এখন শেরওয়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনের পোশাক নিয়ে তোড়জোড়ে বরের পোশাক যেন একটা হলেই হলো। সেই দিন আর নেই। এখন বরের শেরওয়ানিটাও চাই হাল ফ্যাশনের, রীতিমতো কনের পোশাকের সঙ্গে মিল রেখে তৈরি। শেরওয়ানির রং স্টুডিও এমদাদের ডিজাইনার এমদাদ হক বলেন, ‘আজকালের শেরওয়ানিগুলোতে শুধু জমিনের কারচুপির কাজই নয়, কাপড়ের ধরনও গেছে বদলে। দেশি কাতান, মটকা, তসর, অ্যান্ডি, মসলিন, ধুপিয়ান কাপড়েই তৈরি হচ্ছে শেরওয়ানি। আর এমনভাবে তৈরি হচ্ছে, যেন বিয়ে ছাড়াও অন্য কোনো অনুষ্ঠানের সময় পরা যায়।’ বাজার ঘুরে দেখা গেল, শেরওয়ানিতে জমকালো ভাব ছেড়ে ক্যাজুয়াল ঢঙের চাহিদা বাড়ছে। লম্বা শেরওয়ানি তো সব সময়ই জনপ্রিয় ছিল, এখন সেমি লং শেরওয়ানিও জনপ্রিয় হয়ে উঠেছে। রঙের ক্ষেত্রেও এসেছে দেখার মতো পরিবর্তন। মেরুন বা হালকা সোনালির সঙ্গে নীল, বেগুনি, সবুজ এমনকি কালো রঙের শেরওয়ানি নজর কেড়ে নিচ্ছে। বরেরা চেষ্টা করছেন কনের শাড়ির সঙ্গে মিলিয়ে শেরওয়ানি পরার। নকশার জন্য শুধু কারচুপি নয়, শেরওয়ানিতে ঠাঁই পাচ্ছে জরি, চুমকি, পুঁতি, কলকা, নকশাদার স্প্রিং বা পাথরের কাজ। তবে পুরো শেরওয়ানিতে কাজ নয়, বরং শুধু গলায় ও হাতে কাজ করানোর চলই বেশি। অনেকে শেরওয়ানির বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন প্রিন্স কোট বা জমকালো পাঞ্জাবি। এর সঙ্গেই অনেকে ঝুলিয়ে নিচ্ছেন উত্তরীয়, শাল। গলায় এঁটে নিচ্ছেন সিল্কের রুমাল।শেরওয়ানির অনুষঙ্গশেরওয়ানির আভিজাত্য ফুটিয়ে তুলতে আনুষঙ্গিক পোশাকের যথাযথতার দিকে মন দেওয়াও জরুরি বলে মনে করেন এমদাদ হক। ‘শেরওয়ানির সঙ্গে চুড়িদার ধাঁচের সালোয়ারের কোনো বিকল্প নেই। চুড়িদারের বদলে চোস্ত, কাবুলি সালোয়ার, ট্রাউজারও পরছেন অনেকে। তবে শেরওয়ানি সেমি লং বা হাঁটুর ওপরে হলে ঢোলা সালোয়ার ভালো লাগে। আর লম্বা ধাঁচের শেরওয়ানিতে অবশ্যই সালোয়ার চাপা হবে।’ বলেন তিনি। আর এর সঙ্গে পায়ে পরতে হবে নাগরা। এ ক্ষেত্রে এমন রং বেছে নেওয়া উচিত, যা সব পোশাকের সঙ্গে মানিয়ে যায়। হালকা সোনালি, বাদামি, কালো, মেরুন ভালো লাগবে।বর হতে হলে নাকি আজকাল মুখে রুমালচাপা না দিলেও চলে, কিন্তু পাগড়ি ছাড়া চলে না। এমদাদ হক বলেন, কেনার বদলে পাগড়ি তৈরি করে নিলে তা অনেক বৈচিত্র্যময় হতে পারে।পাগড়িতে বেশ কিছু রঙের মিশেল ঘটাতে পারেন। বড় পাগড়ি খুব পছন্দ আজকালের বরদের। শাড়ি দিয়ে পাগড়ি তৈরি করলে আলাদা চমক তৈরি হবে। টিস্যু, ব্লকপ্রিন্ট, মসলিন এমনকি জামদানি শাড়ি দিয়েও আজকাল পাগড়ি তৈরি করছেন তরুণেরা। কেউ বা দু-তিন রঙা কাপড় পেঁচিয়ে নিচ্ছেন। এমদাদ হক মনে করেন, শেরওয়ানির সঙ্গে যা-ই পরুন না কেন, সবকিছুর মাঝে যেন একটা সামঞ্জস্য থাকে। এ জন্য সর্বোত্তম উপায় হবে একজন ফ্যাশন ডিজাইনারের সঙ্গে পরামর্শ করে নেওয়া। বাজার ঘুরেঢাকার উত্তরা, গুলশান, বনানী, পিংক সিটি কিংবা বসুন্ধরার মতো শপিং মলগুলোতে ঘুরলেই পেয়ে যাবেন শেরওয়ানি। এ ছাড়া হাতিরপুল, চাঁদনী চকের দোকানেও পেয়ে যাবেন শেরওয়ানি ও আনুষঙ্গিক পোশাকের সমাহার। ফ্যাশন হাউস যেমন ইনফিনিটি, লুবনান, ওটুতে পাবেন আধুনিক শেরওয়ানি ও অনুষঙ্গ। দাম পড়বে ১৮০০০ থেকে শুরু করে ৩২০০০ টাকা, প্রিন্স কোট ১৮০০০ থেকে ২৪০০০, পাঞ্জাবি ২৭৯০-১১০০০, পাগড়ি ১৫০০-১৯০০, নাগরা ১৩৫০-২২৫০ টাকা। সালোয়ার এর সঙ্গেই পাবেন। দেশি ফ্যাশন হাউসগুলো, যেমন: রঙ, অঞ্জনস, কে ক্র্যাফট, বাংলার মেলায় ফরমায়েশ দিয়ে তৈরি করে নিতে পারবেন শেরওয়ানি। দাম পড়বে শেরওয়ানি ৫০০০-১৬০০০ টাকা, পাঞ্জাবি ৪৫০০-৬০০০, পাগড়ির ওড়না ৪০০-৬০০ টাকা। হাতিরপুলের দোকানগুলোতে শেরওয়ানির দাম পড়বে ৭০০০-১৭০০০, পাগড়ি ৩০০-১২০০, নাগরা ২০০-৪০০ টাকা। সালোয়ার, পাগড়িসহ শেরওয়ানি কিনলে দাম পড়বে ১২০০০-১৫০০০ টাকা। শেরওয়ানির সেট আলাদা করে সেলাই করে নিতে পারেন কাঁটাবন বা এলিফ্যান্ট রোডের দর্জি দোকানগুলোতে। সে ক্ষেত্রে দাম কাপড় ও ডিজাইনের ওপর নির্ভর করবে।