জানালেন, শাকসবজি, ফলমূল ইত্যাদি শিশুকে খাওয়াতে হবে নিয়মিত। যদি সে সরাসরি ফল খেতে না চায় তাহলে রস করে খাওয়ানো যেতে পারে। এ ছাড়া পরিষ্কার কাপড় পরাতে হবে শিশুকে। ফ্যানের নিচে ঘুমালে বাচ্চার গায়ে অবশ্যই একটা পাতলা জামা রাখতে হবে। কারণ, সরাসরি ফ্যানের বাতাসে তার ঠান্ডা, জ্বর হতে পারে।