মিহিরগঞ্জ গ্রামের চারদিকে অথই পানি। বন্যায় ডুবে আছে পুরো গ্রাম। গ্রামেরই ছেলে মানিক। মাত্র কিছুদিন হলো যেতে শুরু করেছে প্রাইমারি স্কুলে। তাই তো স্কুলের প্রতি আগ্রহের সীমা নেই তার। কিন্তু এখন স্কুলে যাবে কীভাবে সে? ক্লাসরুমে তো হাঁটু পানি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের গ্রামগঞ্জের নির্মম এই চিত্র। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ-সম্পর্কিত এ রকম নানামুখী গবেষণা করা হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক স্নাতকোত্তর প্রোগ্রামে।শুরুটা ২০০৪ সালে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য জামিলুর রেজা চৌধুরী প্রথম উদ্যোগ নেন এ প্রোগ্রামের। তারপর ২০০৫ সালের সেপ্টেম্বরে অক্সফামের সহযোগিতায় চালু হয় এই স্নাতকোত্তর প্রোগ্রাম। দক্ষিণ এশিয়ায় এই বিশ্ববিদ্যালয়ই প্রথম, যারা প্রাতিষ্ঠানিকভাবে এ উদ্যোগ নিয়েছে। ফলে দেশে ও দেশের বাইরে ব্যাপক সাফল্য ও জনপ্রিয়তা স্বল্প সময়েই অর্জন করতে সক্ষম হয় তারা।পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের নাম আসে শীর্ষ তালিকায়। সরকারি পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনার ওপর বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালার ব্যবস্থা থাকলেও প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার ব্যবস্থা এত দিন ছিল না। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার স্নাতকোত্তর প্রোগ্রাম সে অভাব পূরণ করেছে। স্নাতক ডিগ্রিধারী যে কেউ ইচ্ছা করলেই এ স্নাতকোত্তর কোর্সটি করতে পারেন।এ বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর ফুয়াদ এইচ মল্লিক জানান, ‘প্রতিবছর প্রকৌশল, স্থাপত্য, সরকারি দুর্যোগ ব্যবস্থাপনায় চাকরিরত এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর একটি উল্লেখযোগ্য অংশসহ স্নাতক ডিগ্রিধারী বিভিন্ন পেশার লোক আসছেন এ কোর্সটি করার জন্য। বাংলাদেশের প্রেক্ষাপট ও প্রয়োজনীয় চাহিদার কথা বিবেচনা করে দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক জ্ঞান আহরণে তাঁরা ঝুঁকছেন এদিকে।’ ১৫ মাসের এ প্রোগ্রাম চারটি সেমিস্টার এবং ১৫ ক্রেডিটের সার্টিফিকেট, ৩০ ক্রেডিটের ডিপ্লোমা এবং ৪৫ ক্রেডিটের মাস্টার্স—এই তিনটি কোর্সের মাধ্যমে করতে পারেন। যেহেতু এ প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রায় সবাই চাকরিজীবী, তাই তাঁরা নিজেদের সুযোগ-সুবিধামতো যেকোনো সময় কোর্স তিনটি পর্যায়ক্রমে সম্পন্ন করতে পারেন। ফাউন্ডেশন কোর্স, কোর কোর্স, ফিল্ড স্টাডি, ইলেকটেড কোর্স এই তিনটি কোর্সের অন্তর্ভুক্ত।দুর্যোগের ও বিপর্যয়ের সঙ্গে আপনার পরিচিতি, দুর্যোগ ব্যবস্থাপনার মূল ভিত্তি, সাংগঠনিক পলিসি, গবেষণা, বিশ্লেষণের মতো বিষয়গুলো ফাউন্ডেশন কোর্সের আওতায় রাখা হয়েছে। কোর কোর্সে আপনি দুর্যোগ মুহূর্তে কীভাবে এগিয়ে আসবেন, কীভাবে মোকাবিলা করবেন, দুর্যোগ-পূর্ব প্রস্তুতিতে আপনার কী করণীয়, ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটুকু ভলান্টিয়ারের মতো বিভিন্ন বিষয় জেনে থাকবেন। ইলেকটিভ কোর্সে সব ধরনের টেকনিক্যাল ও প্রযুক্তিগত বিষয়গুলোর সমন্বয় ঘটেছে।জলবায়ু পরিবর্তন, মানবসৃষ্ট দুর্যোগ, নদীঘটিত দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ প্রতিরোধক বসতি নির্মাণ এবং সঠিকভাবে দুর্যোগ-আক্রান্তদের পুনর্বাসনসহ এ-সম্পর্কিত যাবতীয় বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন এ কোর্সে। ফলে এ স্নাতকোত্তর কোর্স সম্পন্নের পরই দুর্যোগ ব্যবস্থাপক হিসেবে আপনি দেশে-বিদেশে নিজেকে আত্মোৎসর্গ করতে পারেন। যেমন হাইতিতে সংঘটিত ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে পুনর্বাসনের জন্য এ প্রোগ্রামেরই একটি দল ব্র্যাকের শাখা প্রতিষ্ঠান ডিইসিসির সঙ্গে একত্রে কাজ করছে। এ ছাড়া এখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর দেশেই, বিশেষ করে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কাজ করছেন অনেকে।এ ছাড়া ইউএসএআইডি, সেভ দ্য চিলড্রেনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতেও কর্মরত আছেন এখানকার ডিগ্রিধারী ব্যক্তিরা। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমও এখানকার স্নাতকোত্তর ডিগ্রিধারীদের একজন। এমনই যাঁর সাফল্য, তাঁর অগ্রযাত্রা বেগবান হচ্ছে ক্রমশই।এ প্রোগ্রামের শিক্ষক মোহাম্মদ আমিনুর রহমান বলেন, ‘আমাদের মতো দেশে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক গবেষণা হলেও এর তথ্যগুলো সংরক্ষণ সম্ভব হয়ে ওঠে না সঠিকভাবে। একাডেমিক ইনস্টিটিউট হিসেবে এ প্রোগ্রাম যেসব গবেষণা করে আসছে, তা যদি দেশের কাজে লাগানো যায় এবং একটি জ্ঞানভিত্তিক শিক্ষা হিসেবে এর কাঠামোগত উন্নয়ন ঘটানো সম্ভব হয়, তাহলে বিশ্বব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনাকে আমরা অঞ্চলভিত্তিক একটি রূপ দিতে পারব। এমনিভাবেই হয়তো সম্ভব দুর্যোগপ্রবণ এ দেশটির দুর্যোগ মোকাবিলা।’পড়তে যা যা প্রয়োজনযেকোনো বিষয়ে ন্যূনতম তিন বছর বা চার বছরের স্নাতক ডিগ্রি সম্পন্ন অথবা সমমানের ডিপ্লোমা কোর্স করেছেন—এমন যে কেউ আবেদন করতে পারেন এখানে পড়ার জন্য। তবে এ জন্য অবশ্যই সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ ফোরের মধ্যে টু থাকতে হবে। তবে আপনি যদি হন এ খাতে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন, তবে সরাসরি আবেদন করতে পারবেন এখানে। এখানে ভর্তি পরীক্ষা লিখিত ও মৌখিকভাবে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ৮০ ও মৌখিক পরীক্ষায় ২০ নম্বর। আপনি আপনার যোগ্যতা ও মেধা পরিচয় দিতে পারলেই সুযোগ পাবেন এ প্রোগ্রামে অংশগ্রহণ করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার।শুধু যে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান করে যাচ্ছে এই দুর্যোগ ব্যবস্থাপনা প্রোগ্রাম, তা-ই নয়, দেশের বিভিন্ন দুর্যোগ-আক্রান্ত অঞ্চলে, বিশেষ করে আইলা, সিডরে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও পুনর্বাসনে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে সামাজিক দায়িত্বও পালন করেছে তারা। নোয়াখালীতে সাইক্লোন প্রতিরোধক বাড়িঘর নির্মাণেও তাদের রয়েছে বিশাল ভূমিকা। এভাবে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে দেশের দুর্যোগপ্রবণ এলাকার জনসাধারণের খুব কাছাকাছি পৌঁছে গেছে তারা। একদিন হয়তো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাকারী একমাত্র দেশ হিসেবে বাংলাদেশকে পরিচয় করাবে পৃথিবীর কাছে, যেমনটি করেছেন মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টশৃঙ্গে পা রেখে।